এটি মতপ্রকাশের স্বাধীনতার অপব্যবহার
‘বিশ্বজুড়ে সহিংসতা উসকে দেওয়া ইসলামবিরোধী চলচ্চিত্র “ইনোসেন্স অব মুসলিমস” নির্মাণ করে নির্মাতারা তাঁদের মতপ্রকাশের স্বাধীনতার অপব্যবহার করেছেন। এটি অসম্মানজনক ও লজ্জার।’ গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন এসব কথা বলেন।চলচ্চিত্রটির একটি বিজ্ঞাপনচিত্র ইন্টারনেটে প্রচারিত হওয়ার পর বিশ্বের মুসলিমপ্রধান দেশগুলোতে মার্কিনবিরোধী বিক্ষোভ শুরু হয়। লিবিয়ায় বিক্ষোভের সময় বেনগাজির মার্কিন উপ-দূতাবাসে প্রতিবাদকারীদের হাতে মারা যান মার্কিন রাষ্ট্রদূত।এক সংবাদ সম্মেলনে বান কি মুন বলেন, ‘সবার জন্য ন্যায় প্রতিষ্ঠা করতে ও সবার স্বার্থ রক্ষায় মতপ্রকাশের স্বাধীনতা স্বীকৃত ও সংরক্ষিত হওয়া উচিত এবং নিশ্চিত করা উচিত। যখন ভিন্ন কারও মূল্যবোধ ও বিশ্বাস নিয়ে পরিহাস করার জন্য মতপ্রকাশের স্বাধীনতাকে ব্যবহার করা হয়, তখন এটি (মতপ্রকাশের স্বাধীনতা) আর রক্ষা করা যায় না।’