এডিপি ও পুঁজিবাজার নিয়ে অর্থ মন্ত্রণালয় নিজেই চিন্তিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি বিনিয়োগ ও পুঁজিবাজার—দুটোরই দেখভাল করার কাজ অর্থ মন্ত্রণালয়ের। অথচ মন্ত্রণালয়ই এ খাতের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে।অর্থ মন্ত্রণালয় ‘সামষ্টিক অর্থনৈতিক গতিপ্রকৃতি ২০০৯-২০১০, অর্থবছরের প্রথম ছয় মাসের পর্যালোচনা’ শীর্ষক এক প্রতিবেদনে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন ও পুঁজিবাজরের মূল্যসূচকের হ্রাস-বৃদ্ধি নিয়ে এ উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।প্রতিবেদনে অর্থবছরের ছয় মাসের রাজস্ব আয়, বৈদেশিক খাত, প্রবাসী-আয়ের (রেমিট্যান্স) প্রবাহ নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে। মূল্যস্ফীতির বর্তমান ধারা কিছুটা ঊর্ধ্বমুখী হলেও ২০০৯-২০১০ অর্থবছরে গড় মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশ ধরে রাখা যাবে বলে উল্লেখ করা হয়েছে। এডিপি বাস্তবায়নের গতি নিয়ে হতাশা প্রকাশ এবং একই সঙ্গে আশঙ্কা করে বলা হয়েছে যে এতে সরকারের দারিদ্র্য বিমোচনের কার্যক্রমও ব্যাহত হতে পারে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের হ্রাস-বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।প্রতিবেদনে ডিসেম্বর ২০০৯-এ এশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ বাজারের মূল্য/আয় (পি/ই) অনুপাতের তুলনামূলক পর্যালোচনা তুলে ধরা হয়েছে। দেখা গেছে, ডিএসইর মূল্য/আয় অনুপাত ২৪.৬। অথচ ওই সময় পাকিস্তানে মূল্য/আয় অনুপাত ৯, থাইল্যান্ডে ১০, ইন্দোনেশিয়ায় ১৩, মালয়েশিয়ায় ২১, মুম্বাইয়ে ২১.২ ও শ্রীলঙ্কায় ১৪.৪ ছিল। প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে, ডিএসইর সাধারণ মূল্যসূচকের হ্রাস-বৃদ্ধির কারণ নিরূপণ ও সূচক নির্ণয়ে আন্তর্জাতিক নিয়ম অনুসরণ ইত্যাদি বিষয়ে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক, পুঁজিবাজার-বিশেষজ্ঞ সালাউদ্দিন আহমেদ খান বলেন, অতিমূল্যায়ন ও ভুল সূচকের বেড়াজালে আছে দেশের শেয়ারবাজার। বিষয়টি অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারের ঊর্ধ্বতন মহলের সবারই জানা। তবে সূচক সংশোধন বা বাজারে যৌক্তিক হস্তক্ষেপ—দুটোর ক্ষেত্রেই এসইসি তাদের অদক্ষতা প্রমাণ করেছে।অর্থবছরের ছয় মাসের বাস্তবায়ন নিয়ে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে, এডিপি বাস্তবায়নে সক্ষমতার ঘাটতি সরকারি বিনিয়োগের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। অর্থ মন্ত্রণালয় মনে করছে, কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন ও দারিদ্র্য বিমোচনের গতি ত্বরান্বিত করার জন্য এডিপি বরাদ্দের শতভাগ ব্যবহার ও ব্যয়ের গুণমান নিশ্চিত করা প্রয়োজন।প্রসঙ্গত, ২০০৯-১০ অর্থবছরের এডিপির আকার ছিল ৩০ হাজার ৫০০ কোটি টাকা। সম্প্রতি তা কমিয়ে করা হয়েছে ২৮ হাজার ৫০০ কোটি টাকা। জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে মোট ব্যয় হয়েছে ১০ হাজার ৭০৭ কোটি টাকা। সংশোধিত এডিপিকে হিসাবে নিলে সাত মাসে বাস্তবায়িত হয়েছে মাত্র ৩৭ দশমিক ৫ শতাংশ।অর্থ মন্ত্রণালয় বলছে, কিছু পদক্ষেপ নিলে এডিপি বাস্তবায়নে অগ্রগতি হবে। এর মধ্যে আছে পরিকল্পনায় শৃঙ্খলা নিশ্চিত করা, মন্ত্রণালয় ও বিভাগের সক্ষমতার আলোকে প্রকল্প গ্রহণ, প্রকল্পের অগ্রাধিকার নির্ধারণ। অর্থ মন্ত্রণালয় আরও মনে করে, এডিপিতে প্রকল্পসংখ্যা যুক্তিসংগতকরণ এবং আগাম সংগ্রহ পরিকল্পনা প্রণয়ন করার প্রয়োজন আছে।এ ব্যাপারে বাংলাদেশ উন্নয়ন গবেষণা-প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক জায়েদ বখ্ত প্রথম আলোকে বলেন, এডিপি বাস্তবায়নের ব্যর্থতা নতুন নয়। বছরের পর বছর ধরে আসছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বলেছিল, এ ব্যাপারে পদক্ষেপ নেবে এবং অর্থমন্ত্রী তাঁর বাজেট-বক্তৃতায়ও সে ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাস্তবে প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন পরিলক্ষিত হচ্ছে না।