নিউজপ্রিন্টের রেয়াতি সুবিধা প্রত্যাহার প্রসঙ্গে অর্থমন্ত্রী
এটি নিতান্তই আমার প্রস্তাব
নিউজপ্রিন্টের ওপর বিদ্যমান রেয়াতি সুবিধা প্রত্যাহারের যে সুপারিশ করা হয়েছে, তা নিতান্তই তাঁর প্রস্তাব বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল শুক্রবার ২০১৩-১৪ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। বর্তমানে সংবাদপত্র ও প্রকাশনাশিল্পে ব্যবহূত নিউজপ্রিন্ট আমদানিতে রেয়াতি হারে ৩ শতাংশ আমদানি শুল্ক দিতে হয়। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, আমদানির ক্ষেত্রে অসংগতির কারণে দেশীয় কাগজশিল্প আর্থিক সংকটের সম্মুখীন। গতকালের সংবাদ সম্মেলনেও তিনি বলেন, দেশীয় উৎপাদনে সাহায্যের জন্য মূলত রেয়াতি সুবিধা তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।অর্থমন্ত্রী গতকাল আরও জানান, সংবাদপত্রশিল্প বছরে ৫০ হাজার টন নিউজপ্রিন্ট আমদানি করে। নিউজপ্রিন্টের চাহিদা বছরে এক লাখ ২০ হাজার টন। কারখানাগুলোর উৎপাদনক্ষমতা তিন লাখ টন। তাই সস্তা দামে বিদেশি কাগজ আনার কোনো মানে হয় না।কেউ সেবার মনোবৃত্তি নিয়ে সংবাদপত্রশিল্পে এসেছেন, কেউ বা এসেছেন ব্যবসার মনোবৃত্তি নিয়ে। ব্যবসার মনোবৃত্তি নিয়ে যাঁরা এসেছেন, তাঁরা টিকে গেলেও অপরপক্ষ টিকতে পারবে না। নিউজপ্রিন্ট আমদানিতে রেয়াতি শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব প্রসঙ্গে অর্থমন্ত্রীকে এ প্রশ্ন করা হয়েছিল সংবাদ সম্মেলনে। জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এটি বাজেটে নিতান্তই আমার প্রস্তাব। বাজেটে অনেক প্রস্তাবই থাকে আমার। কতটা পাস হয়, কতটা হয় না। পাস হওয়ার বিষয়টি সম্পূর্ণই সাংসদদের ব্যাপার।’ এদিকে নিউজপ্রিন্ট আমদানিতে রেয়াতি শুল্কহার প্রত্যাহার করায় সংবাদপত্রশিল্পসহ জ্ঞানচর্চা ক্ষতিগ্রস্ত হবে বলে মত দিয়েছে সিপিডি। সংস্থার অতিরিক্ত পরিচালক ফাহমিদা খাতুন গতকাল সংবাদ সম্মেলনে বলেন, এতে পত্রপত্রিকার দাম বেড়ে যাবে। সাধারণ মানুষ পত্রপত্রিকা কিনে পড়তে পারবে না। তিনি বলেন, ‘এ ক্ষেত্রে অর্থনৈতিক বিবেচনার চেয়ে একটি গোষ্ঠীস্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে কি না, জানি না। গণমাধ্যমের স্বাধীনতা হরণ ও সংবাদপত্রের ওপর চাপ তৈরি করতেও এটা করা হয়েছে কি না, বলতে পারব না। তবে এমন মনে হতে পারে।’