এজাহারভুক্ত আসামি নুরুল বিমানবন্দরে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন হত্যা মামলার পাঁচ নম্বর আসামি নুরুল ইসলামকে আটক করা হয়েছে। আজ রোববার দুপুর একটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে। তিনি নরসিংদী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।নুরুল ইসলামের পরিবার দাবি করছে, নুরুল ইসলাম নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানের কাজে গত ১৫ অক্টোবর মালয়েশিয়া যান। এর মধ্যে তাঁকে লোকমান হত্যা মামলার আসামি করা হয়। আদালতে আত্মসমর্পণ করার উদ্দেশ্যেই তিনি আজ দেশে ফিরছিলেন। দুপুরের দিকে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে বলে তাঁরা খবর পেয়েছেন।বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, নুরুল ইসলাম মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বিমানে করে দেশে ফেরেন। বিমানবন্দর পুলিশ আটকের পর দুপুর আড়াইটার দিকে নরসিংদী গোয়েন্দা পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করে।এ ব্যাপারে নরসিংদী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি। তবে জেলা গোয়েন্দা পুলিশের একাধিক সূত্র নুরুল ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বা কাল যেকোনো সময় তাঁকে নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হতে পারে।লোকমান হোসেন গত বছরের ১ নভেম্বর সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ ঘটনায় নিহত লোকমানের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ছোট ভাই সালাহউদ্দিন আহমেদকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করা হয়। এ পর্যন্ত লোকমান হত্যা মামলায় নুরুল ইসলামসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত ১৩ জন এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বিভিন্ন মেয়াদের রিমান্ড শেষে ১৬৪ ধারায় লিখিত জবানবন্দি দিয়েছেন আটজন। গ্রেপ্তার এজাহারভুক্ত ১৩ আসামির মধ্যে ১১ জন এবং বাকি ১০ জনের মধ্যে দুজনসহ মোট ১৩ জন বর্তমানে জামিনে আছেন।