এটি মাঠ নাকি পুকুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের ঐতিহাসিক দেবী চৌধুরানী বাজারে অবস্থিত কৈকুড়ী ইউনিয়ন পরিষদের নতুন আধুনিক ভবন নির্মিত হলেও এর মাঠটি নিচু। ফলে সামান্য বৃষ্টিতেই মাঠে হাঁটু সমান কাদা পানি জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। অবস্থা দেখে মনে হয়, এটি একটি পুকুর! এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার দক্ষিণে ইউনিয়ন পরিষদটি অবস্থিত। ১৯৭৫ সালে টিনশেডবিশিষ্ট ছোট একটি আধাপাকা ভবনে পরিষদটি স্থাপন করে এর কার্যক্রম চলছিল। পরবর্তী সময়ে তা সংস্কার না করায় এটি জরাজীর্ণ হয়ে পড়ে। উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে আটটি পরিষদের ভবন অনেক আগে নির্মাণ করা হলেও এটি বঞ্চিত হয়। অবশেষে ২০০৭-০৮ অর্থবছরে এখানে একটি আধুনিক ইউপি ভবন নির্মাণ করা হলেও এর মাঠটি দীর্ঘদিন ধরে সংস্কারসহ পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা করা হয়নি। ফলে সামান্য বৃষ্টিতে ইউনিয়ন পরিষদ মাঠে হাঁটু সমান কাদা পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরমে ওঠে। এলাকাবাসীকে প্রতিদিন বিভিন্ন কাজের জন্য কাদা পানির মধ্য দিয়েই ইউনিয়ন পরিষদে আসতে হয়। এ ছাড়া ইউনিয়ন পরিষদ মাঠের উত্তর ও পূর্ব দিকে সপ্তাহে দুই দিন হাট বসায় হাটুরে ও সাধারণ মানুষকে কাদা পানি দিয়েই হাটে যাতায়াত করতে হয়। দেবী চৌধুরানী বাজারের জুতা ব্যবসায়ী রফিকুল ইসলাম ও আনছার আলী জানান, কখনো বেশি কাদা পানি হলে সেদিন আর হাটে দোকান বসানো সম্ভব হয় না। চৌধুরানী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হারুন অর রশিদ জানান, দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের মাঠটি সংস্কারসহ পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না নেওয়ায় মাঠে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় মাঠটি একটি পুকুরের মতো মনে হয়। কৈকুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ইউনিয়ন পরিষদের মাঠে কাদা পানি জমে জলাবদ্ধতায় জনদুর্ভোগের কথা স্বীকার করে বলেন, মাঠটি সংস্কারসহ পানি নিষ্কাশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনেক আবেদন করেও কাজ হচ্ছে না।