তিন দিন পর ঘরে ফিরেছে ছয় বছরের শিশু পরাগ মণ্ডল। ওদের বাসায় আজ তাই খুশির বন্যা। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়া কালীবাড়ি এলাকায় পরাগদের বাড়িতে স্বজন ও প্রতিবেশিদের ভিড়। ভিড় অনেক শুভাকাঙ্ক্ষীরও। তাদের চোখে জমে থাকা বেদনার মেঘ এখন আনন্দের অশ্রু হয়ে ঝরছে। ছেলেকে ফিরে পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে পরাগের বাবা বিমল মণ্ডল বলেন, ‘যেভাবে হোক, আমার ছেলেকে ফিরে পেয়েছি। এটা আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া। এ জন্য আমি প্রশাসন ও মিডিয়ার কাছে কৃতজ্ঞ।’পরাগের দাদি সাবিত্রী মণ্ডল বলেন, ‘টাকা গেছে, এতে দুঃখ নেই; বড় কথা হলো, নাতি ফিরে এসেছে।’ তিনি বলেন, ‘সন্ত্রাসীরা আমার নাতিকে টাকার জন্য অপহরণ করেছিল। পরাগকে অপহরণ না করে আমাদের কাছে টাকা চাইত, আমরা লুকিয়ে দিয়ে আসতাম। তারা টাকাও নিয়ে গেল, আর আমার নাতিকেও আহত করল। সবচেয়ে বড় কথা, আমার নাতিকে আমি ফিরে পেয়েছি। এর চেয়ে বড় আনন্দ আর নাই।’ কীভাবে ভাইকে নিয়ে কালীপূজার আনন্দ করবে—এখন সেই পরিকল্পনায় ব্যস্ত পরাগের বোনেরা। বড় বোন পিনাকি মণ্ডল বলেছে, ‘ভাইকে ফিরে পেয়েছি। আজ তাকে নিয়ে পূজার আনন্দ করব, আতশবাজি ফোটাব।’পরাগের উদ্ধার হওয়ার সংবাদ পেয়ে গতকাল রাতেই কেরানীগঞ্জের বিভিন্ন এলাকার শত শত নারী-পুরুষ তাকে দেখতে তাদের বাসায় ভিড় জমায়। আজ বেলা যত বাড়তে থাকে, ভিড়ও বাড়তে থাকে। পরাগের ফুপু বীণা সরকার বলেন, ‘গতকাল মঙ্গলবার দীপাবলি ও কালীপূজা শুরু হয়েছে। পরাগ অপহূত হওয়ার পর আমরা খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিলাম। পূজার আয়োজন করতে পারিনি। পরিবারের সবাইকে নিয়ে আজ কালীপূজা ও আনন্দ করব।’