বিশ্বব্যাংকের ঢাকা অফিসের বিবৃতিকে ‘ফোপর দালালি’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ শনিবার বিকেলে সিলেটের একটি প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।পদ্মা সেতু ও বিশ্বব্যাংকের বিবৃতি প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নিয়ে আলোচনা এখনো চলছে। বিশ্বব্যাংকের প্যানেলের সঙ্গে আমার ও দুদকের আলোচনা হয়েছে। তারা কিছু চাইছেও না, বলছেও না। আলোচনা চলাকালীন বিশ্বব্যাংকের ঢাকা অফিস যে বিবৃতি দিয়েছে, এটা খুবই অন্যায়। এটা ফোপর দালালি। আমি পছন্দ করি না।’উল্লেখ্য, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করলেই এ প্রকল্পে অর্থায়ন করবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের বাংলাদেশপ্রধান অ্যালেন গোল্ডস্টেইনের দেওয়া এক বিবৃতিতে আজ এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ‘তথ্যপ্রমাণের ভিত্তিতে দুর্নীতির বিষয়ে দুদক পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করলেই কেবল পদ্মা সেতু প্রকল্পে সহায়তা দেবে বিশ্বব্যাংক। এ ধরনের তদন্তে সহায়তার জন্য দুদককে অনেক তথ্যপ্রমাণ দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের দুর্নীতিবিরোধী প্যানেলের বিশেষজ্ঞরা তাঁদের প্রথম সফরের সময় পাওয়া তথ্যপ্রমাণ ও বাংলাদেশের আইনের আলোকে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের জন্য দুদককে উত্সাহিত করেছেন। গত সপ্তাহে বাংলাদেশে তাদের দ্বিতীয় সফরের সময় ওই প্যানেল বিভিন্ন অমীমাংসিত বিষয় তুলে ধরেছে এবং তদন্তের ক্ষেত্র নির্ধারণে প্রাপ্ত তথ্যপ্রমাণ অনুসরণের জন্য আবারও দুদককে উত্সাহিত করেছে। দুদক যখন তাদের পর্যালোচনা শেষ করবে এবং তদন্তের বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত দেবে, তখন প্যানেল একটি বিবৃতি দেবে।অর্থমন্ত্রী আজ নগরের জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জামিল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল। মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বিজয়ের এই মাসে আমাদের জন্য আরও বিজয় অপেক্ষা করছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার সিলেটের উন্নয়নে অনেক আন্তরিক। এরই ধারাবাহিকতায় সিলেটে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। বিশেষ করে শিক্ষার উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ইতিমধ্যে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণসহ উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’