এডিআর নিয়ে আইন কমিশনের জনমত যাচাই
দেওয়ানি ও ফৌজদারি মামলার দীর্ঘসূত্রতা কমানোর লক্ষ্যে কার্যকর একটি আইনি কাঠামো প্রণয়নে কাজ শুরু করেছে বাংলাদেশ আইন কমিশন। এর অংশ হিসেবে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআরের কীভাবে পদ্ধতিগত প্রয়োগ বাড়ানো যায়, এ নিয়ে জনমত যাচাইয়ে কাজ করছে কমিশন। এ জন্য কমিশন একটি প্রশ্নমালা তৈরি করেছে। ৩৩টি প্রশ্ন-সংবলিত প্রশ্নমালায় দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধির কোন কোন ধারায় বিকল্প বিরোধ ব্যবস্থা প্রয়োগ হতে পারে। বর্তমান আইন কেন ফলপ্রসূ হচ্ছে না, আইনজীবী ও বিচারকদের উদ্যোগ কেমন থাকবে প্রভৃতি বিষয়ে জানতে চাওয়া হয়েছে। এ প্রশ্নমালাটি কমিশনের পদ থেকে বিশেষজ্ঞ, বিচারপতি, আইনজীবী, শিক্ষক, সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছে। এর পাশাপাশি এ বিষয়ে যে কেউ মতামত পাঠাতে পারবেন। প্রশ্নটি আইন কমিশনের ওয়েবসাইটে www.lawcommission bangladesh.org দেওয়া আছে।উল্লেখ্য, বর্তমান সরকার এডিআর পদ্ধতিকে কীভাবে কার্যকর করা যায়, এ বিষয়ে খসড়া সুপারিশমালা প্রস্তুতির জন্য কমিশনে পত্র পাঠায়। বর্তমানে এ বিষয়টি কমিশনে প্রাধান্য দিয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। কমিশনের পক্ষ থেকে এই প্রথম কোনো আইনের বিষয়ে খসড়া তৈরির ও জনমত যাচাইয়ের জন্য দেওয়া হয়েছে।এ প্রসঙ্গে আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি মো. আবদুর রশিদ বলেন, জনগণ যাতে স্বল্প ব্যয়ে ও স্বল্প সময়ে ন্যায়বিচার লাভ করতে পারে, এ জন্যই একটি উপযুক্ত কাঠামো তৈরি করতে চায় কমিশন। কমিশনের সদস্য ও সচিব আইন বিভাগের অধ্যাপক এম শাহ আলম জানান, এ বিষয়ে কমিশনে চারজন গবেষক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আশা করেন, বিশেষজ্ঞ এবং সর্বসাধারণের মতামতের ভিত্তিতে একটি কার্যকর আইন কাঠামো তৈরি করা সম্ভব।বর্তমানে দেওয়ানি কার্যবিধির ৮৯-এ, ৮৯-বি ও ৮৯-সি ধারায় বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা থাকলেও তা অনেকটাই অকার্যকর। এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ৩৪৫ ধারায় আপসের মাধ্যমে মামলার নিষ্পত্তি বিধান আছে। এ বিধানগুলোর পরিধি বৃদ্ধি করে একটি নির্দিষ্ট আইন তৈরি করার কাজ করছে কমিশন। কমিশনের প্রধান গবেষক ও এডিআর-বিশেষজ্ঞ মো. আখতারুজ্জামান আইন অধিকারকে বলেন, কমিশনের করা এ প্রশ্নমালায় এডিআর নিয়ে বিশ্লেষণ করার সুযোগ রাখা হয়েছে। ফলে বিশেষজ্ঞ মত ও জনমত নিয়ে কাজ করতে অনেক সুবিধা হবে। পাশাপাশি অন্যান্য দেশে এ পদ্ধতি কীভাবে কার্যকর আছে, এ নিয়ে বিস্তর গবেষণা করা হচ্ছেও বলে তিনি জানান।