এটিএন বাংলার আইসিডিবি অ্যাওয়ার্ড লাভ
গণমাধ্যম ও তারুণ্যের বিকাশে অবদান রাখার জন্য আইসিডিবি (ইন্টারন্যাশনাল চিলড্রেনস ডে অব ব্রডকাস্টিং) পুরস্কার পেল স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা। টেলিভিশনে শিশুদের অংশগ্রহণে আর তাদের এগিয়ে নিয়ে যাওয়ার গত এক বছরের স্বীকৃতিস্বরূপ ইউনিসেফ এটিএন বাংলাকে এই স্বীকৃতি দিয়েছে।আজ ২৫ জানুয়ারি বুধবার ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি প্যাসকল ভিলেনিভ আনুষ্ঠানিকভাবে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের কাছে এ পুরস্কার তুলে দেন। এ উপলক্ষে বসুন্ধরা সিটির এটিএন বাংলা স্টুডিওতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।মাহফুজুর রহমান বলেন, ‘এটিএন বাংলার এ অর্জন পুরো বাংলাদেশের। এ ধরনের পুরস্কারপ্রাপ্তি শিশুদের নিয়ে আরও বেশি অনুষ্ঠান নির্মাণ করতে আগ্রহী করে তুলবে এটিএন বাংলাকে। শিশুদের জন্য আরও বেশি অনুষ্ঠান নির্মাণ করার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে পুরস্কারটি।’উল্লেখ্য, ২০১১ সালে এটিএন বাংলার ডকু ড্রামা ‘বৈষম্য পেরিয়ে’ রিজিওনাল অ্যাওয়ার্ড লাভ করে। এরই পরিপ্রেক্ষিতে ইউনিসেফ এটিএন বাংলাকে এই বিশেষ সম্মাননা প্রদান করে।এ ছাড়া এটিএন বাংলা ২০০৪ সালে ‘অ্যামি অ্যাওয়ার্ড’ এবং ২০০৬, ২০০৭, ২০০৯ ও ২০১০ সালে রিজিওনাল অ্যাওয়ার্ড অর্জন করে। শিশু অধিকার রক্ষায়, শিশুদের মানবাধিকার, কিশোর অপরাধ, স্বাস্থ্য, শিক্ষা, বিনোদনসহ শিশুদের সব বিষয় নিয়েই এটিএন বাংলা অনুষ্ঠান নির্মাণ করে থাকে এবং এসব অনুষ্ঠান নির্মাণে শিশুদের অংশগ্রহণও নিশ্চিত করা হয়।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা জনাব সাইফুল বারী (বিক্রয় ও বিপণন), নওয়াজেশ আলী খান, এম শামসুল হুদা, আরিফা শারমীন (সমন্বয়কারী, ইউনিসেফ বাংলাদেশ) এবং এটিএন বাংলার ছোটদের অনুষ্ঠান ‘আমরা করব জয়’-এর সদস্যরা।