এডিপি বাস্তবায়নে ধীরগতি, সংসদীয় কমিটির অসন্তোষ
প্রতিরক্ষা, পরিবেশ ও বন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে অসন্তোষ প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির এই অসন্তোষ প্রকাশ করা হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি অলি আহমদ সাংবাদিকদের জানান, চলতি অর্থবছরে বস্ত্র ও পাট, পরিবেশ ও বন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এডিপির অধীন প্রকল্পগুলোর বাস্তবায়নের অগ্রগতি মাত্র ৬০ শতাংশ। অর্থবছর শেষ হতে আর দেড় মাস বাকি। এ সময়ের মধ্যে বাকি কাজ শেষ করা সম্ভব নয়। তবুও কমিটি তাগিদ দিয়েছে দ্রুত কাজ শেষ করর জন্য। কারণ এডিপি বাস্তবায়নের কাজ সঠিকভাবে না হলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে।এ বিষয়ে সংসদ সচিবালয়ের সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটি ১৫ দিনের মধ্যে তিন মন্ত্রণালয়ের প্রকল্প সংশ্লিষ্ট সব তথ্য কমিটিকে উপস্থাপন করতে বলেছে। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নে যেসব দুর্নীতির অভিযোগ উঠেছে, তা তদন্তের সুপারিশ করেছে।বৈঠকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া গ্রামকে সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জের বাইরে রাখার সুপারিশ করা হয় বলে অলি আহমদ জানান। বৈঠকে কৃষি জমিতে ইটভাটা স্থাপন এবং গাছ কেটে বন উজাড় বন্ধ করার জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।অলি আহমদ বলেন, অবৈধভাবে দখল করা বনভূমি উদ্ধার করার পরামর্শ এবং এ পর্যন্ত কত বনভূমি অবৈধভাবে দখল হয়েছে এবং তা উদ্ধারে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তার একটি প্রতিবেদন কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে।অলি আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য নওয়াব আলী আব্বাস খান, হামিদা বানু শোভা এবং আ ন ম শামশুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।