এটি আমাদের কাছে বজ্রাঘাতের মতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে পরামর্শক নিয়োগে কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ব্যাপারে সর্বোচ্চ পর্যায়ে সরকার তদন্ত চালাচ্ছে। কিন্তু তদন্ত শেষ হওয়ার আগেই বিশ্বব্যাংক চুক্তি বাতিল করেছে। এটি আমাদের কাছে বজ্রাঘাতের মতো।’আজ শনিবার টাঙ্গাইল সফরকালে বিশ্বব্যাংকের পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিল প্রসঙ্গে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে।প্রতিবেদনে যোগাযোগমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের এই আচরণ অত্যন্ত দুঃখজনক।পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তের ক্ষেত্রে বাংলাদেশ সরকার সহযোগিতা না করায় ঋণচুক্তিটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বব্যাংক। গতকাল শুক্রবার সংস্থাটির ওয়েবসাইটে এক বিবৃতিতে এ কথা জানানো হয়।পদ্মা সেতু নির্মাণের জন্য বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার ঋণ দিতে চেয়েছিল। বিশ্বব্যাংক বলছে, সেতু নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কর্মকর্তা, কানাডার পরামর্শক প্রতিষ্ঠান এবং বেসরকারি ব্যক্তিদের যোগসাজশে বিভিন্ন সূত্র থেকে দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ তাদের হাতে এসেছে। এসব তথ্য-প্রমাণ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে দেওয়া হয়েছে বলে বিশ্বব্যাংকের বিবৃতিতে বলা হয়েছে।যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের কয়েক দিন আগে বলেছেন, অর্থ মন্ত্রণালয় বিশ্বব্যাংকের সঙ্গে সম্মানজনক সমাধানের চেষ্টা করছে। বিশ্বব্যাংকের সঙ্গে এখনো সমঝোতার পথ বন্ধ হয়নি বলে তখন তিনি মন্তব্য করেছিলেন।