এজেন্ডা বাস্তবায়নের বিচার বিএনপি চায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম বলেছেন, ‘চল্লিশ বছর পর আজ মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে। সে বিচার প্রশ্নবিদ্ধ না হোক, কোনো দলের এজেন্ডা বাস্তবায়নে না হোক; তা চায় বিএনপি।’আজ সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক আলোচনা সভায় তরিকুল এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।তরিকুল ইসলাম বলেন, ‘আজকে মানবতাবিরোধী অপরাধের যে বিচার হচ্ছে, রণাঙ্গনের মুক্তিযোদ্ধার দল বিএনপি তা পূর্ণভাবে সমর্থন করে। কিন্তু সঙ্গে সঙ্গে এ বিচার স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হোক, সেটা আমরা প্রত্যাশা করি।’বিএনপির এই নেতা বলেন, ‘আজ মেয়েরা লাঞ্ছিত হচ্ছে, নারীর সম্ভ্রম রক্ষার উপায় নেই। টেন্ডারবাজের কাছে অসহায়ের মতো মৃত্যু হচ্ছে ছোট্ট শিশুর, নদী দখল হচ্ছে, দেশ দুর্নীতিবাজ হিসেবে বিশ্বে পরিচিতি পাচ্ছে। এর থেকে মুক্তি পেতে হলে এই সরকারের পতন ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই।’সরকারকে দ্রুত পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তরিকুল। তিনি বলেন, ‘একদলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে ক্ষমতায় আসার যে স্বপ্ন দেখেন, সে স্বপ্ন কখনো পূরণ হবে না। বিএনপি তা কখনো পূরণ হতে দেবে না।’ শ্রমিক দলের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শ্রমিক দলের কার্যকরী সভাপতি আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক জাফরুল হাসান প্রমুখ।শিশু রাব্বি হত্যার নিন্দা বিএনপির: সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীদের গুলিতে শিশু রাব্বি হত্যার নিন্দা জানান। ছাত্রলীগের নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘এঁরা মানবসন্তান কি না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অথচ, সরকার নির্বিকার।’আগামী বুধবার সারা দেশে ১৮-দলীয় জোটের দিনব্যাপী গণসংযোগ ও প্রচারপত্র বিলি কর্মসূচি উপলক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়। সরকারের দুর্নীতি ও দুঃশাসনের প্রতিবাদে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির ৭৫টি সাংগঠনিক জেলায় এ কর্মসূচি পালন করা হবে। সংবাদ সম্মেলনে এ কর্মসূচির জন্য জেলাভিত্তিক দায়িত্ব পাওয়া নেতাদের তালিকা প্রকাশ করা হয়।