এটাও ক্রিকেটের বিশ্বায়ন
ক্রিকেটারদের কোনো দেশ নেই—এ দাবিটা সবচেয়ে জোরালো গলায় তুলতে পারে কানাডা। ১৫ জনের দলে ভিন্ন ৭টি দেশের খেলোয়াড় আছে তাদের। অধিনায়ক আশিস বাগাইও একজন ভারতীয়। এ ছাড়া অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, জ্যামাইকা আর উগান্ডানরাও খেলছেন কানাডা দলে। কানাডাকে তাই জাতিসংঘ বলা যায়।বহুজাতিক খেলোয়াড়দের এই সমন্বয় নিয়ে কানাডা অবশ্য বেশ গর্বিত। তবে শুধু যে কানাডাই ক্রিকেট দলটিকে এমন ‘জাতিসংঘ’ বানিয়ে ফেলেছে, তা কিন্তু নয়। উপমহাদেশের দলগুলো ছাড়া প্রায় সব দলেই রয়েছে ভিন্ন দেশের খেলোয়াড়। নিজেদের জাতিসত্তা নিয়ে খুব অহংকার ইংলিশদের। কিন্তু ইংল্যান্ড দলের অধিকাংশ খেলোয়াড় প্রকৃত ইংলিশ নন। জোনাথন ট্রট, ম্যাট প্রিয়র এমনকি অ্যান্ড্রু স্ট্রাউসও জন্মসূত্রে দক্ষিণ আফ্রিকান। আর কেভিন পিটারসেন তো দক্ষিণ আফ্রিকার কাওয়াজুলু নাটাল দলেই খেলতেন। বর্ণ কোটার ওপর বিরক্ত হয়ে নিজ দেশ ছেড়ে পাড়ি জমিয়েছিলেন ইংল্যান্ডে। আর এখন তো পিটারসেনবিহীন ইংল্যান্ড দল আর চিনি ছাড়া শরবত একই কথা। পিটারসেনের সঙ্গে তাই অন্য একটা হিসাব আছে দক্ষিণ আফ্রিকার। তবে দক্ষিণ আফ্রিকাও আলাদা নয়। গ্রায়েম স্মিথের দলেও আছে পাকিস্তান বংশোদ্ভূত ইমরান তাহির। বহু দেশ ঘুরে শেষে দক্ষিণ আফ্রিকাকেই বেছে নিয়েছেন তিনি। পাকিস্তান ইংল্যান্ড গিয়ে খেলেছেন কাউন্টি ক্রিকেট। সেখান থেকে পাড়ি জমান দক্ষিণ আফ্রিকায়। এবার দক্ষিণ আফ্রিকার হয়েই বিশ্বকাপ খেলবেন এই লেগ স্পিনার।ছোট দল হলেও আয়ারল্যান্ড দলেও আছে বহুজাতিক আবহ। দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ট্রেন্ট জনস্টন। সাবেক এই অধিনায়ক তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দলে। সেখানে তাঁর সতীর্থ ছিলেন অস্ট্রেলিয়ার মার্ক টেলর, মাইকেল স্ল্যাটাররা।তবে এ ক্ষেত্রে আইরিশ ক্রিকেট বোর্ডের নীতিটা হলো আয়ারল্যান্ডের অধিবাসী হলে এবং আইরিশ ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা থাকলে জন্ম যেখানেই হোক, সে খেলোয়াড়কে সুযোগ দিতে কোনো আপত্তি নেই বোর্ডের। এর জ্বলন্ত উদাহরণ হচ্ছেন জনস্টন। এক আইরিশ মেয়েকে বিয়ে করে ডাবলিনেই স্থায়ী হয়েছেন এই অলরাউন্ডার।‘খেলাটিতে পেশাদারি এনেছে এই খেলোয়াড়েরা, যা তরুণদের এদিকে আসতে আরও উদ্বুদ্ধ করছে’—বলেছেন ক্রিকেট আয়ারল্যান্ডের মিডিয়া ম্যানেজার ব্যারি চেম্বারস। সেই পেশাদারি সবচেয়ে ভালো দেখাচ্ছেন এড জয়েস। ইংল্যান্ডের হয়ে গত বিশ্বকাপ খেলা এই ওপেনার এবার খেলছেন আয়ারল্যান্ড দলে।পিছিয়ে নেই হল্যান্ডও। অধিনায়ক পিটার বোরেন, রস টেলর, জেসি রাইডারের সঙ্গে খেলেছেন নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলে। হল্যান্ড দলে আরও আছেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ব্যাটসম্যান রায়ান টেন ডয়েসকেট। এ মুহূর্তে ওয়ানডে ক্রিকেটে তাঁর গড়ই সবচেয়ে ভালো। ৬৮.৫৫। অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত টম ক্রুপারও আছেন দলে।হল্যান্ডের ম্যানেজার ভ্যান নি-রোপ বলেছেন, নির্বাচকেরা বিদেশি পাসপোর্টধারী খেলোয়াড়দের দিকে ঝুঁকছেন। তবে বিদেশি হলেও ডাচ ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে হবে তাদের।সব মিলিয়ে অন্য রকম এক বিশ্বায়নই দেখছেন ক্রিকেট-বিশ্ব। ওয়েবসাইট।