এটা কী হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবরের কাগজে শেষ পৃষ্ঠার শিরোনাম ছিল এ রকম: ‘দিল্লি এয়ারপোর্টে প্লেন বিধ্বস্ত! বেঁচে গেলেন দুই তারকা অভিনেতা—পাইলটের মর্মান্তিক মৃত্যু!’ওই দুর্ঘটনার পর অসম্ভব নাটকীয় এবং চরম অবিশ্বাস্য একটা পরিবর্তন ঘটল আমার জীবনে। আমি বুঝি যে ও রকম একটা ভয়ংকর প্লেন অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাওয়ার পর এটা ভাবা বোকামি যে সব সেই আগের মতো থাকবে। কিন্তু আমাকে যে বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো, আমি জোর দিয়ে বলছি, সেটা কারও কল্পনায় আগে কখনো আসেনি।আমার নাম নাহিদ, নাহিদ নওশাদ। কাগজের হেডিংয়ে যে দুজন অভিনেতার কথা বলা হয়েছে, আমি তাঁদের একজন। দশ-বারো বছর কঠিন পরিশ্রম করে বাংলাদেশের সিনেমা জগতে বেশ ভালো একটা জায়গা করে নিয়েছি, গড় হিসাবে বছরে অন্তত গোটা তিনেক বক্স অফিস হিট করা ছবির নায়ক আমি। প্লেনটা বিধ্বস্ত হওয়ার সময় আমার সঙ্গে দ্বিতীয় যে ব্যক্তি ছিলেন, তিনি বলিউডের একজন নামকরা অভিনেতা এবং পরিচালক, অর্জুন সিন্ধিয়া। অর্জুন বড় বাজেটের একটা ছবি করছেন, আমি সেই ছবির অন্যতম নায়ক। ছবিটায় নায়ক দুজন, প্রথমজন অভিষেক। অর্জুন আমার পাঁচ-সাত বছরের পুরোনো বন্ধু, প্রায়ই আমাদের দেখা-সাক্ষাৎ হয়। শাহবাগের গণজাগরণ মঞ্চ আন্তর্জাতিক আদল পাওয়ার পর সংহতি প্রকাশ করার জন্য ঢাকায় এসেছিলেন তিনি, ফেরার সময় আমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন।অর্জুনের প্রাইভেট প্লেন পাইপার সেনেকা থ্রিতে চেপে ঢাকা থেকে দিল্লি যাচ্ছি আমরা, আতঙ্কটা শুরু হলো দিল্লি এয়ারপোর্টের মাথায় পৌঁছানোর পর। এয়ারপোর্ট থেকে আমাদের সরাসরি জয়পুরে যাওয়ার কথা হয়ে আছে, রাজস্থানের মরুভূমিতে একটানা দেড় মাস শুটিং করতে হবে। এটাই আমার প্রথম কোনো বলিউড ছবিতে অভিনয়, কাজেই আমি খুব উত্তেজিত। অর্জুন ঠিক উত্তেজিত নন, আমি বলব উদ্বিগ্ন, কারণ বড় বাজেটের একটা ছবিতে ভারতীয় দর্শকের কাছে সম্পূর্ণ অপরিচিত একজন বাঙালি নায়ককে হাজির করে বিরাট ঝুঁকি নিতে যাচ্ছেন তিনি। নিজের উদ্বেগ গোপন করার জন্য খানিক পর পর বলিউডের উঠতি নায়িকা প্রযুক্তা কাপুরের প্রসঙ্গ তুলছেন, মেয়েটা নাকি তাঁর হাত থেকে পিছলে বেরিয়ে গেছে।আমাদের সঙ্গে পাইলট যশোধর রামপাল ছাড়া আর কেউ নেই। অসম্ভব হাসিখুশি মানুষ রামপাল। তিনি আমাকে বহুবার ঢাকা থেকে মুম্বাইয়ে নিয়ে গেছেন, আবার ঢাকায় পৌঁছে দিয়েছেন, কখনো বিপজ্জনক কিছু ঘটেনি। তাঁর ওপর অঢেল আস্থা অর্জুনের, সেই সূত্রে আমারও।নিখুঁত টেক-অফ, সুষ্ঠু-সাবলীল ফ্লাইট, এমনকি বাতাসের বেয়াড়া বেমক্কা স্রোতও আজ যেন ছুটি নিয়েছে। তারপর বিনা নোটিশে—আমরা তখন দিল্লি এয়ারপোর্টের মাথার কাছে পৌঁছে গেছি—অকস্মাৎ নাক নিচু করে গোত্তা খাওয়ার ঢঙে খসে পড়তে শুরু করল পাইপার সেনেকা থ্রি, ঠিক যখন আমাদের টার্গেট হওয়া উচিত রানওয়ে।আমি আর অর্জুন নিখাদ আতঙ্কে চিৎকার করছি। এখানে বলে রাখি, সত্যিকার একটা চিৎকার, সিনেমায় যেমনটি দেখা যায়, তার চেয়ে অনেক বেশি রোমহর্ষক, আর সেটা আপনাকে বুঝতে সাহায্য করবে এ ধরনের একটা ভাবাবেগ বড় পর্দায় প্রকাশ করা কি রকম কঠিন। প্লেনের প্রায় খাড়া পতন আমাদের দুজনকে মেঝের দিকে ছুড়ে দিল, একটা স্তূপের আকৃতি নিয়ে পড়লাম আমরা, শক্ত আলিঙ্গনে পরস্পরকে আঁকড়ে ধরে আছি।‘যশোধর, কী ঘটছে?’ ফুঁপিয়ে উঠলেন অর্জুন, কিন্তু ককপিট থেকে পাইলটের কোনো সাড়া পাওয়া গেল না। এরপর আমাকে লক্ষ করে তিনি বললেন, ‘আমরা মারা যাচ্ছি, নাহিদ, আমরা মারা যাচ্ছি।’আমার জবান বন্ধ, কোনো আওয়াজ বেরোচ্ছে না।মাটি ছুঁতে প্লেনটার যেন অনন্তকাল লেগে গেল। এই সংঘর্ষের বর্ণনা দেওয়া কঠিন। দেয়ালের গায়ে গা ঠেকিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে আপনাকে, ছুটে এসে মাথা দিয়ে গুঁতো মারল বন্য এক প্রকাণ্ড গন্ডার। খুব ব্যথা পাবেন, তাই না? এটাকে এক শ গুণ...না...এক হাজার গুণ বাড়িয়ে নিন, তাহলে হয়তো একটা ধারণা পেতে পারেন। দেখলাম, রানওয়ের একপাশে ল্যান্ড করছি আমরা। কীভাবে বলতে পারব না, নিশ্চয়ই অলৌকিক কিছু হবে, দুজনেই বেঁচে গেলাম। সংঘর্ষের কারণে নির্ঘাৎ জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, কারণ এরপর কী ঘটেছে মনে করতে পারি না, জেনেছি অর্জুনের মুখ থেকে। অর্জুনের ভাগ্য আমার চেয়ে ভালো বলতে হবে, তার শুধু বাঁ হাত ইঞ্চি তিনেক কেটে গেছে, তা-ও গভীর কিছু নয়। প্লেনের ফিউজিলাজে বড় একটা গর্ত তৈরি হয়, হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে আসেন তিনি, তারপর আমাকেও টেনেহিঁচড়ে নিরাপদ দূরত্বে সরিয়ে আনেন—ওপরঅলা তাঁর মঙ্গল করুন। শুধু তাই নয়, আমার এই অসম সাহসী বন্ধু তাঁর পাইলট রামপালকেও উদ্ধারের চেষ্টা করেছেন, কিন্তু ককপিটের ভেতর দ্রুত একটা আগুন ছড়িয়ে পড়ছিল, প্রচণ্ড উত্তাপে হাতের লোম আর মাথার চুল পুড়ে যাচ্ছিল, ধোঁয়ার ভেতর দিয়ে তাঁর কাছে পৌঁছাতে পারেননি।এরপর আমি যেটা সত্যি সত্যি স্মরণ করতে পারি, অ্যাম্বুলেন্সে শুয়ে আছি, সাইরেন বাজিয়ে হাসপাতালের দিকে ছুটছে সেটা, কেউ একজন আমাকে বলল, ‘আপনি সত্যি খুব ভাগ্যবান।’ আমার শুধু ডান হাত ভেঙেছে আর কাঁধের হাড় সরে গেছে। ব্যস, আর কোনো ক্ষতি হয়নি।পরদিন কয়েকজন চিকিৎসক পরীক্ষা করলেন আমাকে। একের পর এক অনেক প্রশ্ন করলেন তাঁরা, সব ঠিকঠাক আছে কি না, নিশ্চিত হওয়ার জন্য কয়েকটা টেস্টও করা হলো। সব শেষে তাঁরা উপসংহারে পৌঁছালেন: ভাঙা হাত আর স্থানচ্যুত কাঁধ ছাড়া অন্য কোনো শারীরিক ক্ষতি আমার হয়নি।তখন বুঝিনি যে এটা কত বড় ভুল!দুর্ঘটনার দুই দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলাম। ভয় লাগছিল, বাইরে পাপারাজ্জিরা ঝামেলা করবে, কিন্তু ওদের কারও টিকিটি পর্যন্ত দেখতে পেলাম না। কোথাকার কোন বাংলাদেশি নায়ক সম্পর্কে খবর রাখতে বয়েই গেছে দিল্লি প্রেসের। অস্বীকার করব না, মন একটু খারাপ হয়ে গেল। তারপর, ট্যাক্সিতে ওঠার সময় একজন সাংবাদিককে ছুটে আসতে দেখলাম, সঙ্গে একজন ফটোগ্রাফার। কিছু প্রশ্ন করা হলো আমাকে। বললাম, নতুন করে কিছু বলার নেই আমার। মন্তব্য করলাম, পাইলট যশোধর রামপালকে হিরো হিসেবে দেখা উচিত, কারণ রানওয়ের পাশে প্রায় সমতল একটা বিস্তৃতিতে ল্যান্ড করতে পেরেছিলেন তিনি এবং পাইপারকে খাড়া গোঁত্তা খাওয়ার ঢঙে নিচে না নামিয়ে আমাদের দুজনকে প্রাণে বাঁচিয়ে দিয়ে গেছেন (প্রত্যক্ষদর্শীরা রিপোর্ট করেছে: সংঘর্ষের ঠিক আগমুহূর্তে পাইলট প্লেনটাকে প্রায় সিধে করে এনেছিলেন)। আরও বললাম, প্লেনটা কেন বিধ্বস্ত হলো জানার জন্য তদন্ত চলছে, পাইলট যশোধর রামপালের কয়লা হয়ে যাওয়া দেহের ময়নাতদন্তও করা হবে—প্লেন চালানোর সময় কিছু ঘটেছিল কি না, নিশ্চিত হওয়ার জন্য। এরপর আমি ট্যাক্সি নিয়ে শহরতলির দিকে চলে যাই, ওদিকের থ্রি স্টার এক হোটেলে আগেই আমার জন্য ফার্স্টক্লাস রুম বুক করা হয়েছে।হোটেলে উঠে মনে হলো দুর্ঘটনার পর এই প্রথম একা হতে পেরেছি। দেশে যাঁরা আমার ঘনিষ্ঠ আপনজন বা ভক্ত আছেন, তাঁদের আশ্বস্ত করা হয়েছে, আমি ভালো আছি, দয়া করে কেউ বিরক্ত করবেন না। একটা ইজি চেয়ারে বসে মৃদু দোল খাচ্ছি, সেলফোন বন্ধ, মাঝেমধ্যে নিচু টেবিল থেকে তুলে চুমুক দিচ্ছি কফির কাপে, স্মরণ করছি দুই দিন আগের সেই আতঙ্কময় মুহূর্তগুলো। ঠিক এ সময় আমার নাকের ভেতর দিকটা সুড়সুড় করে উঠল। পরিচিত একটা অনুভূতি, হাঁচি হবে। ওটাকে আমি ঠেকানোর চেষ্টা করলাম—কিন্তু আমি না, এই যুদ্ধে আমার নাক জিতে যাচ্ছে...হ্যাঁচ্চো-ও-ও-ও!মনে আছে, হাঁচি দেওয়ার পর চোখ খুলে ভাবলাম, ‘ওরেব্বাস, কী বিরাট!’ তখনো বুঝিনি যে আমি আর নিজের হোটেলের কামরায় উপস্থিত নেই। আমি ফিরে এসেছি অর্জুন সিন্ধিয়ার প্রাইভেট পাইপার সেনেকা জেট প্লেনে।এখানে অর্জুনও রয়েছেন, আগের মতোই খেদ প্রকাশের সুরে বলছেন, উঠতি নায়িকা প্রযুক্তা কাপুর তাঁর ইঙ্গিত-ইশারা না বোঝার ভান করে অপমান করেছেন তাঁকে—আমাদের প্লেন দুর্ঘটনায় পড়ার ঠিক আগে যে কথাগুলো বলতে শুনেছিলাম। তার পরই দেখলাম প্লেনটা আত্মবিধ্বংসী ভঙ্গিতে খাড়াভাবে গোঁত্তা খাচ্ছে, আমি আর অর্জুন ছিটকে পড়লাম মেঝেতে, পরস্পরকে জড়িয়ে ধরে চিৎকার করছি।‘যশোধর, কী ঘটছে?’ ফুঁপিয়ে উঠলেন অর্জুন, কিন্তু ককপিট থেকে পাইলটের কোনো সাড়া না পেয়ে আমাকে লক্ষ করে বললেন, ‘আমরা মারা যাচ্ছি, নাহিদ, আমরা মারা যাচ্ছি।’কীভাবে জানি না, তবে এটা পরিষ্কার যে আতঙ্কময় সেই মুহূর্তগুলোয় ফিরে গেছি আমি। প্রতিটি ঘটনা ঘটে চলেছে ঠিক প্রথমবার ওগুলোকে যেভাবে ঘটতে দেখেছি, হুবহু সেভাবে। চিৎকার, আর্তনাদ, চোখের পানি, ভয়—সবকিছু, অনন্তকাল অপেক্ষার পর একেবারে সেই সংঘর্ষ পর্যন্ত, আর তারপর...আমি আমার হোটেলের কামরায় বসে আছি।এই মাত্র যা ঘটে গেল, তা আমার বিশ্বাস হতে চাইছে না। আমি কি স্বপ্ন দেখলাম, কিংবা পুরো ব্যাপারটা কল্পনা করলাম? হতে পারে গত কদিনের ধকলই আমাকে অতটা বিশদভাবে পুরো ঘটনা স্মরণ করিয়ে দেওয়ার কারণ তৈরি করেছে কিংবা আমি হ্যালুসিনেশনের শিকার হয়েছি। এখনো আমি প্রচণ্ড নার্ভাস হয়ে আছি, নিজেকে বললাম, এ রকম ঘটার বোধ হয় সেটাই কারণ। ভাবলাম, পেটে দু-এক ঢোক জিনিস পড়লে আশা করা যায় সব ঠিক হয়ে যাবে। চেয়ার ছেড়ে কামরার ড্রিংক কেবিনেটের দিকে এগোলাম। একটা গ্লাসে খানিকটা হুইস্কি ঢেলে ফিরে এলাম আগের জায়গায়। কিছু না, প্রচণ্ড ঝাঁকি লাগার ফল। এই হুইস্কি স্নায়ুগুলোকে শক্ত করে তুলবে।তারপর, হয়তো ঘণ্টা দুয়েক পার হয়েছে, আমি তখন শাওয়ার নিচ্ছি, আমার নাক আবার সড়সড় করে উঠল...হ্যাঁচ্চো-ও-ও-ও!ব্যাপারটা আবার ঘটল। আমি অর্জুনের প্লেনে। অভিনেত্রী প্রযুক্তার নিন্দা করছেন তিনি। পরমুহূর্তে দেখলাম অবিশ্বাস্য গতিতে জমিনের দিকে নেমে যাচ্ছি আমরা। এবং আবারও, সংঘর্ষের পর, নিজেকে আবিষ্কার করলাম হোটেলে, বাথরুমে দাঁড়িয়ে শাওয়ারের পানিতে ভিজছি। উঁহু, আমি স্বপ্ন দেখিনি, খোলা শাওয়ারের নিচে দাঁড়িয়ে তা কেউ কখনো দেখে না। কী ঘটছে তাহলে? আমি কি পাগল হয়ে যাচ্ছি?পরবর্তী কদিন এই ব্যাপারটা মাঝেমধ্যেই ঘটতে লাগল। যতবার, যখনই হাঁচি দিই, সঙ্গে সঙ্গে নিজেকে আমি ফ্লাইট নম্বর ৬৬৬-এ দেখতে পাই, সোজা নরকে নেমে যাচ্ছি।কেউ একজন আমাকে একবার হাঁচির শক্তি সম্পর্কে ধারণা দিতে গিয়ে একটা কথা বলেছিল: আপনি যদি চোখের পাতা খোলা রেখে হাঁচি দিতে সমর্থ হন, কোটর থেকে ছিটকে বেরিয়ে আসবে আপনার চোখ।কথাটা কি সত্যি? আমি জানি না। তবে হাঁচির অলৌকিক ক্ষমতার ওপর বিশ্বাস রাখতে আমাকে বাধ্য করা হচ্ছে। হয়তো মাটির ওপর প্লেনটা অবিশ্বাস্য শক্তিতে আছড়ে পড়ার কারণে আমার শরীরে কোনো ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং অদৃশ্য কোনো পরিবর্তন ঘটে গেছে এবং তারই ফলশ্রুতিতে হাঁচি দিলে নির্দিষ্ট ওই অতীতে ফিরে যাচ্ছি আমি। বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না? ব্যাখ্যা করুন কেন। তবে দয়া করে মনে রাখতে বলি, দুনিয়ার বুকে বিস্ময়কর বহু জিনিস আছে, তার কিছু আপনি যেমনটি মনে করেন, তার চেয়ে আপনার অনেক কাছে রয়েছে। আমার দাদি বা নানিকে তাঁদের ছেলেবেলায় কেউ যদি বলত যে খুদে কম্পিউটার চিপে গোটা একটা লাইব্রেরির সমস্ত তথ্য সংরক্ষণ করা যাবে কিংবা চাঁদে একসময় হাঁটাহাঁটি করবে মানুষ, হেসেই তাঁরা খুন হয়ে যেতেন। কাজেই, তাজ্জব করা বিষয়গুলোকে আমরা যদি স্বাভাবিক বলে গ্রহণ করতে পারি, তাহলে যেগুলো বুঝি না, সেগুলোও সম্ভব বলে মনে না করাটা কি অযৌক্তিক নয়?দুর্ঘটনায় পড়া মানুষের জীবনে বিচিত্র অনেক কিছু ঘটে বলে শুনেছি। কারও ঘন কালো চুল চকচকে সাদা হয়ে যায়, আবার কেউ ভবিষ্যৎ দেখতে পাওয়ার ক্ষমতা অর্জন করে। হলিউডের দেখাদেখি সম্প্রতি বলিউডেও আজকাল এ ধরনের ফ্যান্টাসি কাহিনি নিয়ে ছায়াছবি তৈরি করা হচ্ছে। অভিষেক আর আমাকে নিয়ে অর্জুন সিন্ধিয়া যে ছবিটা বানাতে যাচ্ছেন, তাতেও কিছু কিছু ফ্যান্টাসির আশ্রয় নেওয়া হবে। কিন্তু বাস্তব জীবনে আমি ফ্যান্টাসির শিকার হব, এটা কখনো ভাবিনি। চিন্তা করছি, এখন আমার কী করা উচিত। আমি এই ভয়ে কোনো ডাক্তারের কাছে যেতে চাইছি না, তিনি হয়তো আমাকে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাবেন। তাহলে আমার মুভি ক্যারিয়ার বলে কিছু থাকবে না। সবাই যদি জানে যে আমার মাথার নাট-বোল্ট ঢিলা, কে তার ছবিতে আমাকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেবে? কেউ না। ‘হাঁচির সাহায্যে টাইম ট্রাভেলে দক্ষ নাহিদ নওশাদ অভিনীত...’ শুনতে কেমন লাগবে, আপনারাই বলুন। তারপর ভাবুন আমার পরিণতির কথা।হঠাৎ মাথায় একটা আইডিয়া খেলল। আমি যদি অতীত হয়ে যাওয়া দুর্ঘটনার ওই সময়টায় শারীরিকভাবে বেঁচে থাকতে পারি, তাহলে কি যুক্তি এ কথা বলে না যে ওই সময় সম্পর্কে আমি হয়তো কিছু করতেও পারি? অর্জুনের পাইলট রামপাল অজ্ঞাত কোনো কারণে প্লেনটাকে ঠিকমতো ল্যান্ড করাতে পারেননি, তার পরিবর্তে আমি কেন একবার চেষ্টা করে দেখি না পারি কি না, বিশেষ করে বাংলাদেশ ফ্লাইং ক্লাবের একজন সদস্য হিসেবে আমার যখন প্লেন চালানোর ট্রেনিং নেওয়া আছে?আইডিয়াটা মাথায় ভালো করে এঁটে বসার পর মনে মনে চাইছি আমার হাঁচি পাক। একসময় ঠিকই নাকের ভেতর পরিচিত অনুভূতিটা জাগল। ভয় নয়, তার বদলে উত্তেজনা বোধ করছি...হ্যাঁচ্চো-ও-ও-ও!আমি প্লেনে। নায়িকা প্রযুক্তার সমালোচনা করছেন অর্জুন। তবে তাঁর কথায় কান না দিয়ে আমি ককপিটের দিকে রওনা দিলাম।ভেতরে ঢুকছি, দেখতে পেলাম অকস্মাৎ মুখ থুবড়ে কন্ট্রোল প্যানেলের ওপর পড়ে গেলেন রামপাল, হাত দিয়ে নিজের বুক চেপে ধরে আছেন। পরিষ্কার বোঝা যাচ্ছে হার্ট অ্যাটাক। তাড়াতাড়ি তাঁকে টপকালাম আমি—এরই মধ্যে গোঁত্তা খাওয়ার ভঙ্গিতে ডাইভ দিয়েছে প্লেন্ল—দ্রুত কন্ট্রোল প্যানেলের দায়িত্ব তুলে নিলাম নিজের হাতে, একই সঙ্গে চিৎকার করে অর্জুনকে ডাকছি।হোঁচট খেতে খেতে ককপিটে ঢুকলেন অর্জুন। তাঁর মুখ বাইরে ভেসে থাকা মেঘের মতোই সাদা হয়ে আছে, যে মেঘের ভেতর ডাইভ দিতে যাচ্ছে প্লেন।‘কী...কী...’ তোতলাচ্ছেন তিনি।‘সময় নেই,’ আমি তাঁকে বললাম। ‘এখান থেকে ওকে বের করে নিয়ে যান।’নির্দেশ পালন করছেন অর্জুন, আমার সামনে থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন রামপালকে।সামনে ছড়িয়ে থাকা সুইচ, ডায়াল আর লিভারের দিকে মন দিলাম, স্মরণ করার চেষ্টা করছি ট্রেনিংয়ের সময় ঠিক কী শেখানো হয়েছিল আমাকে। কিন্তু দেখলাম, বেশির ভাগই ধরা দিচ্ছে না। প্লেনটাকে আমি সামান্য সিধে করে নিতে পারলেও, এখনো ওটা নাক নিচু করে ডাইভ দিচ্ছে। জমিন যত কাছে চলে আসছে, ততই আমার কাছে একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেল—আমি খুব কম জানি। তারপর সেই সংঘর্ষ, এবং সেই পরিচিত ধাক্কা।এখন আমি এখানে দাঁড়িয়ে লাশসহ ভারী কফিনটাকে ধীরে ধীরে মাটিতে নামাতে দেখছি। অদম্য কান্নায় ভেঙে পড়লেন অর্জুন, সম্ভবত ভাবছেন, এই পরিণতি খুব সহজে তাঁরও হতে পারত। তাঁর পাশে, হুইলচেয়ারে বসে রয়েছেন পাইলট রামপাল। তিনিও কাঁদছেন, তবে অন্তত প্রাণে বেঁচে আছেন, হার্ট অ্যাটাক আর প্লেন ক্র্যাশকে কাঁচকলা দেখিয়ে। নতুন একটা জীবন পেয়েছেন ভদ্রলোক, সে জন্য অর্জুনের কাছে ঋণী তিনি, যিনি তাঁকে বিধ্বস্ত প্লেন থেকে টেনে বের করে আনেন। তবে অর্জুন আমার কাছে পৌঁছাতে পারেননি। আগুনের লেলিহান শিখা দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছিল তাঁর সামনে।খবরের কাগজে ছাপা শিরোনামের দিকে আরও একবার তাকালাম, কাগজটা আমার অপার্থিব হাতে ধরা। শিরোনামে লেখা রয়েছে:‘প্লেন অ্যাক্সিডেন্টে বাংলাদেশি তারকা নাহিদ নওশাদ নিহত!’বিদেশি গল্প অবলম্বনে