এটা কেবল শুরু, সামনে আরও আসছে: মুশফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটুর জন্য আজকের রাতটা পরিণত হলো না মহোত্সবের রাতে। মাত্র ২ রানের জন্য জেতা হলো না এশিয়া কাপের শিরোপাটা। স্বাগতিকদের মাত্র ২ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ শিরোপা ঘরে তুলে নিল পাকিস্তান। তবে গোটা এশিয়া কাপে যে ধারাবাহিক ভালো পারফরমেন্স বাংলাদেশের ক্রিকেটাররা দেখিয়েছেন, তাতে নিশ্চয়ই মুগ্ধ হয়েছে ক্রিকেটবিশ্ব। নিজেদের শক্তিমত্তার প্রমাণটাও বেশ ভালোমতোই দিয়েছেন সাকিব-তামিম-মুশফিক-মাশরাফিরা। ভবিষ্যতে যে বাংলাদেশকে আগের চেয়ে কিছুটা সমীহের চোখেই দেখা লাগবে, তা জোর দিয়েই বলা যায়। ম্যাচ শেষে দর্শকদের সেরকম প্রতিশ্রুতিই দিয়েছেন বাংলাদেশি অধিনায়ক মুশফিকুর রহিম।ম্যাচ শেষের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুশফিক বলেছেন, ‘আগে আমাদের একটা প্রধান দুর্বলতা ছিল যে আমরা ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স দেখাতে পারতাম না। কিন্তু এবার আমরা ধারাবাহিকভাবেই ভালো খেলেছি। তবে আজকের শেষটা ভালোমতো হলো না। কিন্তু আমাদের সামর্থ্য আমরা বেশ ভালোমতোই জানিয়েছি।’ এশিয়া কাপজুড়েই ঘরের মাঠের দর্শকদের এই সমর্থন বাড়তি প্রেরণা জুগিয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। ভবিষ্যতেও দর্শকদের এভাবেই পাশে থাকার আহ্বান জানিয়ে মুশফিক বেশ দৃঢ় কণ্ঠে বলেছেন, ‘আপনারা সঙ্গে থাকুন। এটা কেবল শুরু। সামনে এমন সাফল্য আরও আসছে।’শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত জয়টা না এলেও বাংলাদেশ যে এখন বিশ্বের যেকোনো দলের জন্যই শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠতে পারে তা ভালোমতোই প্রমাণ করেছে টাইগাররা। মুশফিকের আহ্বানে সাড়া দিয়ে দর্শকরাও নিশ্চয়ই থাকবেন তাদের পাশে।