এডিপি বাস্তবায়নে ব্যর্থ বড় ১০ মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের বেহাল চিত্র তুলে ধরলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উন্নয় প্রকল্পের অর্থ বেশি ব্যয় করে ১০টি মন্ত্রণালয়। প্রথম তিন মাসে এসব মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি মাত্র ১৩ শতাংশ। পরের তিন মাসেও এই অবস্থার তেমন অগ্রগতি হয়নি বলেও জানা গেছে। এডিপির বাস্তবায়নের এই হাল সম্পর্কে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফ্ফর আহমদ প্রথম আলোকে বলেন, ‘প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন পদ্ধতিতে আমূল পরিবর্তন আনতে হবে। এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্তদের দলীয়করণের ঊর্ধ্বে রাখতে হবে। আর প্রতিবছর রাজনৈতিক বিবেচনায় অনেক প্রকল্প নেওয়া হয়, যার কোনো অর্থ নেই। রাজনৈতিক বিবেচনায় প্রকল্প নেওয়া বন্ধ করতে হবে।’মোজাফ্ফর আহমদের মতে, উন্নয়নে বিনিয়োগ দরকার। আর বিনিয়োগের রূপরেখা হলো এডিপি। বর্তমানে এই এডিপি বাস্তবায়নে ঘাটতি রয়েছে। পরিকল্পনা প্রণয়ন পদ্ধতিতে ভুল রয়েছে। কারণ প্রশাসন দলীয়করণ করা হয়েছে। সাংসদেরা প্রকল্প প্রণয়ন-প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছেন। পদ্মা সেতু-পরিস্থিতি: আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ছিল দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগ উন্নয়নে পদ্মা সেতু নির্মাণ। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিত রাখায় সেতু তৈরির কাজ এগোয়নি। ফলে এডিপি বাস্তবায়নে সেতু বিভাগের অগ্রগতি ছিল মাত্র ১ শতাংশ। চলতি অর্থবছরে সেতু বিভাগের জন্য দুই প্রকল্পে বরাদ্দ ছিল দুই হাজার ২৩৫ কোটি টাকা।অর্থমন্ত্রী সংসদে এ বিষয়ে গতকাল বলেন, পদ্মা সেতু প্রকল্পের অর্থায়নে মূল দাতা সংস্থা বিশ্বব্যাংকের সঙ্গে সৃষ্ট সাম্প্রতিক জটিলতা নিরসনের জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।অন্যান্য মন্ত্রণালয়: সেতু বিভাগের পর সবচেয়ে খারাপ অগ্রগতি পানিসম্পদ মন্ত্রণালয়ের। এবারের এডিপিতে এই মন্ত্রণালয়ের প্রকল্প সংখ্যা ৬১টি এবং বরাদ্দ আছে এক হাজার ৪৮৭ কোটি ৪৮ লাখ টাকা। আর প্রথম প্রান্তিকে বাস্তবায়ন হয়েছে মাত্র ৩ শতাংশ। শিক্ষা মন্ত্রণালয়ের ৬৫টি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ৬ শতাংশ। বরাদ্দ ছিল দুই হাজার ১২৪ কোটি ৭৭ লাখ টাকা।আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১১ প্রকল্পে বরাদ্দ দুই হাজার ৪১৮ কোটি ৪৯ লাখ টাকার মধ্যে প্রথম প্রান্তিকে বাস্তবায়ন অগ্রগতি ১২ শতাংশ। সড়ক বিভাগের জন্য এডিপিতে বরাদ্দ ছিল দুই হাজার ২৭৩ কোটি ১১ লাখ টাকা এবং প্রকল্প সংখ্যা ১৫৫টি। কিন্তু প্রথম প্রান্তিক শেষে অগ্রগতি হয়েছে মাত্র ৭ শতাংশ।দেশে জ্বালানি খাত নিয়ে অনেক দিন ধরে আলোচনা-সমালোচনা চলছে। সরকারও এ খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। চলতি বছরের এডিপিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ৩৭টি প্রকল্পে বরাদ্দ ছিল এক হাজার ৬২ কোটি ৫৫ লাখ টাকা। প্রথম প্রান্তিক শেষে বাস্তবায়ন অগ্রগতি হয়েছে মাত্র ৯ শতাংশ। অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে সংসদকে জানান, বিকল্প জ্বালানির উৎস হিসেবে কয়লা অনুসন্ধান, উত্তোলন এবং এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় কয়লানীতি প্রণয়ন এবং জাতীয় জ্বালানিনীতি, ১৯৯৬ হালনাগাদ করার কাজ প্রায় চূড়ান্ত হয়েছে। গ্যাস-সংকট নিরসনে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্সকে শক্তিশালী করার জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর সরঞ্জামাদি সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনীয় জনবল নিয়োগ ও প্রশিক্ষণ কার্যক্রমও গ্রহণ করা হয়েছে। তিনি আশা করেন, গৃহীত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি এসব পদক্ষেপে বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার স্থায়ী, টেকসই ও গ্রহণযোগ্য সমাধান হবে।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ২০টি প্রকল্পে এডিপিতে বরাদ্দ ছিল এক হাজার তিন কোটি আট লাখ টাকা। প্রথম প্রান্তিক শেষে বাস্তবায়ন অগ্রগতি ১০ শতাংশ। রেলওয়ে বিভাগের ৪২টি প্রকল্পে এডিপিতে বরাদ্দ ছিল দুই হাজার ২৮৯ কোটি ৪০ লাখ টাকা। প্রথম প্রান্তিকে বাস্তবায়ন ১৩ শতাংশ।স্থানীয় সরকার বিভাগের ১৩৭টি প্রকল্পে বরাদ্দের পরিমাণ নয় হাজার ২৪৫ কোটি ৬৩ লাখ টাকা। প্রথম প্রান্তিক শেষে বাস্তবায়ন মাত্র ১৬ শতাংশ।তবে সবচেয়ে বেশি বাস্তবায়নের অগ্রগতির তথ্য মিলেছে বিদ্যুৎ বিভাগের এডিপির প্রকল্পে। এ বিভাগের ৪৬টি প্রকল্পে বরাদ্দ রয়েছে সাত হাজার ১৪৫ কোটি ২৮ লাখ টাকা। বাস্তবায়ন অগ্রগতির হার ২২ শতাংশ। অর্থমন্ত্রী সংসদকে বলেছেন, বিদ্যুৎ খাত নিয়ে সরকার মহাপরিকল্পনা নিয়েছে। ২০১৫ সালের মধ্যে জাতীয় গ্রিডে দুই হাজার ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সংযোজনের লক্ষ্যমাত্রা রয়েছে। এর বিপরীতে ২০১২ সালের মধ্যে অতিরিক্ত দুই হাজার ১৫৭ মেগাওয়াট বিদ্যুৎ সংযোজন হবে। ইতিমধ্যেই দুই হাজার ২২ মেগাওয়াট যুক্ত হয়েছে। এখনো চিত্র বদলায়নি: অর্থমন্ত্রী সংসদে অর্থবছরের তিন মাসের এডিপি বাস্তবায়ন চিত্র তুলে ধরেছেন। এর পরের তিন মাস (অক্টোবর থেকে ডিসেম্বর) সময়েও অবস্থার তেমন পরিবর্তন হয়নি। বড় ১০ মন্ত্রণালয় এ সময়ে (জুলাই-ডিসেম্বর) ৩৪ শতাংশ খরচ করেছে। মোট ৫৭৬টি প্রকল্পের অনুকূলে ৩১ হাজার ২২৭ কোটি টাকা বরাদ্দের মাত্র ১০ হাজার ৬৫৯ কোটি টাকা খরচ করতে পেরেছে এসব মন্ত্রণালয়। ছয় মাসে বরাদ্দ থাকা অর্থের মধ্যে সেতু বিভাগ ৬ শতাংশ, পানিসম্পদ মন্ত্রণালয় ২৩ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয় ২৬ শতাংশ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৪৩ শতাংশ, সড়ক বিভাগ ৩৬ শতাংশ, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ বিভাগ ২৪ শতাংশ, স্থানীয় সরকার বিভাগ ৩৯ শতাংশ, রেল বিভাগ ২৮ শতাংশ এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ১৮ শতাংশ অর্থ খরচ করেছে। সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে বিদ্যুৎ বিভাগ, ৪৪ শতাংশ।