এডিপির ২২ শতাংশ অর্থ খরচ করতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
২০০৯-১০ অর্থবছরের শেষ মাস জুনে এসেও বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ২২ শতাংশ অর্থ খরচ করতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা মাত্র ৭৮ শতাংশ টাকা খরচ করতে পেরেছে। তবে আগামী মাসের মধ্যে এডিপির ৯০ শতাংশ অর্থ তারা খরচ করার ব্যাপারে আশাবাদী।আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলতি অর্থবছরের এডিপির অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, চলতি অর্থবছরের এডিপিতে মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলোর ৩৬টি প্রকল্পের জন্য ৪৯৭.১০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। মে পর্যন্ত খরচ হয়েছে ৩৩৭.৭১ কোটি টাকা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মে মাস পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্টের জন্য ৩৫ হাজার আবেদন জমা পড়েছে। বিতরণ করা হয়েছে সাত হাজার পাসপোর্ট।