এজেন্টদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে: আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াত্ আইভী। আজ রোববার সকাল সোয়া নয়টায় আইভী নগরের দেওভোগে তাঁর বাড়ির পাশে শিশুবাগ বিদ্যালয়ে ভোট দেন। এরপর তিনি নগরের তোলারাম কলেজসহ সিদ্ধিরগঞ্জ ও বন্দর এলাকাসহ বেশকিছু কেন্দ্র ঘুরে দেখেন।সকালে ভোট দেওয়ার পরপরই আইভী সাংবাদিকদের বলেন, ‘তোলারাম কলেজসহ সিদ্ধিরগঞ্জের বেশ কিছু কেন্দ্রে আমার কোনো পোলিং এজেন্ট নেই। আমার এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।’ তবে এতে বিচলিত নন উল্লেখ করে তিনি বলেন, ‘নানা প্রতিকূলতা থাকলেও মনে করি আমার জয় সুনিশ্চিত।’ তিনি বলেন, নির্বাচন সম্পন্ন করা সরকারের কর্মকর্তাদের দায়িত্ব। প্রিসাইডিং কর্মকর্তারা আছেন, তাঁরা সবকিছু দেখবেন।আইভী আরও বলেন, ‘আমি কারও আনুকূল্য চাই না। তবে সরকারি কাজ ঠিকমতো পালন না হলে সরকারেরই ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।’তবে শেষ মুহূর্তে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকারের প্রার্থিতা প্রত্যাহার নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নে কোনো মন্তব্য করতে রাজি হননি আইভী।জাল ভোটের অভিযোগ: সিদ্ধিরগঞ্জের মিজিমিজি আনন্দলোক উচ্চ বিদ্যালয়কেন্দ্রের ভোটার জাহিদুল ইসলাম (ভোটার নম্বর: ৮২৭০) সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, তিনি ভোট দিতে পারেননি। কারণ, অন্য কেউ তাঁর ভোট আগেই দিয়ে দিয়েছেন।এজেন্ট শূন্য: সিদ্ধিরগঞ্জের বিভিন্ন কেন্দ্র ঘুরে আমাদের প্রতিবেদকেরা জানান, নয়টি কেন্দ্রে দোয়াত-কলম প্রতীক নিয়ে লড়াই করা মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াত্ আইভীর কোনো এজেন্ট দেখা যায়নি।কেন্দ্রগুলো হলো আইইটি উচ্চবিদ্যালয়, নূরজাহান আইডিয়াল ইনস্টিটিউট, হাজি শামসুদ্দিন উচ্চবিদ্যালয়, বাতানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিজিমিজি ফাজিল মাদ্রাসার দুটি কেন্দ্র ও সিদ্ধিরগঞ্জ ১ নম্বর ওয়ার্ডের পাইনাদি রেসমত আলী উচ্চবিদ্যালয়ের তিনটি কেন্দ্র। তবে ২ নম্বর ওয়ার্ডের মিজিমিজি আনন্দলোক উচ্চবিদ্যালয় কেন্দ্রে আইভীর এজেন্টদের দেখা গেছে। পাইনাদি রেসমত আলী উচ্চবিদ্যালয়ের ১ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘সবার এজেন্ট এসেছে। কিন্তু ভোটকক্ষে গিয়ে শামীম ওসমান ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্টকে দেখা যায়নি।’৩ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন, ‘কার এজেন্ট এসেছে, কার এজেন্ট আসেনি সেটা আমি জানি না।’