এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত ১২ নম্বর আসামি আশরাফুল ইসলাম সরকার ওরফে আশরাফকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ঢাকার খিলগাঁও থেকে তাঁকে গ্রেপ্তার করে নরসিংদীর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আশরাফ নরসিংদী শহর যুবলীগের সভাপতি ও লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মতিন সরকারের ছোট ভাই। লোকমান হত্যা মামলার ১৪ জন আসামির মধ্যে এই প্রথম এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে পারল পুলিশ। নরসিংদীর পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন গতকাল রাতে আশরাফকে গ্রেপ্তার করার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।এর আগে গতকাল পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার লোকমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করার ব্যাপারে দেশবাসীকে ভালো খবর দেওয়ার প্রতিশ্রুতি দেন।গতকাল ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা রক্ষাবিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকেরা স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে জানতে চান, লোকমান হত্যা মামলার আসামিদের মধ্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের ছোট ভাই সালাউদ্দিন আহমেদসহ তিন আসামি আগাম জামিন চাইতে সোমবার হাইকোর্টে গেলেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করেনি কেন? তখন আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি নিয়ে সাংবাদিকদের বলেন, ‘নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের বিষয়ে শিগগিরই দেশবাসীকে ভালো খবর দিতে পারব। আসামিদের ধরার যথাসাধ্য চেষ্টা চলছে।’ আইজিপি বলেন, ‘সময়ের অভাবে ও কৌশলগত কারণে অনেক সময় আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয় না।’পুলিশের খাতায় পলাতক সালাউদ্দিন, মন্ত্রী রাজিউদ্দিনের সহকারী একান্ত সচিব মাসুদুর রহমান ও নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি মন্তাজউদ্দিন ভূঁইয়া গত সোমবার হাইকোর্টে গেলেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করেনি।গতকালের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্রসচিব মনজুর হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে আইজিপির কাছে প্রশ্ন করা হয়, আসামি সালাউদ্দিনের বড় ভাই মন্ত্রী বলে পুলিশ তাঁকে গ্রেপ্তারে দেরি করছে কি না। জবাবে আইজিপি বলেন, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় লোকমান হত্যা মামলার তদন্তে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। সুষ্ঠু তদন্তের জন্য গ্রেপ্তার একটি চলমান প্রক্রিয়া। সরকারের পক্ষ থেকে কাউকে গ্রেপ্তার না করার নির্দেশনা নেই। পুলিশ স্বাধীন ও নিরপেক্ষভাবেই তদন্ত করছে। সত্য উদ্ঘাটন করাই হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লক্ষ্য।বৈঠকে লোকমান হত্যা মামলা নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, বৈঠকের পূর্বনির্ধারিত বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।গত ১ নভেম্বর রাতে নরসিংদী আওয়ামী লীগের কার্যালয়ে মুখোশধারীদের গুলিতে নিহত হন শহর কমিটির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন। এই ঘটনায় মন্ত্রী রাজিউদ্দিনের ছোট ভাই সালাউদ্দিনসহ ১৪ জনকে আসামি করে মামলা করেন নিহত লোকমানের ছোট ভাই কামরুজ্জামান।সড়ক দুর্ঘটনা প্রতিরোধে টাস্কফোর্স গঠিত হবে: বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে টাস্কফোর্স গঠন করা হবে। এ টাস্কফোর্স সারা দেশে মনিটরিং করবে। এ ছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি গণসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবেশী দেশের সীমান্ত থেকে ফেনসিডিলের কারখানা সরাতে সচিব পর্যায়ে বৈঠক হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।টিপন ও সেলিম মুখ খুলছেন না: লোকমান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া কাজী মাসুদুর রহমান টিপন ওরফে পংকা ও মো. সেলিমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে নরসিংদী গোয়েন্দা পুলিশ। তবে হত্যার ব্যাপারে তাঁরা মুখ খুলছেন না বলে পুলিশ জানিয়েছে।লোকমান হত্যার দিন ঘটনাস্থলের কিছু দূর থেকে উদ্ধার করা একটি মোটরসাইকেলের সূত্র ধরে গাজীপুরের টঙ্গী থেকে প্রথমে সেলিমকে গ্রেপ্তার করা হয়। পরে সেলিমের স্বীকারোক্তি অনুযায়ী টিপনকে গ্রেপ্তার করা হয় গোপালগঞ্জের গোপীনাথপুর থেকে। সেলিম লোকমান হত্যা মামলার ৩ নম্বর আসামি মোবারক হোসেনের ভাইয়ের মেয়ের জামাই।নরসিংদী পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সেলিমকে জিজ্ঞাসাবাদ করার আরও এক দিন বাকি আছে। টিপনকে আরও ছয় দিন জিজ্ঞাসাবাদ করা হবে। টিপন একাধিক হত্যা মামলার আসামি। আশা করছি, টিপনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া গেছে, টিপন ও সেলিম লোকমান হত্যার সঙ্গে জড়িত।’পুলিশ সুপার মহিদ উদ্দিন বলেন, ‘এজাহারকে সামনে রেখে আমরা এগোচ্ছি। তবে এজাহারের বাইরেও খুনি থাকতে পারে। তদন্তে যাদের মনে হবে হত্যার সঙ্গে জড়িত তাদেরই গ্রেপ্তার করা হবে।’এজাহারভুক্ত আসামিদের ধরতে ওপর মহলের চাপের ব্যাপারে পুলিশ সুপার বলেন, ‘আসামি না ধরার ব্যাপারে চাপ নেই, বরং ধরার ব্যাপারে চাপ আছে।’ তাহলে ধরছেন না কেন—এই প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, ‘দেখুন, লোকমান হত্যাকাণ্ডটি একটি পরিকল্পিত হত্যা। পরিকল্পিত হত্যা পরিকল্পনা নিয়ে তদন্ত করতে হয়।’ আজ নরসিংদী পৌরবাসীর সভা: লোকমান হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ বুধবার বিকেলে সমাবেশ ডেকেছে নরসিংদী পৌরবাসী। শহরের সেবাসংঘ চত্বরে এই সমাবেশ হবে।