এটি হতে পারত বিশ্বের সবচেয়ে ধনী শহর!
পূর্ব জার্মানির মিত্তেনওয়ালদের নিভৃত এলাকাটিই হতে পারত পৃথিবীর সবচেয়ে ধনী শহর। হয়নি জার্মানির রাজধানী বার্লিন কর্তৃপক্ষ ওই শহরের কাছ থেকে নেওয়া ঋণটি পরিশোধ না করায়। এ ঋণটি ছিল ১৫৬২ সালের। সম্প্রতি এ ঋণের একটি সনদ স্থানীয় একটি আর্কাইভে পাওয়া যায়। ওই সনদের তথ্য অনুযায়ী, ১৫৬২ সালের ২৮ মে বার্লিনকে ৪০০ গিল্ডার (স্থানীয় মুদ্রা) দিয়েছিল মিত্তেনওয়ালদে। বার্ষিক ৬ শতাংশ হারে সুদে এ ঋণ পরিশোধের কথা ছিল। জার্মানির ব্র্যান্ডেনবার্গ প্রদেশের রেডিও বার্লিন ব্র্যান্ডেনবার্গ (আরবিবি) নামের একটি রেডিও জানায়, স্বাভাবিক নিয়মে হলে বর্তমানে ওই ঋণের অর্থের পরিমাণ দাঁড়াত ১১ হাজার ২০০ গিল্ডার। অর্থাত্ সর্বসাকল্যে ১১২ মিলিয়ন ইউরো। তবে দীর্ঘ সময়ে সুদ ও মুদ্রাস্ফীতি বর্তমানে সেই ঋণের অর্থ কয়েক বিলিয়ন (ট্রিলিয়ন) বাড়িয়েছে। এ বিষয়ে ভেরা স্মিট নামের স্থানীয় একজন ইতিহাসবিদ বলেন, শতবর্ষের বেশি সময় ধরে চলা এ ঋণের স্লিপটি ১৯৬৩ সালে আর্কাইভে নথিবদ্ধ করা হয়। স্মিথ বলেন, নথি থেকে সিলটি হারিয়ে যাওয়ার পরও এখনো স্লিপটি বৈধ। তিনি বলেন, ১৮৯৩ সালে একটি বিতর্ক ছিল, ঋণের নথিটি বৈধ কি না বা এটি পরীক্ষা করা হয়েছে কি না। এর আগে স্মিট ও মিত্তেনওয়ালদের মেয়র ইউউই ফিফার মিত্তেনওয়ালদের ঋণের অর্থ ফেরত দিতে বার্লিন কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছিলেন। এ ধরনের অনুরোধ ১৮২০ সাল থেকে প্রতি ৫০ বছরে অন্তত একবার করা হয়েছে। অথচ তাতে লাভ হয়নি কোনো। অথচ ঋণের টাকা পেলে মধ্যবয়সী আট হাজার ৮০০ বাসিন্দার শহর মিত্তেনওয়ালদেতে সত্যিকার অর্থেই সমৃদ্ধি আনতে পারত। অথচ এখনো মধ্যযুগীয় লাল ইটের পত্রাচ্ছাদিত দুর্গেরই শহর রয়েছে এটি। জানা গেছে, এ শহরে রোমান স্থাপত্যশৈলির আদলে তৈরি একটি গির্জা ছিল জার্মানির অন্যতম স্তুতি লেখক পল জেরহার্টের পছন্দের স্থান। ১৭ শতকে জেরহার্ট খুব অল্প সময়ের জন্য ওই এলাকায় অবস্থান করেছিলেন। তিনিই মিত্তেনওয়ালদের আলোচিত বাসিন্দাদের একজন। স্মিট ও ফিফার বার্লিনের অর্থ সিনেটর উলরিচ নুসবাউমের সঙ্গে দেখা করেছিলেন। এ সময় উলরিচ তাঁদের ১৫৩৯ সালের একটি ঐতিহাসিক গিল্ডার দিয়েছিলেন। সে সময়ই ওই গিল্ডারটিকে মিত্তেনওয়ালদের একটি জাদুঘরে সাময়িকভাবে রাখা হয়েছিল। উলরিচ ‘বার্লিনার জিতাং’ নামের একটি পত্রিকাকে বলেন, ‘এ ঘটনার মাধ্যমে একটি বিষয় প্রমাণিত হয়েছে, ঋণ সব সময় আপনাকে চেপে ধরে, সময় এ ক্ষেত্রে মুখ্য কোনো বিষয় নয়।’ তবে বর্তমানে ঘুরেফিরে একটি বিষয়ই আসছে, মিত্তেনওয়ালদের দাবি পূরণ করা জার্মানির রাজধানী বার্লিন কর্তৃপক্ষের পক্ষে কঠিনই হয়ে যাবে।’