১৯৪৮-এর শুরুতে অন্যান্য জেলার মতো পাবনায়ও ভাষার দাবিতে জোরদার আন্দোলন গড়ে ওঠে। আমি তখন পাবনার গোপাল চন্দ্র ইনস্টিটিউটে নবম শ্রেণীর ছাত্র।সেদিনের মিছিলে ছিল বিপুল জনতার অংশগ্রহণ। মুসলিম লীগের এক অংশ, কংগ্রেসের নিচুতলার নেতারা, ছাত্র ফেডারেশন, ছাত্র কংগ্রেস, মুসলিম ছাত্রলীগ—সবার মিলিত উদ্যোগে সংগঠিত হয় ওই আন্দোলন। নেতৃত্বে ছিলেন প্রয়াত আমিনুল ইসলাম বাদশা, রওশন জান চৌধুরী (বর্তমানে রোগে শয্যাশায়ী), আমজাদ মাহবুব আহম্মেদ খানসহ অনেকেই। ঢাকা থেকে এসে ওই মিছিলে যোগ দিয়েছিলেন রাষ্ট্রভাষা কর্মপরিষদের আহ্বায়ক ছাত্রনেতা আবদুল মতিন।সরকার ১৪৪ ধারা জারি করে। পুলিশ আমাদের মিছিলটি ঘিরে ফেললে সবাই রাজপথে বসে স্লোগান দিতে থাকি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে এবং পুলিশি জুলুমের বিরুদ্ধে। মিছিল পুলিশের বাধা ভেদ করে অগ্রসর হয় শহরের প্রধান ডাকঘর পর্যন্ত। অনেকে গ্রেপ্তার হন। পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে। মিছিল ছত্রভঙ্গ হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মুক্তির দাবিতে পরদিন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ধর্মঘট ডাকা হলে এডওয়ার্ড কলেজ বন্ধ ঘোষণা করা হয়। প্রায় এক সপ্তাহ পর গ্রেপ্তারকৃতদের মুক্তি দেওয়া হয়। কিন্তু মুক্তির কয়েক দিন পরই পাবনা জেলা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাদশাকে ফের গ্রেপ্তার করে প্রায় দীর্ঘ সাড়ে চার বছর বিনা বিচারে আটক রাখা হয়।১৯৫২ সলে আমি ছাত্র ছিলাম না। ১৯৫০ সালে ম্যাট্রিকুলেশন পাসের পর সাংসারিক প্রয়োজনে স্থানীয় একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি নিতে হয়েছিল। কিন্তু পাবনার কয়েকজন তরুণ মিলে আমরা শিখা সংঘ নামের একটি প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন গড়ে তুলেছিলাম, যার নেতৃত্বে ছিলেন আবদুল মতিন, কামাল লোহানী ও আমি। একুশে ফেব্রুয়ারি ঢাকায় গুলি চালানোর খবর সন্ধ্যায় আকাশবাণীর খবরে জানতে পেরে দ্রুত মুসলিম ছাত্রলীগের নেতা প্রয়াত আবদুল মোমিন তালুকদার অন্যদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেন, পরদিন হরতাল ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হবে। টিনের চোঙা দিয়ে আমরা তা শহরে প্রচার করি।হরতাল সফল হয়। খণ্ড খণ্ড মিছিল হয়। কারণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা বেরিয়ে এসে মিছিলে যোগ দিতে পারেনি। পুলিশ পৃথকভাবে তাদের ঘেরাও করে রাখে। এডওয়ার্ড কলেজ মাঠে অবশেষে আমরা প্রতিবাদ সমাবেশ করি এবং সেখানে একটি অস্থায়ী শহীদ মিনার তৈরি করে পুষ্পস্তবক অর্পণ করি।১৯৫৩ সালের ১৫ ফেব্রুয়ারি পাবনা স্টেডিয়ামে মুসলিম লীগ সম্মেলনের আয়োজন করে। কেন্দ্রীয় ও প্রাদেশিক মুসলিম লীগের নেতা আবদুল কাইয়ুম খান, সরদার আবদুর রব নিস্তার, ভাষা আন্দোলনে গুলির নির্দেশদাতা খুনি নুরুল আমিন প্রমুখের ওই সম্মেলনে আসার কথা। এ খবর জেনে আমরা ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগের নেতারা যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে বিক্ষোভ মিছিলসহ সম্মেলনের মঞ্চের সামনে গেলে ভয়ে নেতারা সম্মেলন ফেলে রাতের আঁধারে পাবনা ত্যাগ করেন। সম্মেলন পণ্ড হয়। পুলিশ পরদিন ব্যাপক ধরপাকড় করে। তার পরও আমরা প্রতিবাদ অব্যাহত রাখি, অমর একুশে ফেব্রুয়ারি পালন করি।রণেশ মৈত্র: লেখক, রাজনীতিক, ভাষাসৈনিক।