এটিএন বাংলাকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল
মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান প্রচার করায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলাকে সতর্ক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে এই বিচার নিয়ে যেন মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে জন্য এ ধরনের অনুষ্ঠান প্রচার করা থেকে এটিএন বাংলাসহ অন্য ইলেকট্রনিক গণমাধ্যমকেও সতর্ক থাকতে বলা হয়েছে।আজ বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। আদেশে বলা হয়, এটিএন বাংলায় ১৩ এপ্রিল ‘ক্যামব্রিয়ান কলেজ মক পার্লামেন্ট’ নামের একটি বিতর্ক অনুষ্ঠান প্রচার করা হয়। ওই অনুষ্ঠানে বিতর্কের বিষয় ছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের স্বচ্ছতা। সেখানে শিক্ষার্থীরা ট্রাইব্যুনালের বিচারের স্বচ্ছতা নিয়ে বিতর্ক করেছে। ওই অনুষ্ঠান দেখে ট্রাইব্যুনালের মনে হয়েছে তা ট্রাইব্যুনালের জন্য অবমাননাকর।আদেশে বলা হয়, ট্রাইব্যুনাল যেহেতু ইতিমধ্যে স্কাইপ বিতর্কের খবর প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেহেতু এটিএন বাংলা ওই অনুষ্ঠানের মাধ্যমে এ বিষয়ে আবার বিতর্ক করতে পারে না। তাই ‘ক্যামব্রিয়ান কলেজ মক পার্লামেন্ট’ নামের অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান প্রচার করা থেকে বিরত থাকার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে অন্যান্য ইলেকট্রনিক গণমাধ্যমকেও ট্রাইব্যুনাল বিষয়ে অনুষ্ঠান সম্প্রচার করা থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।ট্রাইব্যুনাল আদেশে আরও বলেন, ইচ্ছা করলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম দেখতে আসতে পারবে, এ জন্য ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের অনুমতির প্রয়োজন হবে না। এই আদেশের অনুলিপি এটিএন বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তাকে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।