চলতি অর্থবছরের সাত মাসে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার ৩৪ শতাংশ। সর্বোচ্চ ১৪৪ শতাংশ বাস্তবায়ন করেছে পরিসংখ্যান বিভাগ। মাত্র এক শতাংশ বাস্তবায়ন করেছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়।আজ বৃহস্পতিবার সংসদের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা জানান। এর আগে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বিকেল সোয়া পাঁচটায় সংসদের অধিবেশন শুরু হয়।এডিপি বাস্তবায়ন সম্পর্কে জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সরকারের ২৮টি মন্ত্রণালয়/বিভাগের হিসাব দেন। অর্থমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী জানুয়ারি পর্যন্ত ৩০ শতাংশের কম এডিপি বাস্তবায়ন করেছে আটটি মন্ত্রণালয়/বিভাগ। এগুলো হলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ৩ শতাংশ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ৬ শতাংশ, সেতু বিভাগ ৯ শতাংশ, নৌপরিবহন মন্ত্রণালয় ১৫ শতাংশ, সরকারি কর্মকমিশন সচিবালয় ২১, পরিবেশ ও বন মন্ত্রণালয় ২৬, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ২৭ ও সংসদ সচিবালয় ২৯। ৪০ শতাংশের ওপরে এডিপি বাস্তবায়ন করেছে ভূমি মন্ত্রণালয় ৫১, কৃষি ৪৭, দুর্যোগ ও ত্রাণ বিভাগ ৪৭, পার্বত্য মন্ত্রণালয় ৪৬, স্থানীয় সরকার ৪৬, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ ৪৩, সড়ক বিভাগ ৪২ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ৪১ শতাংশ।অর্থমন্ত্রী আরও জানান, ২০১১-১২ অর্থবছরের জানুয়ারি পর্যন্ত বৈদেশিক সাহায্য বাবদ ৩২ হাজার ৩৫ কোটি টাকার অঙ্গীকার পাওয়া গেছে। এর মধ্যে ২৪ হাজার ২৪১ কোটি টাকা ঋণ এবং সাত হাজার ৭৯৪ কোটি টাকা অনুদান। প্রতিশ্রুত এ টাকার মধ্যে ছাড় হয়েছে পাঁচ হাজার ৩৩৭ কোটি টাকা।ডলারের দামসংক্রান্ত কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০০৩ সাল থেকে অনুমোদিত ডিলাররা বৈদেশিক মুদ্রার চাহিদা ও জোগানের ওপর ভিত্তি করে এর প্রতিযোগিতামূলক বিনিময় দাম নির্ধারণ করে থাকে। সরকারি বাজেট অর্থায়নে বিদেশি অনুদান সহায়তা স্বাভাবিকের চেয়ে কম হওয়ায় মুদ্রার জোগানের ওপর কিছুটা চাপ পড়ে। যে কারণে আমদানিপণ্যের দাম কিছুটা বেশি। তবে বিলাসসামগ্রী আমদানির পরিমাণ কমে আসায় বৈদেশিক মুদ্রার চাহিদা কিছুটা কমেছে।