নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত ১২ নম্বর আসামি আশরাফুল ইসলাম সরকার ওরফে আশরাফকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে নরসিংদী গোয়েন্দা পুলিশ (ডিবি)। আশরাফ নরসিংদী শহর যুবলীগের সভাপতি ও লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি মতিন সরকারের ছোট ভাই। লোকমান হত্যা মামলার ১৪ জন আসামির মধ্যে এই প্রথম এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে পারল পুলিশ। নরসিংদীর পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন আজ রাতে আশরাফকে গ্রেপ্তার করার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।এর আগে আজ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার লোকমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করার ব্যাপারে দেশবাসীকে ভালো খবর দেওয়ার প্রতিশ্রুতি দেন।ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা রক্ষাবিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকেরা স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে জানতে চান, লোকমান হত্যা মামলার আসামিদের মধ্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের ছোট ভাই সালাউদ্দিন আহমেদসহ তিন আসামি আগাম জামিন চাইতে গতকাল সোমবার হাইকোর্টে গেলেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করেনি কেন? তখন আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি নিয়ে সাংবাদিকদের বলেন, ‘নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের বিষয়ে শিগগিরই দেশবাসীকে ভালো খবর দিতে পারব। আসামিদের ধরার যথাসাধ্য চেষ্টা চলছে।’ আইজিপি বলেন, ‘সময়ের অভাবে ও কৌশলগত কারণে অনেক সময় আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয় না।’পুলিশের খাতায় পলাতক সালাউদ্দিন, মন্ত্রী রাজিউদ্দিনের সহকারী একান্ত সচিব মাসুদুর রহমান ও নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি মন্তাজউদ্দিন ভূঁইয়া গতকাল হাইকোর্টে গেলেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করেনি।