এডমুন্ড হিলারির পাশে মুসা ইব্রাহীম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এডমুন্ড হিলারির স্বাক্ষরের পাশে মুসা ইব্রাহীমের স্বাক্ষর। বিশ্বের প্রথম এভারেস্ট বিজয়ীর পাশে বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী।গতকাল শুক্রবার কাঠমান্ডুর থামেলে অবস্থিত রাম ডুডল হোটেলে আবেগঘন, উৎসবমুখর পরিবেশে মুসার এই স্বাক্ষর অনুষ্ঠান হয়। সেই সঙ্গে মুসার স্বাক্ষর সংবলিত ইয়েতির পায়ের আদলে তৈরি একটি পায়ের ছাপ ঝুলল ঐতিহ্যবাহী এই হোটেলের দেয়ালে। ঐতিহ্য অনুযায়ী, ৩০ বছর আগে প্রতিষ্ঠিত এই হোটেল এভারেস্ট বিজয়ী অভিযাত্রীদের স্বাক্ষর সংগ্রহ করে।রাম ডুডল হোটেলের নামকরণ হয়েছে এভারেস্টের চেয়ে উচ্চতাসম্পন্ন এক কল্পিত চূড়া রাম ডুডলের নামে। বাস্তবে এর উপস্থিতি না থাকলেও অনেক অভিযাত্রী মনে করেন, এই চূড়ার উচ্চতা ৪০ হাজার ফুট। তাই রাম ডুডল অভিযাত্রীদের কাছে স্বপ্নের নাম। হালে এই নামের হোটেলটিই বিশ্বখ্যাত হয়ে উঠেছে ঐতিহ্য সংরক্ষণের মিলনস্থল হিসেবে। হোটেলের দেয়ালে দেয়ালে অভিযাত্রীদের নাম ও বাণীসংবলিত ইয়েতির পায়ের ছাপ। কাউন্টারের পেছনে শুধুই এভারেস্টজয়ীদের স্বাক্ষরসংবলিত বিশাল বোর্ড, রয়েছে শেরপা তেনজিংয়ের ছবি। সেখানেই গতকাল স্বাক্ষর করলেন মুসা। গতকাল বিকেলে রাম ডুডল হোটেলে পৌঁছালে হোটেলের ম্যানেজার যোগ বি রাজভান্ডারি উষ্ণ অভ্যর্থনা জানান মুসাকে। এরপর হোটেলে অবস্থিত রেজিস্টার খাতায় মুসার ছবি ও ঠিকানা যোগ করে স্বাক্ষর নেওয়া হয়। তিনি আনুষ্ঠানিকভাবে মুসার হাতে একটি পরিচয়পত্র তুলে দেন। এই পরিচয়পত্র দেখিয়ে পৃথিবীর অন্য এভারেস্টজয়ীদের মতো মুসাও এই হোটেলে আজীবন বিনা মূল্যে সব সুযোগ-সুবিধা পাবেন। এরপর মুসা স্বাক্ষর করেন এডমুন্ড হিলারির স্বাক্ষরের পাশে।আজ ২৯ মে। এভারেস্ট দিবস। আজ নেপালে পর্বতারোহীদের বসবে আরেক মিলনমেলা। ১৯৫৩ সালের এই দিনে এডমুন্ড হিলারি ও শেরপা তেনজিং নোরগে প্রথম পা রেখেছিলেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে। সম্প্রতি এই দিনটিকে এভারেস্ট দিবস হিসেবে ঘোষণা করে নেপাল ট্যুরিজম বোর্ড। এ দিবস উপলক্ষে নেপাল মাউন্টেনিয়ারস বোর্ড দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। সকালে কাঠমান্ডু শহরে অভিযাত্রীদের নিয়ে বের হবে শোভাযাত্রা। বিকেলে এ বছরের এভারেস্টজয়ীদের হাতে তুলে দেওয়া হবে মেডেল।মুসা ইব্রাহীমের এভারেস্টজয় উপলক্ষে নেপালের বাংলাদেশ দূতাবাস আজ সন্ধ্যা ছয়টায় তাঁকে সংবর্ধনা দিচ্ছে। ১ জুন সন্ধ্যায় মুসা ইব্রাহীম বাংলাদেশে ফিরবেন।