এটি শুধুই ক্রিকেট ম্যাচ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ। আর দশটি ম্যাচের মতো এটাকে শুধুই একটি ক্রিকেট ম্যাচের ফ্রেমে বাঁধা যাবে না। ক্রিকেট বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর দুই প্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ এটি। বিশ্বজোড়া ক্রিকেট-রোমান্টিকদের সবচেয়ে প্রার্থিত ম্যাচও এটি।ভারত-পাকিস্তানের মানুষ তো উত্তেজনায় থরথর কাঁপবেই। তবে আগামীকালের ম্যাচ নিয়ে ভারত-পাকিস্তানে উত্তেজনা আর রোমাঞ্চ যেমন আছে, আছে একটি স্বপ্ন আর আশাও। এই ক্রিকেট লড়াই যে একে অন্যের প্রতি চিরবৈরী দুটি দেশের সম্পর্কোন্নয়নেরও সেতুবন্ধ।এই ম্যাচ যে ভারত-পাকিস্তানের মধ্যে সেতুবন্ধ রচনা করতে পারে, সেই ইঙ্গিত শুরুতেই পাওয়া গেছে। সেতুবন্ধ নির্মাণের প্রথম সিঁড়িটি গড়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। ভারত-পাকিস্তান সেমিফাইনাল লাইনআপ ঠিক হওয়ার সঙ্গে সঙ্গেই মোহালির ম্যাচ দেখার নিমন্ত্রণ পাঠিয়েছেন তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে। আসিফ আলী জারদারি ও ইউসুফ রাজা গিলানিরা সেই নিমন্ত্রণ গ্রহণ করে তুলেছেন দ্বিতীয় সিঁড়িটি। মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনে দুই দেশের শীর্ষ নেতারা খেলা দেখবেন পাশাপাশি বসে। এর চেয়ে দৃষ্টি-সুখকর বিষয় আর কী হতে পারে!ভারত-পাকিস্তান সম্পর্কের উন্নয়ন ঘটাবে এই ম্যাচ—এই আশায় বুক বাঁধছে ভারত-পাকিস্তানের ক্রিকেট-মনস্ক মানুষ থেকে শুরু করে আমজনতাও। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি শাহরিয়ার খান বলে দিয়েছেন, জয়-পরাজয় থাকবে, তবে দুই দেশের খেলোয়াড়দেরই ধৈর্যের উদাহরণ তৈরি করতে হবে। কারণ, এই ম্যাচটি দুই দেশের পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটানোর একটি পথ।পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে একই গ্যালারিতে খেলা দেখবেন কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী, তাঁর ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াঙ্কা। যে দলই জিতুক, ম্যাচটি শান্তিপূর্ণ হবে বলে আশা করছেন তাঁরাও।নেতা-নেত্রীদের মতো ভারত-পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও এই ম্যাচটি শান্তির বার্তা নিয়ে আসবে বলে মনে করেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ বলেছেন, ‘আমরা ভারতে গিয়ে খেলছি, এটা দারুণ ব্যাপার। তবে এ ম্যাচের ফল যা-ই হোক, উদ্যাপনটা যেন উন্মত্ত না হয়।’ ভারতের সাবেক অধিনায়ক কপিল দেবও মিয়াঁদাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলেছেন একই কথা।পাকিস্তানের সাধারণ মানুষ তো এই ম্যাচটির দিকে তাকিয়ে আছে চাতক পাখির মতো। করাচি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ইমরান আইয়ুবের কাছে অবশ্য জয়টাই মুখ্য, ‘অবশ্যই পাকিস্তানের জয় চাই। চার বছর পর আমরা ভারতের বিপক্ষে খেলছি, জয় তো চাইবই।’শুধু জয়ের কথা চিন্তা করার মানুষ ভারতেও কম নেই। পাকিস্তানের বিপক্ষে একটা জয় যেন মহাপ্রার্থিত ব্যাপার শত কোটি মানুষের দেশটিতে। মোহালিতে ধর্ম-বর্ণ ভেদাভেদ না রেখে সবাই বসে গেছে ভারতের জয়ের প্রার্থনায়। সেই প্রার্থনারত সমর্থকদের একজন বিশুদ্ধ পানির ব্যবসায়ী মোহালির খ্রিষ্টান ধর্মাবলম্বী জন এডওয়ার্ড। সৌহার্দ্য-টৌহার্দ্য নয়, যেকোনোভাবে ভারতের জয় চান তিনি, ‘ভারতের জয়ের জন্য আমরা ঐক্যবদ্ধ। জয় ছাড়া আর কিছু ভাবছি না আমরা। বিশ্বকাপের জন্য লড়তে হবে আমাদের।’জয় তো চাইছেনই, এর সঙ্গে শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরিও চান ভারতের উইকেটকিপার পার্থিব প্যাটেল, ‘ভারত-পাকিস্তান ম্যাচ অবশ্যই বড় ম্যাচ। আর এই ম্যাচে জয় চাই আমরা। সঙ্গে চাই শচীনের (টেন্ডুলকার) শততম সেঞ্চুরি।’ ইনজুরির কারণে বিশ্বকাপের ১৫ জনের দল থেকে বাদ পড়েছেন প্রাভিন কুমার। তবে পার্থিবের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তিনিও বলেছেন একই কথা।জয়ের জন্য দুই দেশের মানুষ রয়েছে চাতক-তৃষ্ণায়। আবার এ ম্যাচকে দুই পক্ষ থেকেই দেখা হচ্ছে শান্তির সোপান হিসেবে। অদ্ভুত! ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচকে সব সময়ই এই দ্বন্দ্বমুখর দাবি মেটাতে হয়। বিশ্বকাপের সেমিফাইনাল বলে এ ম্যাচের কাছে দাবি আরও বেশি। তথ্যসাহায্য: ওয়েবসাইট।