এটা মগের মুলুক না ইচ্ছেমতো দর বাড়ানো চলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোজ্যতেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি নিয়ে ব্যবসায়ীদের ওপর চটেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘এটা মগের মুলুক না। ইচ্ছেমতো ভোজ্যতেলের দর বাড়ানো চলবে না। বাড়ানোর যুক্তি থাকতে হবে এবং প্রমাণ করতে হবে যে কী কারণে বাড়ছে।’বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এক দিনের ব্যবধানে কেজিতে ১৩ টাকা বাড়ানো কোনো ব্যবসায়ের লক্ষণ নয়, এটা স্রেফ মুনাফাখোরি।’গতকাল সোমবার সচিবালয়ে ভোজ্যতেলের উৎপাদন, বিপণন ও বাজারমূল্য পরিস্থিতি সম্পর্কে ভোজ্যতেল পরিশোধনকারী মালিকদের সঙ্গে মতবিনিময় সভাশেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।বাণিজ্যসচিব গোলাম হোসেনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অতিরিক্ত বাণিজ্যসচিব এম মর্তুজা রেজা চৌধুরী, বাংলাদেশ ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান মোস্তফা আবিদ খান এবং ভোজ্যতেল পরিশোধনকারী সব কারখানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় ভোজ্যতেলের আন্তর্জাতিক, উৎপাদক ও খুচরা বাজারদরের ওপর একটি নিবন্ধ উপস্থাপন করা হয়।বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের পর সম্মেলনকক্ষ থেকে বেরিয়ে বাণিজ্যমন্ত্রীর কক্ষে গিয়ে মন্ত্রীকে সভার সারসংক্ষেপ জানান বাণিজ্যসচিব। তারপর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শুরুতেই ব্যবসায়ীদের বক্তব্য শুনতে চান বাণিজ্যমন্ত্রী।ভোজ্যতেল পরিশোধনকারী সমিতির সদস্য এবং টি কে গ্রুপের পরিচালক তারিক আহমেদ বলেন, ‘আন্তর্জাতিক বাজারে টনপ্রতি সয়াবিন তেল এক হাজার ২০০ ডলার ছাড়িয়ে গেছে। চার-পাঁচ দিন ধরে অবশ্য কিছু কমেছে। গত রমজানে আন্তর্জাতিক বাজারদর স্থিতিশীল ছিল বলেই দেশীয় বাজারে দাম বাড়েনি। তা ছাড়া একই উৎপাদক দেশ থেকে আমদানি করা হলেও প্রতিবেশী দেশগুলোর ভোজ্যতেলের দরের চেয়ে এখনো বাংলাদেশের দর কম।’ এই পর্যায়ে ব্যবসায়ীকে থামিয়ে দিয়ে মোস্তফা আবিদ খানকে কিছু বলতে বলেন বাণিজ্যমন্ত্রী। মোস্তফা আবিদ খান জানান, তিন মাসের আমদানি-মূল্য বিশ্লেষণ করে দেখা গেছে, বর্তমানে বাজারে যে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে, তা কেনা হয়েছে কেজি ৭০ টাকারও কমে। পরিশোধনসহ সব খরচ ধরে হিসাব করলে প্রতি কেজি সয়াবিন তেলের উৎপাদন খরচ দাঁড়ায় ৮৩ টাকার কিছু বেশি। কিন্তু তাঁরা (ব্যবসায়ীরা) মনে করছেন, উৎপাদন খরচ নির্ধারণে এখনকার আমদানি-মূল্যও বিবেচনায় আনতে হবে।আবিদ খানের বক্তব্য শেষ না হতেই ব্যবসায়ীদের প্রতি ইঙ্গিত করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ওনারা মনে করলেই তো হবে না। ওনারা মনে করে করেই তো দেশের অবস্থা খারাপ করছেন। এখনই খুঁজে বের করতে হবে কোন যুক্তিতে তাঁরা তেলের দাম বাড়িয়েছেন। প্রমাণ করতে হবে, তাঁদের বাড়ানোটা যৌক্তিক। কোনো দেরি নয়, নতুন দর ঠিক করতে হবে আজই। ঠিক না করে কেউ এই কক্ষ থেকে বেরোতে পারবেন না।’যৌক্তিক কারণে দাম বাড়াতে চাইলেও এখন থেকে সমিতিকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের সঙ্গে বসে সমিতি ঠিক করবে, দর আদতেই বাড়াতে হবে কি না বা কত টাকা বাড়বে।’ভোজ্যতেলের মূল্যবৃদ্ধিতে ব্যবসায়ী সমিতির নিষ্ক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে ফারুক খান বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় সমিতিকে তাহলে দেখভাল করে কেন? সমিতির দায়িত্ব কী? নির্বাচিত হয়ে বড় বড় কথা বলাই কি সমিতির নেতাদের কাজ?’বর্ধিত দাম কমিয়ে মন্ত্রণালয় থেকে যেতে হবে—বাণিজ্যমন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এডিবল অয়েলের প্রতিনিধির সঙ্গে সব তথ্য না থাকার জন্য এক দিন সময় চাওয়া হয়। এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কেন সব তথ্য নিয়ে আসেননি? এখনই লোক পাঠিয়ে নিয়ে আসুন।’ এ কথা বলেই সম্মেলনকক্ষ থেকে বেরিয়ে যান বাণিজ্যমন্ত্রী। সম্মেলনকক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের বাইরে কিছুক্ষণ অপেক্ষা করার অনুরোধ জানান বাণিজ্যসচিব।সংক্ষিপ্ত বৈঠক শেষ হলে আবারও বক্তব্য দিতে আসেন ফারুক খান। বাণিজ্যসচিব গোলাম হোসেন এ সময় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান। এগুলো হচ্ছে: সয়াবিন তেল ৯০ থেকে ৯১ টাকা কেজি দরে বিক্রি করতে হবে, খোলার তুলনায় ১৫ থেকে ১৮ শতাংশ বেশি থাকা বোতলজাত (পেট বোতল) তেলের দাম আরও কমিয়ে আনতে হবে এবং বোতলজাত তেলের দাম কমিয়ে আনার উপায় নির্ধারণ করতে হবে।বুধবারের মধ্যে ব্যবসায়ীরা উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব তথ্য বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠাবেন এবং আগামী রোববার এ বিষয়ে আরেকটি বৈঠক হবে বলেও জানান বাণিজ্যসচিব।এ দফায় বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের অনেক প্রতিকূলতার মধ্যে ব্যবসা করতে হয়। তার পরও তাঁদের একটা দায়িত্ব রয়েছে। খোলা সয়াবিন তেল ৯০ থেকে ৯১ টাকায় বিক্রি করবেন বলে তিনি আশাবাদী।আর খোলা তেলের তুলনায় পেট বোতলের দাম কত বাড়তে পারে, তা সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে আগামী রোববারের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে জানাতে হবে।ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘এটা গণতান্ত্রিক দেশ। এখানে যাচ্ছেতাই করা চলবে না। মুনাফা করারও একটা সীমা আছে। মানুষের কাছ থেকে কেটে রেখে একলা একলা বড়লোক হবেন, তা চলতে দেওয়া হবে না।’সভায় মেঘনা গ্রুপের এম এইচ মুনসী, এস আলম গ্রুপের উপমহাব্যবস্থাপক কাজী সালাউদ্দিন আহমেদ, সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা, নূরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদসহ পুষ্টি, দাদা, রূপচাঁদা প্রভৃতি ব্র্যান্ডের তেল পরিশোধনকারী কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।