এটিএন বাংলার জ্যেষ্ঠ ক্যামেরাম্যান শফিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার জ্যেষ্ঠ ক্যামেরাম্যান শফিকুল ইসলাম মিঠুর (৪০) লাশ গতকাল রোববার সকালে তুরাগ থানার রোস্তমপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাঁর গলায় ও বুকে আঘাতের চিহ্ন আছে। তুরাগ থানার পুলিশ জানায়, গতকাল সকাল ১০টার দিকে রোস্তমপুরের বেড়িবাঁধ সড়কের পাশের ঢাল থেকে শফিকের লাশ উদ্ধার করা হয়। ঝোপের মধ্যে আটকে ছিল তাঁর মরদেহ।তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মো. আনছারউদ্দীন প্রথম আলোকে জানান, অজ্ঞাত লাশ হিসেবে উদ্ধারের পর বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়। পরে তাঁরা জানতে পারেন, রাজধানীর দক্ষিণখান থানায় এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন জানিয়ে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। ডায়েরি করেছিলেন মিঠুর ছোট ভাই রহমতুল ইসলাম। দক্ষিণখান, পুলিশ রহমতুলকে একটি লাশ উদ্ধারের খবর জানালে তিনি তুরাগ থানায় গিয়ে লাশ শনাক্ত করেন। গতকাল দুপুরে নিহত শফিকের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মর্গে তাঁর ভায়রা শওকত হাসান সাংবাদিকদের জানান, শনিবার রাত ১০টার দিকে স্ত্রী ফারজানা হোসেনের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। শফিক তখন মিরপুরে একটা অনুষ্ঠান কাভার করতে গিয়েছিলেন। বলেছিলেন, ‘প্রোগ্রামে আছি। শেষ করেই বাসায় ফিরব।’রাত সাড়ে ১১টায় ফোন করলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। সারা রাত বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর গতকাল সকালে থানায় জিডি করা হয়। নিহত শফিকের ভাই রহমতুল তুরাগ থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন। মামলাটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক নিবারণচন্দ্র বর্মণ জানান, শফিকের বুকে ও গলায় লালচে দাগ রয়েছে। চোখেও আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে গলাটিপে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। তাঁর পকেটে কোনো কিছুই পাওয়া যায়নি। শুধু পরিচয়পত্র ঝোলানোর রিং ঝুলছিল কোমরে।খুনের সম্ভাব্য কারণ সম্পর্কে তদন্ত কর্মকর্তা বলেন, ‘আমরা একাধিক সম্ভাব্য কারণ সামনে রেখে এগোচ্ছি। তিনি ছিনতাইয়ের শিকার হতে পারেন। কারণ, তিনি মাঝেমধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসে করে কাওলার বাসায় ফিরতেন। গত শনিবারও সে রকম কোনো মাইক্রোবাসে উঠে ছিনতাইকারীদের খপ্পরে পড়েছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া পরিকল্পিতভাবেও তাঁকে হত্যা করা হতে পারে। তবে তাঁর পরিবার থেকে এখন পর্যন্ত কাউকে সন্দেহ করা হয়নি।’এটিএন বাংলা থেকে জানানো হয়, শফিকের বাবার নাম সিরাজুল ইসলাম। ১৫৩২/এ কাওলা, মধ্যপাড়ায় বাসা। ২০০৫ থেকে তিনি এটিএনে কর্মরত। এর আগে তিনি বিটিভিতে কাজ করেন। তাঁর ছয় বছরের একটি মেয়ে আছে। স্ত্রী অন্তঃসত্ত্বা।