এটাই প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনে থাকলেও বিধি না থাকায় এত দিন ধর্ষণের ফলে জন্ম নেওয়া কোনো শিশুর ভরণপোষণ রাষ্ট্র বহন করেনি। কিন্তু এখন থেকে বাংলাদেশ সরকার এসব শিশুর ভরণপোষণ দেবে ২১ বছর বা বিয়ের আগ পর্যন্ত। গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বিগত ২০০৭ সালের ১৮ সেপ্টেম্বর একটি মামলার রায়ে ধর্ষকের সাজার পাশাপাশি ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণ ২১ বছর বা বিয়ের আগ পর্যন্ত রাষ্ট্রকে বহনের নির্দেশ দেন। বিগত ২০০৯ সালের ১৪ জুলাই গোপালগঞ্জের বর্তমান জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন রায় বাস্তবায়নের উদ্যোগ নেন। তিনি ঢাকা বিভাগীয় কমিশনার অফিস, মন্ত্রিপরিষদ বিভাগ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে এ ব্যাপারে একাধিকবার চিঠি লেখেন।অবশেষে বিগত ৪ মে শিশুটিকে রাষ্ট্র ভরণপোষণের টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছে। তৈরি করা হয়েছে নতুন কোড। জেলা প্রশাসকেরা ট্রেজারি থেকে ওই কোডের ম্যাধমে টাকা তুলে ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণ মেটাতে পারবেন। এভাবে জন্ম নেওয়া কোনো শিশুর ভরণপোষণের দায়িত্ব রাষ্ট্রের নেওয়ার ঘটনা বাংলাদেশে এটাই প্রথম। এ শিশুর ভরণপোষণ বহনে রাষ্ট্রের আর কোনো বাধা রইল না বলে গোপালগঞ্জের জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন মন্তব্য করেছেন। যে শিশুটিকে নিয়ে এত জট, এখন তার বয়স চার বছর কয়েক মাস। অসহায় এক মায়ের কথাশিশুর মা বলেন, ‘শিশু যখন মাতৃগর্ভে, গ্রাম সালিসে গর্ভপাত ঘটানোর জন্য রাজিবুলের পক্ষে প্রভাবশালী ব্যক্তিরা চাপ দেন। কিন্তু আমি পেটের মধ্যে ওর নড়াচড়া টের পেতাম। ওর জন্য আলাদা একটি ভালোবাসা জন্মাল। নিজের ভবিষ্যতের কথা ভেবে কারও কথা না শুনে ওর জন্ম দিয়েছিলাম। বিগত ২০০৫ সালের ১৯ মে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করি। এ জন্য বাবার বাড়ির আশ্রয়টিও হারাতে হয়। আশ্রয় পাই মাদারীপুর লিগ্যাল এইড অফিসে। এখন সেখানেই ছোট একটি চাকরি করি।’ রায়ে যা বলা হয়েছে আইন সহায়তা প্রতিষ্ঠান মাদারীপুর লিগ্যাল এইডের গোপালগঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বিগত ২০০৭ সালের ১৮ সেপ্টেম্বর মামলার রায়ে ধর্ষক রাজিবুল শেখকে যাবজ্জীবন সাজা, একই সঙ্গে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুটির ভরণপোষণ রাষ্ট্রকে ২১ বছর বা তার বিয়ের আগ পর্যন্ত বহনের নির্দেশনা দেন। রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসককে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। রায়ে বলা হয়, আসামির সম্পদ বিক্রি করে বা তাঁর ভবিষ্যৎ সম্পদ থেকে সরকার এ ভরণপোষণের টাকা আদায় করতে পারবে। একই সঙ্গে রায়ে বাবা হিসেবে ধর্ষকের পরিচয়েই শিশুটি বড় হবে বলে আদালত উল্লেখ করেন। আইনে যা আছে মামলার বাদীপক্ষের আইনজীবী এ এফ এম গোলাম রসুল খান জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৩ ধারায় ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর ব্যাপারে বিস্তারিত নির্দেশনা রয়েছে। ১৩ ধারার ১ উপধারার ক, খ, গ ও ঘ উপধারায় বলা হয়েছে, ওই সন্তানের ভরণপোষণ রাষ্ট্র বহন করবে। ২১ বছর বা মেয়ে শিশুর বিয়ে না হওয়া পর্যন্ত এবং পঙ্গুর ক্ষেত্রে স্বীয় ভরণপোষণের যোগ্যতা অর্জন না করা পর্যন্ত রাষ্ট্র এ ব্যয় বহন করবে। ২ উপধারায় অর্থের উৎস সম্পর্কেও বলা আছে। ফাইল পৌঁছাতে তিন বছর মাদারীপুর লিগাল এইডের গোপালগঞ্জ জেলা সমন্বয়কারী হাবিবুর রহমান মল্লিক জানান, রায়ের পর রাষ্ট্রের পক্ষে গোপালগঞ্জের জেলা প্রশাসক ২১ বছরে ওই শিশুর ভরণপোষণ বাবদ তিন লাখ ৮৯ হাজার ২৫২ টাকা বরাদ্দ চেয়ে ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে একটি চিঠি (স্মারক নম্বর জে, ম/গোপাল/আ বা-০১/০৯/৬০৪) লেখেন। এ চিঠি পেয়ে বিভাগীয় কমিশনার মন্ত্রিপরিষদ সচিবের কাছে এবং ওই বিভাগের যুগ্ম সচিব জেলা ও মাঠ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে একটি চিঠি দেন। মন্ত্রিপরিষদ থেকে বিষয়টি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়। এ পর্যন্ত ফাইল পৌঁছাতে সময় লেখেছে তিন বছর। প্রথম আলোয় সম্প্র্রতি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ৪ মে সরকারের পক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় গোপালগঞ্জে জেলা প্রশাসককে একটি চিঠি পাঠিয়েছে। ১৭ মে এ চিঠি গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছায়। চিঠিতে যা লেখা তিন বছর পর ৪ মে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব খলিলুর রহমান কাগজী স্বাক্ষরিত এক পত্রে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. ইউসুফ হারুনকে বিগত ২০০৭ থেকে ২০১০ সালের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ভরণপোষণের ২৭ হাজার টাকা বুঝে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ১৮ বছরের ভরণপোষণের টাকা কীভাবে সরকারের কোন খাত থেকে জেলা প্রশাসক এনে শিশু বা তার অভিভাবকের হাতে তুলে দেবেন তার নির্দেশনা দেওয়া আছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক যা বললেনগোপালগঞ্জের জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন প্রথম আলোকে বলেন, ‘এটি সরকারের কাছে নতুন একটি বিষয়। এ ব্যাপারে কোনো বিধি তৈরি ছিল না। ফলে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লেগেছে। এখন একটি বিধি তৈরি হয়েছে। নতুন কোড হয়েছে (৪৮৪৯)। এ কোডে এখন আমি বকেয়া ২৭ হাজার টাকা তুলে সংশ্লিষ্ট ব্যক্তিদের দিয়ে দিতে পারব। আগামী বছরগুলোতেও একইভাবে টাকা দেওয়া হবে। এটি বাংলাদেশে প্রথম ঘটনা, যাতে আমাদের মাধ্যমে নতুন দৃষ্টান্ত সৃষ্টি হতে যাচ্ছে।’