এটা নতুন রাজনীতির নতুন সমীকরণ
দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘এ দেশের রাজনীতি অনেক বিচিত্র। এটা নতুন রাজনীতির নতুন সমীকরণ। এতে শঙ্কিত হওয়ার কিছু নেই। এটা সাংবিধানিক প্রক্রিয়া। গণতান্ত্রিকভাবেই এর সফল সমাপ্তি ঘটবে।’ খবর বাসসের। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘বিএনপি-জামায়াতের অশুভ রাজনীতি ও আমাদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের মন্ত্রিত্ব গ্রহণ না করা প্রসঙ্গে এসব কথা বলেন। আওয়ামী শিল্পীগোষ্ঠীর ঢাকা জেলা শাখার ওই আলোচনা সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, নতুন মন্ত্রিসভায় যাঁরা যোগ দেননি, তা ছিল তাঁদের ব্যক্তিগত ও রাজনৈতিক সিদ্ধান্ত। তিনি বলেন, ‘দলের একজন গুরুত্বপূর্ণ নেতা ও মহাজোটের শরিক মন্ত্রিসভায় যোগ না দেওয়ায় সাম্প্রতিক রাজনীতি রোমাঞ্চকর হয়ে উঠেছে। এ বিষয়ে আমার কিছু বলার নেই। এটা তাঁদের ব্যক্তিগত ও রাজনৈতিক সিদ্ধান্ত।’সংগঠনের ঢাকা জেলা শাখার সভাপতি হুমায়ূন কবিরের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, আওয়ামী শিল্পীগোষ্ঠীর সভাপতি সালাউদ্দীন বাদল, জনতা ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার।