নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তারেক আহমদকে রিমান্ডে নিয়েছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। আজ সোমবার বিকেলে নরসিংদী মুখ্য বিচারিক হাকিম আদালতে তাঁকে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে গোয়েন্দা পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে বিচারক নিতাই চন্দ্র সাহা পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।গতকাল রোববার রাতে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তারেক আহমদকে গ্রেপ্তার করে।লোকমান হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে আটজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।নরসিংদী গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, তারেক আহমদ এ মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি। সৌদি আরবের জেদ্দা থেকে দেশে ফেরার পর গতকাল সন্ধ্যায় হজরত শাহজালাল বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি লোকমান হত্যার দুই দিন আগে ৩০ অক্টোবর দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এ নিয়ে লোকমান হোসেন হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হলো। তাঁরা হলেন শহর যুবলীগের সভাপতি আশরাফ হোসেন সরকার ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নরসিংদী সরকারি কলেজছাত্র সংসদের সাবেক সহসভাপতি তারেক আহমদ।সূত্রটি আরও জানায়, গোয়েন্দা সংস্থা থেকে নরসিংদী পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করা হলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত হালদারের নেতৃত্বে একটি দল বিমানবন্দরে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে আসে। লোকমান হত্যাকাণ্ডে অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবে তারেকের সম্পৃক্ততা রয়েছে।এ ব্যাপারে নরসিংদী পুলিশ সুপার খন্দকার মহিদউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘উপযুক্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আর আমাদের তদন্তে যারই নাম আসুক, তাঁকেই আমরা গ্রেপ্তার করব।’উল্লেখ্য, গত ১ নভেম্বর রাত আটটার দিকে সন্ত্রাসীদের গুলিতে নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন নিহত হন। এ ঘটনায় লোকমানের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে মামলা করেন। মামলায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের ছোট ভাই সালাহউদ্দিন আহমেদকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করা হয়।