চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে গতকাল বুধবার রাতে বার্সেলোনার কাছে ১-০ গোলে হেরে গেলেও গোল পার্থক্যে ফাইনাল নিশ্চিত হয়েছে ইন্টার মিলানের। প্রথম লেগে ইন্টার বার্সেলোনাকে নিজেদের মাঠে হারিয়েছিল ৩-১ গোলে। এই গোল পার্থক্যই ব্যবধান গড়ে ইন্টারকে নিয়ে গেছে আরও একটি সাফল্যের দ্বারপ্রান্তে। সেমিফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ওঠাটাকে তাই দারুণভাবে উদযাপন করছেন কোচ হোসে মারিনহো। তিনি এই জয়কে তাঁর ক্যারিয়ারের শ্রেষ্ঠ জয় হিসেবে অভিহিত করেছেন। আর বার্সা কোচ গার্দিওলার দৃষ্টিতে বার্সেলোনার এই পরাজয় তাঁর ক্যারিয়ারের সবচেয়ে নিকৃষ্ট পরাজয়। আগামী ২২ মে রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠেয় ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে মরিনহোর ইন্টার।নব্বইয়ের দশকে বার্সার হয়ে দায়িত্ব পালন করেছেন মরিনহো। দীর্ঘ ক্যারিয়ারে অর্জন একেবারে কম নয়। ২০০৪ সালে পোর্তোকে এনে দিয়েছেন চ্যাম্পিয়নস লিগের শিরোপা। তবে সেই শিরোপার চেয়েও এবার ইন্টারকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠাকে বড় করে দেখছেন এই পর্তুগিজ কোচ। তিনি বলছেন, ‘৩৮ বছর পর ফাইনালে উঠেছে ইন্টার। এটা তরুণদের নিয়ে গড়া দল নয় যে ফাইনালে ওঠার জন্য আরও ১৫ বছর অপেক্ষা করা যায়। এ ছাড়া আগামী দশটি প্রতিযোগিতায় এ সুযোগ ইন্টারের নাও আসতে পারত। তাই খেলোয়াড়, সমর্থক ও আমার জন্য এ জয় সর্বশ্রেষ্ঠ।’অবিশ্বাস্য একটা জয় এসেছে উল্লেখ করে মরিনহো বলেন, ‘ফুটবলাররা যা করেছেন তা বেশ কঠিন ছিল। এখন আমাদের উত্সবের সময় এসে গেছে। এ জয় সবার। এ জয় ইন্টার সমর্থকদের।’ এত উচ্ছ্বাসের মধ্যেও ফাইনালে উঠেই ইন্টার সব পেয়ে গেছে এমনটা মনে করছেন না মরিনহো। ফাইনালে বায়ার্নকে হারিয়ে ইন্টার শিরোপা ছিনিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কৌশলী এই কোচ।ইন্টারের কাছে হারকে ক্যারিয়ারে শ্রেষ্ঠ হার হিসেবে উল্লেখ করে বার্সেলোনার কোচ পেপ গার্দিওলা বলছেন, ‘ইন্টারকে এ জয়ের জন্য শুভেচ্ছা। তাদের জন্য শুভকামনা রইল। তারা বেশ রক্ষণাত্মক খেলা খেলেছে। যেকোনো দল তাদের ইচ্ছামতো এটা করতেই পারে। ভালো খেলেই তারা আমাদের হারিয়েছে।’