গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশের সংশোধনী সম্পর্কে প্রতিক্রিয়া
এটা নীতিগতভাবে গ্রহণযোগ্য নয়—মির্জ্জা আজিজুল ইসলাম
অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম গতকাল শনিবার এক বিবৃতিতে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশের সংশোধনী এবং চেয়ারম্যানকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের দায়িত্ব অর্পণের আদৌ কোনো প্রয়োজন আছে। এখানে দুটি বিষয় উঠে এসেছে। প্রথমত, বোর্ডের কাছ থেকে নিয়োগের ক্ষমতা খর্ব করা হচ্ছে। অথচ এই বোর্ডই হলো শেয়ারহোল্ডার ও গ্রাহকদের প্রতিনিধি। এটা নীতিগতভাবে গ্রহণযোগ্য নয়।‘আরেকটি বিষয়ে আমার উদ্বেগ রয়েছে। আর তা হলো, সরকার চেয়ারম্যান নিয়োগ দেবে। ওই চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেবেন। আশঙ্কার বিষয় হলো, এতে রাজনৈতিক বিবেচনায় চেয়ারম্যান নিয়োগ করা হতে পারে। যদি তা-ই হয়, তাহলে এমডি নিয়োগ রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকবে না। কিন্তু রাজনৈতিকীকরণ গ্রামীণ ব্যাংকের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। গ্রামীণ ব্যাংককে সব ধরনের রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে রাখতে হবে।’বিবৃতিতে আরও বলা হয়, ‘সরকারের তদন্ত অনুযায়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের এমডি পদে নির্ধারিত বয়সের অতিরিক্ত সময় থেকে কী পরিমাণ অর্থ নিয়েছেন এবং এটা বৈধ ছিল কি না, তা খতিয়ে দেখে সরকার বিষয়টি আইনিভাবেই মোকাবিলা করতে পারে।’