এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ হাফিজের, নূরনবীর প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, বদরপুর, কামলা, ফরাশগঞ্জ, চর ভূতা, দেবীরচর, সেনের হাওলা—এসব ইউনিয়নের অধিকাংশ কেন্দ্রে বিএনপির নির্বাচনী এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। তিনি এ উপনির্বাচনকে একটি প্রহসনের নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন। আজ শনিবার সকালে লালমোহন হাইস্কুলে ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।তবে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী নূরনবী চৌধুরী অভিযোগটা প্রত্যাখ্যান করেছেন। তিনি সকালে লালমোহন হাইস্কুল ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, হাফিজউদ্দিনের অভিযোগ ঠিক নয়। তিনি ওই সব কেন্দ্র পরিদর্শন করেছেন এবং সেখানে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। নূরনবীর প্রধান নির্বাচনী সমন্বয়ক তোফায়েল আহমেদও হাফিজউদ্দিনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। এদিকে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সকাল আটটা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। সকাল থেকেই লালমোহন সদর উপজেলার ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ করার মতো।লালমোহন উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির ভোটাররা ভোট দিতে পারছেন না বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ অস্বীকার করা হয়েছে। বদরপুর ইউনিয়নের আটটি ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, বিএনপির কোনো এজেন্ট নেই। আওয়ামী লীগ সমর্থিতরা তাদের বের করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া লালমোহন মহিলা কলেজ ভোটকেন্দ্রে বিএনপির এজেন্ট লোকমানসহ তিনজনকে বের করে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।