এডিপির নতুন প্রকল্প নিয়ে নতুন কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) নতুন প্রকল্প নিয়ে নতুন কৌশল নেওয়া শুরু হয়েছে। মূল এডিপিতে অল্প কয়েকটি নতুন প্রকল্প অন্তর্ভুক্ত দেখানো হচ্ছে। কিন্তু অর্থবছর শেষে দেখা যাচ্ছে বিপুলসংখ্যক নতুন প্রকল্প। চলতি ২০১০-১১ অর্থবছরের মূল এডিপি ছিল ৩৮ হাজার কোটি টাকার। আর এই এডিপিতে নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছিল মাত্র ৯৪টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ৬৮টি, কারিগরি সহায়তা প্রকল্প ১২টি এবং জাপানি ঋণ মওকুফ তহবিলের আওতায় আরও ১৪টি প্রকল্প। সব মিলিয়ে এডিপিতে প্রকল্পের সংখ্যা ছিল ৯১৬টি।অর্থবছরের শেষ প্রান্তে দুই দফা সংশোধন করার পর এখন এডিপির আকার দাঁড়িয়েছে ৩৫ হাজার ৮৩০ কোটি টাকা। বরাদ্দ কমলেও নতুন প্রকল্পের সংখ্যা বেড়েছে ২৬৯টি। ফলে এডিপির প্রকল্পসংখ্যা এখন এক হাজার ১৮৫টি। নতুন প্রকল্প নিয়ে লুকোচুরি: এ এক নতুন কৌশল। বলা যায়, প্রকল্পের সংখ্যা নিয়ে লুকোচুরি। বড় এডিপি করেও নতুন প্রকল্প কম অন্তর্ভুক্ত করে শুরুতে বাহবা কুড়ায় পরিকল্পনা কমিশন। এরপর বছর ধরে চলতে থাকে নতুন নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করা। ফলে বছর শেষে দেখা যায়, প্রকল্পের সংখ্যা বেড়ে গেছে অনেক। গত কয়েকটি বছর ধরে এই প্রবণতা শুরু হয়েছে।যেমন ২০০৯-১০ অর্থবছরের মূল এডিপিতে প্রকল্প সংখ্যা ছিল ৮৮৬টি। সংশোধিত এডিপিতে প্রকল্প বেড়ে হয়েছিল ১০৬২টি। আর এডিপির আকার কমানো হয়েছিল দুই হাজার কোটি টাকা। অর্থাৎ এডিপি সাড়ে ৬ শতাংশ কমলেও প্রকল্পের সংখ্যা বাড়ানো হয় ২০ শতাংশ। বিদায়ী অর্থবছরের পরিস্থিতি আরও খারাপ। ২০১০-১১ অর্থবছরে এডিপি কমেছে মাত্র ৭ শতাংশ, অথচ প্রকল্পের সংখ্যা বাড়ানো হয়েছে ২৯ শতাংশ। চলতি ২০১০-১১ অর্থবছরের নতুন প্রকল্প ৯৪টি রাখা হলেও এখানেও রয়েছে শুভংকরের ফাঁকি। কেননা, এ সময়ে বরাদ্দবিহীন রাখা ছিল আরও প্রায় এক হাজার ১০০ প্রকল্প। এর মধ্যে ৮০০ অননুমোদিত এবং ২৯২টি বিদেশি সাহায্য পেলে বাস্তবায়িত হবে। কৌশলটা হচ্ছে, মূল দলিলে কম প্রকল্প দেখানো হলেও অর্থবছরের শুরু থেকেই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে (একনেক) একের পর এক প্রকল্প অনুমোদন দেওয়া। ফলে এডিপিতে নতুন প্রকল্প কম নেওয়ার ঘোষণা থাকলেও শেষ পর্যন্ত এই ঘোষণা আর ঠিক থাকে না। এ কারণে সংশোধিত এডিপিতে বেড়ে যাচ্ছে নতুন প্রকল্পের সংখ্যা। রাস্তা তৈরিতেই বেশি আগ্রহ: এডিপির আওতায় রাস্তা-কালভার্ট-সেতু তৈরির প্রকল্পেই ব্যাপক আগ্রহ দেখা গেছে বছরের পর বছর ধরে। একটি এলাকায় রাস্তা তৈরি হলে তা উন্নয়ন হিসেবে দেখানো সহজ। আবার এসব কাজে অর্থ অপচয় বা আত্মসাতের সুযোগও বেশি থাকে। যেনতেনভাবে রাস্তা একটা বানিয়ে অর্থ তুলে নেওয়ার অসংখ্য উদাহরণ রয়েছে। এ ছাড়া রাস্তা মানেই মাটি কাটা থেকে শুরু করে অনেক ধরনের কাজ সম্পন্ন করতে হয়। ফলে এলাকার বেশ কিছু মানুষ নতুন কাজ পায় এবং তারা খুশি থাকে।এডিপিতে পরিবহন খাত নিয়েও চলছে শুভংকরের ফাঁকি। নতুন এডিপি অনুমোদন পাওয়ার পর সরকার থেকে বলা হয়, সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা খাতকে। আসলে সর্বোচ্চ বরাদ্দ পায় এই পরিবহন খাত। যেমন ২০১০-১১ অর্থবছরে পরিবহন খাত বরাদ্দ পেয়েছে মোট এডিপির ১৪.৩১%। এর কাছাকাছি, ১৩.৪৭% বরাদ্দ পেয়েছে শিক্ষা ও ধর্ম খাত। আবার সংশোধিত এডিপি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, পরিবহন খাতের বরাদ্দ বেড়ে হয়েছে ১৪ দশমিক ৯২ শতাংশ, আর শিক্ষা ও ধর্ম খাতে বরাদ্দ ১৪ দশমিক ৩৯ শতাংশ। ২০০৯-১০ অর্থবছরের মূল এডিপিতে পরিবহন খাতে মোট প্রকল্প ছিল ১৪৭টি এবং এ জন্য বরাদ্দ ছিল চার হাজার ৬৭১ কোটি টাকা। আর অর্থবছরের শেষ পর্যায়ে এসে এডিপি যখন সংশোধন করা হলো সেখানে দেখা গেল এই খাতের মোট প্রকল্প ১৮০টি। আবার চলতি ২০১০-১১ অর্থবছরে পরিবহন খাতে প্রকল্প রাখা ছিল ১৬৩টি। সংশোধিত এডিপিতে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২৩৮টি।এডিপিতে অন্তর্ভুক্ত নতুন প্রকল্পের বড় অংশই রাজনৈতিক বিবেচনায় অন্তর্ভুক্ত হয়। ক্ষমতাসীন দলের নেতা, কর্মী বা সমর্থকদের তদবিরে নতুন নতুন প্রকল্প তৈরি করতে হয়। এ ক্ষেত্রে শুরুতে বরাদ্দবিহীন রাখা হলেও পরবর্তী সময়ে প্রভাবশালীদের পছন্দের প্রকল্পগুলো সারা বছর ধরে অনুমোদন পেতে থাকে। অক্ষমতার পুরস্কার: এডিপি পুরোপুরি বাস্তবায়ন করতে না পারা শেষ পর্যন্ত অর্থমন্ত্রী ও অর্থনীতির জন্য শুভ ফলই বয়ে আনছে। কেননা, বাস্তবায়ন করা হলে বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতো না। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বড় নীতিই হচ্ছে বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে রাখা। সব দেশের জন্যই তাদের এক নীতি। আর এই নীতি পালন নির্ভর করে এডিপি বাস্তবায়নের ওপর। দেখা গেছে, অর্থবছরের শুরুতে সরকার যে বাজেট পরিকল্পনা করে তাতে কোনো লক্ষ্যমাত্রাই পূরণ করা সম্ভব হয় না। রাজস্ব ব্যয় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও বেশির ভাগ ক্ষেত্রে পূরণ হয় না রাজস্ব আয়ের লক্ষ্য। এর ফলে এডিপির সম্পূর্ণ বাস্তবায়ন হলে প্রয়োজনীয় অর্থের জোগান দেওয়া অর্থমন্ত্রীর সামর্থ্যের বাইরে চলে যাবে। তখন ব্যাংকব্যবস্থা থেকে বিপুল পরিমাণ ঋণ নেওয়া ছাড়া গত্যন্তর থাকে না। কিন্তু বাস্তবে রাজস্ব আয়ের তুলনায় ব্যয় বাড়লেও উন্নয়ন ব্যয় বাড়ে না। ফলে বাজেট ঘাটতি লক্ষ্যমাত্রার মধ্যে রাখতে অর্থমন্ত্রীর পক্ষে কোনো সমস্যাই হয় না। প্রতিটি অর্থবছরই এখন বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে থাকছে মূলত এডিপি বাস্তবায়নে অক্ষমতার কারণেই।শেষ সময়ের ব্যয়: অর্থবছরের শেষ দুই মাস অর্থাৎ মে ও জুনে এডিপি বরাদ্দের প্রায় অর্ধেক ব্যয় হয়। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুন থেকে এপ্রিল সময়) মূল এডিপির ৫৪ দশমিক ৩ শতাংশ এবং সংশোধিত এডিপির ৬০ শতাংশ ব্যয় হয়েছে। ১০ মাসে খরচ হয়েছে ২০ হাজার ৯০৯ কোটি টাকা। এর মানে হচ্ছে শেষ দুই মাসে ব্যয় করতে হবে ১৪ হাজার ২২১ কোটি টাকা। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ গবেষক দেবপ্রিয় ভট্টাচার্য এডিপি বাস্তবায়নের শেষ দুই মাসকে ব্যয়োৎসব উল্লেখ করে এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, এতে অপচয়ের আশঙ্কা বেশি থাকে। গত শনিবার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দেবপ্রিয় ভট্টাচার্য পরিহাস করে বলেছেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাদ দিয়ে এর নাম বার্ষিক উন্নয়ন পরিকল্পনা রাখা প্রয়োজন। কেননা, এডিপির কোনো লক্ষ্যই এখন পূরণ করা সম্ভব হচ্ছে না। অথচ কর্মসূচি হলে সেখানে নির্দিষ্ট লক্ষ্য পূরণের একধরনের বাধ্যবাধকতা থাকে। পরিকল্পনায় সেসবের প্রয়োজন হয় না।