এটিএন বাংলার চেয়ারম্যানকে রিমান্ডে নেওয়ার দাবি সাংবাদিক নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকারীদের খুঁজে বের করতে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে গ্রেপ্তার এবং রিমান্ডে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সব সংগঠন ও ইউনিয়নের নেতারা একযোগে এ দাবি জানান।সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার, সাংবাদিকদের ওপর হামলার বিচার, সাংবাদিক নির্যাতন বন্ধ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রণয়নের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারকে স্মারকলিপি দেওয়া হয়। এর আগে অনুষ্ঠিত সমাবেশে সাংবাদিক নেতারা এটিএন বাংলার চেয়ারম্যানের বক্তব্যের তীব্র সমালোচনার পাশাপাশি তাঁর ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়েও প্রশ্ন তোলেন।বেলা সাড়ে ১১টায় সমাবেশ শুরু হয়। সমাবেশ শেষে প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করেন সাংবাদিকেরা। এ সময় পল্টন মোড় থেকে হাইকোর্ট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।সম্প্রতি লন্ডনে মাহফুজুর রহমান বলেন, সাংবাদিক দম্পতি ‘সাগর-রুনি পরকীয়ার বলি’। তাঁর এ বক্তব্যের সমালোচনা করে বিএফইউজের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী সমাবেশে বলেন, তিনি (মাহফুজুর রহমান) বিকৃত মানসিকতার মানুষ। তাঁর দেওয়া বক্তব্য তাঁকেই প্রমাণ করতে হবে। তা না করতে পারলে সাংবাদিক সমাজ রাজপথে তাঁর বিচারের দাবি করবে। তিনি মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী সংস্থার প্রতি আহ্বান জানান। বিএফইউজের অপর অংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, মাহফুজুর রহমানের বক্তব্যের মধ্য দিয়ে আসামির সূত্র পাওয়া গেছে। তাঁকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে সাগর-রুনি হত্যাকারীদের চিহ্নিত করার আহ্বান জানান তিনি।বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল বলেন, সাংবাদিক হত্যার বিচার না হওয়া, এটিএন বাংলার চেয়ারম্যানের বক্তব্য ও সম্প্রতি রাজপথে টানানো ব্যানারের মধ্যে যোগসূত্র আছে বলে মনে হয়। শুধু হত্যা-নির্যাতন নয়, এখন সাংবাদিকদের চরিত্রে কালিমা লেপন করা হচ্ছে। সাংবাদিকদের অপদস্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থাকার কথা বলেন তিনি। মাহফুজুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদের দাবি জানান জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিনসহ অন্য বক্তারা।এটিএন বাংলার বার্তা প্রধান জ ই মামুন বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি নিহত হওয়ার পর কয়েকটি সংবাদপত্রে মনগড়া ও কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশ করা হয়েছিল। সে সময় সাংবাদিক সমাজ এসব বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে। এটিএন বাংলার চেয়ারম্যানের বক্তব্য একই ধরনের উল্লেখ করে তিনি বলেন, ‘এসব বক্তব্য তাঁর ব্যক্তিগত। এটিএন বাংলায় কর্মরত সাংবাদিকদের বক্তব্য এটা নয়।’সমাবেশে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বিএফইউজের একাংশের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, অপর অংশের ভারপ্রাপ্ত মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, অপর অংশের সভাপতি আবদুশ শহিদ ও সাধারণ সম্পাদক বাকের হোসাইন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিউদ্দিন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসেসিয়েশনের সাধারণ সম্পাদক ইশারত হোসেন প্রমুখ বক্তব্য দেন।সাংবাদিক নেতারা বিকেলে জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে গিয়ে তাঁর কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়। এ ছাড়া স্বাধীন গণমাধ্যমের পথে অন্তরায় সৃষ্টিকারী সব কালাকানুন বাতিলে আইন প্রণয়নের দাবি করা হয়।সাংবাদিক নেতারা স্পিকারকে বলেন, খুলনার হুমায়ুন কবীর বালু, মানিক সাহা, হারুনুর রশীদ, বেলাল হোসেন, যশোরের শামসুর রহমান, গৌতম, সাগর-রুনিসহ কোনো সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার হয়নি। সাংবাদিক নেতারা সম্প্রতি সাংবাদিকদের ওপর পুলিশি নির্যাতনের বিষয়েও স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।স্পিকার আবদুল হামিদ বলেন, ‘আমি নিজে থেকে এ বিষয়ে কোনো কথা বলতে পারি না। তবে যদি কোনো সংসদ সদস্য এ বিষয়ে সংসদে কথা তোলেন, তবে আমি সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলতে পারি।’সাংবাদিক নেতারা জানান, স্মারকলিপির অনুলিপি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও সব সাংসদের কাছে দেওয়া হবে।