এটি ভালো প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন গঠনে আইন বা বিধি প্রণয়নের প্রয়োজনীয়তার কথা বললেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানও। রাজনৈতিক দলের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, এটা ভালো প্রস্তাব। বিষয়টি তিনি সরকারকে জানাবেন। তবে এটা সময়সাপেক্ষ ব্যাপার।নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ চলছে। গতকাল সোমবার সংলাপের দ্বিতীয় দিনে ওয়ার্কার্স পার্টি ও জাতীয় পার্টির (জেপি) সঙ্গে তাঁর বৈঠক হয়। উভয় দলের নেতারা জানান, তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতিও আইন বা বিধি প্রণয়নের প্রয়োজনীয়তার কথা বলেছেন।সংলাপে অংশ নেওয়া নেতারা জানান, শুরুতে রাষ্ট্রপতি সংলাপের উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য দেন। পরে রাজনৈতিক নেতাদের নানা দাবি বা প্রশ্নেরও জবাব দেন তিনি। এর আগে রাষ্ট্রপতির সচিব সংলাপের কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেন।রাষ্ট্রপতি ওয়ার্কার্স পার্টি ও জেপির কাছে নির্বাচন কমিশনার হিসেবে সৎ, যোগ্য, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তির নাম চান। দলগুলো পরে নাম দেবে বলে রাষ্ট্রপতিকে জানায়।সংলাপে রাষ্ট্রপতিকে সহায়তা করেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ শফিউল আলম, সামরিক সচিব মেজর জেনারেল কাজী ফখরুদ্দীন আহমেদ, রাষ্ট্রপতির প্রেস সচিব এ কে এম নেছারউদ্দিন ভূঁইয়া ও রাষ্ট্রপতির একান্ত সচিব ফজলুল হক।আইন প্রণয়নের দাবি ওয়ার্কার্স পার্টির: বেলা ১১টায় রাশেদ খান মেননের নেতৃত্বে ওয়ার্কার্স পার্টির নেতারা রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেন। পার্টির পক্ষ থেকে সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুসারে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের দাবি জানানো হয়।রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, ‘আমরা আইন প্রণয়নের কথা বলেছি। প্রয়োজনে অধ্যাদেশ জারির কথাও বলেছি। তবে রাষ্ট্রপতি বলেছেন, “আপনারা সাংসদ। আইন আপনারা করবেন।”’ জনাব মেনন জানান, তিনি রাষ্ট্রপতিকে আইন প্রণয়নের জন্য সরকারকে পরামর্শ দেওয়ার অনুরোধ করেন। তখন রাষ্ট্রপতি আইনের প্রয়োজনীয়তার কথা স্বীকার করে সরকারকে এ বিষয়ে জানাবেন বলে আশ্বাস দেন।সাংসদ মেনন জানান, রাষ্ট্রপতি নির্বাচন কমিশন পুনর্গঠনে সৎ, যোগ্য, স্বাধীনচেতা ও গ্রহণযোগ্য ব্যক্তির নাম চান। তিনি পরে নাম দেবেন বলে জানান। তবে ওয়ার্কার্স পার্টি আইন প্রণয়নের ওপর বেশি গুরুত্ব দেয়।সাংসদ রাশেদ খান মেনন রাষ্ট্রপতিকে আরও বলেন, আইনের মাধ্যমে অনুসন্ধান কমিটি গঠন করা যেতে পারে। এ কমিটি সাংবিধানিক পদধারীদের নিয়ে গঠন করা যায়। এ কমিটি প্রতি পদের বিপরীতে তিনজনের নাম প্রস্তাব দেবে। সেটা সংসদের কার্য উপদেষ্টা কমিটিতে যাবে। সেখানে শুনানির পর বাছাই করা নাম রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। তিনি বলেন, এ পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠন করা হলে রাষ্ট্রপতি বিতর্কের ঊর্ধ্বে থাকবেন।সংলাপ থেকে বেরিয়ে বঙ্গভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন বলেন, প্রধান বিরোধী দল সব সময় আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের কথা বলেছে। সুতরাং তাদের সংলাপে আসা উচিত। সংলাপ আহ্বানের এখতিয়ার সম্পর্কে বিএনপির বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘তাদের ১১৮ অনুচ্ছেদ পড়তে বলব। এ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সংলাপ আহ্বান করতে পারেন। সংলাপ ছাড়া সমাধান হবে না।’ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সম্পর্কে বিএনপির আলোচনার দাবি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটা আলাদা বিষয়।সংলাপে ওয়ার্কার্স পার্টির পক্ষে অংশ নেন আনিসুর রহমান মল্লিক, কামরুল আহসান খান, বিমল বিশ্বাস প্রমুখ।সংলাপে সবার অংশ নেওয়া উচিত মনে করে জেপি: দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত জাতীয় পার্টির (জেপি) নেতারা রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেন।সংলাপ থেকে বেরিয়ে জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি বলেছেন, আইন বা বিধি সময়সাপেক্ষ ব্যাপার। তবে প্রস্তাবটি ভালো। এ প্রসঙ্গে জনাব মঞ্জু বলেন, ‘গত ৪০ বছরে যা হয়নি, তা দেড় মাসে করা কী করে সম্ভব? আর সব দায়দায়িত্ব কি বর্তমান সরকারের বা রাষ্ট্রপতির?’ তিনি বলেন, একমাত্র তিনিই প্রথম রাষ্ট্রপতি, যিনি নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছাতে চেয়েছেন।জেপির সভাপতি বলেন, বিভিন্ন মত বা আদর্শের রাজনৈতিক দল থাকতে পারে। কিন্তু সংলাপে সবার অংশ নেওয়া উচিত। যারা গণতন্ত্রমনা, তারা সংলাপে আসবে। বিএনপি যা মনে করে, তা এখানে এসে বলতে পারে। প্রয়োজনে সংলাপ থেকে ওয়াকআউট করতে পারে।এক প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘রাষ্ট্রপতি নির্দেশ দিয়েছেন। আমরা নাম দেব।’সংলাপে জেপির পক্ষে শেখ শহীদুল ইসলাম, আবদুর রহিম, শাহ রফিকুল বারী চৌধুরী, আবদুল লতিফ মলিক প্রমুখ অংশ নেন।