এটি ন্যায়ভ্রষ্ট রায়, আপিল করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়কে ‘ন্যায়ভ্রষ্ট’ বলে মন্তব্য করেছেন তাঁর প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক। তিনি দাবি করেন, রায়টি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে তিনি জানান।গতকাল বৃহস্পতিবার সাঈদীর বিরুদ্ধে মামলার রায় ঘোষণার প্রায় ৪৫ মিনিট পর আবদুর রাজ্জাক তাঁর ধানমন্ডির বাসভবনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।এদিকে জামায়াত এ রায়কে ‘বিচার বিভাগীয় হত্যা ছাড়া আর কিছু নয়’ বলে মন্তব্য করেছে।সংবাদ ব্রিফিংয়ে আবদুর রাজ্জাক বলেন, ‘বিচারে মৃত্যুদণ্ডাদেশের রায় শুনে আমরা স্তম্ভিত ও বিস্মিত হয়েছি। তাঁর (সাঈদী) এক মিনিটের জেল হওয়ার কথা নয়, বেকসুর খালাস পাওয়ার কথা। কারণ, তাঁকে সাজা দেওয়ার ন্যূনতম উপাদান ছিল না।’ তিনি বলেন, ‘এ রায়ে আমরা সংক্ষুব্ধ। আমাদের আশা, আপিলে আমরা সুবিচার পাব।’ রায় ঘোষণার সময় রাজ্জাক ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন না। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, হরতালের দিন তিনি আদালতে যান না।রাজ্জাক দাবি করেন, খুঁজে না পাওয়া ১৬ সাক্ষীর একজন ঊষা রানী মালাকার টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তাঁর স্বামী হরলাল মালাকার হত্যার সঙ্গে সাঈদী জড়িত নন। অপর সাক্ষী সুখরঞ্জন বালী সরকারের মিথ্যাচার ফাঁস করে দেবেন—এমন আশঙ্কায় পুলিশ তাঁকে অপহরণ করেছে। মোট ১৭ সাক্ষীকে বক্তব্য দিতে বাধা দেওয়া হয়েছে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজ্জাক বলেন, ‘শাহবাগ আন্দোলনের চাপের মুখে এ রায় দেওয়া হয়েছে কি না, তা বিচারকই ভালো বলতে পারবেন। তবে আমি বলব, সাঈদী মিথ্যাচার ও অবিচারের শিকার হয়েছেন।’‘বিচার বিভাগীয় হত্যা ছাড়া আর কিছু নয়’: জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, সাঈদীর বিরুদ্ধে সরকার যে ষড়যন্ত্র করেছে, বিচারপতি নিজামুল হক ও বেলজিয়ামপ্রবাসী আহমেদ জিয়াউদ্দিনের স্কাইপ সংলাপে তা প্রকাশ পায়। ষড়যন্ত্রের মাধ্যমে রচিত অভিযোগ আমলে নিয়ে সাঈদীর বিরুদ্ধে আদালত যে রায় দিয়েছেন, দেশের জনগণ তা ‘ঘৃণাভরে’ প্রত্যাখ্যান করেছেন।বিবৃতিতে দাবি করা হয়, সাঈদী ১৯৭৯ সাল পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না। মহান মুক্তিযুদ্ধ চলাকালে অধিকাংশ সময় তিনি যশোরে ছিলেন। তাঁর বিরুদ্ধে যেসব ‘কল্পকাহিনি’ রচনা করা হয়েছে, তা শতাব্দীর নিকৃষ্ট মিথ্যাচার। রায়ে বিচারকেরা আটটি অভিযোগ প্রমাণিত হওয়ার যে ঘোষণা দিয়েছেন, তা গ্রহণযোগ্য নয়। কারণ, কোনো অভিযোগেরই প্রত্যক্ষ সাক্ষী রাষ্ট্রপক্ষ হাজির করতে পারেনি। যেসব দলিল বা প্রমাণপত্র আদালতে রাষ্ট্রপক্ষ উপস্থাপন করেছে, তাতে কোথাও সাঈদীকে ’৭১-এর ঘটনার সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ নেই। স্কাইপ সংলাপে বিচারপতি নিজামুল হক সাঈদীর মামলাকে দেশীয় সালিস-দরবার বলে অভিহিত করেন।বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, ‘আজ ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যার বিভিন্ন উপাদানে গঠিত প্রত্যক্ষ সাক্ষীবিহীন অভিযোগসমূহ আমলে নিয়ে সরকারি ষড়যন্ত্র বাস্তবায়নের যে রায় আদালত ঘোষণা করেছেন, তা বিচার বিভাগীয় হত্যা ছাড়া আর কিছু নয়। দেশবাসী ঘৃণাভরে এ রায় প্রত্যাখ্যান করেছেন।’