এডিবি বাংলাদেশকে সৌর ও বায়ুচালিত বিদ্যুৎ প্লান্ট দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে সৌর ও বায়ুচালিত সমন্বিত বিদ্যুৎ প্লান্ট দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বহুজাতিক এই ঋণ প্রদানকারী সংস্থা তাদের নতুন উদ্ভাবিত দুটি বিদ্যুৎ প্লান্ট বাংলাদেশকে দেবে এবং পরীক্ষামূলকভাবে তা দেশের প্রত্যন্ত অঞ্চলে স্থাপন করা হবে। ঢাকা সফররত এডিবির ভাইস প্রেসিডেন্ট জিয়াই ঝাও আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্কালে এ কথা বলেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, এডিবি বহুপ্রত্যাশিত পদ্মা সেতু নির্মাণে তার প্রতিশ্রুত তহবিল দেওয়ার ব্যাপারেও প্রধানমন্ত্রীকে আশ্বাস দেয়। বৈঠককালে জিয়াই ঝাও ও শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে এডিবির সহায়তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।প্রধানমন্ত্রী এডিবির কর্মকর্তাকে বলেন, তাঁর সরকার ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মধ্যে ডিজিটাল বাংলাদেশ গঠন এবং দেশকে মধ্য আয়ের শান্তিপূর্ণ দেশে পরিণত করার ভিশন বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, পদ্মা সেতু দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডে নবগঠিত সঞ্চয়ের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দর স্থাপন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ চীন ও ভারতসহ তার প্রতিবেশীদের এই বন্দর ব্যবহারের অনুমতি দেবে এবং এতে গোটা অঞ্চল উপকৃত হবে। তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার দেশে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় যথাযথ গুরুত্ব দিয়েছে।এর পাশাপাশি প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) খাতের উন্নয়নের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এ লক্ষ্যে এরই মধ্যে পিপিপির নীতি, কৌশল ও রূপরেখাসম্পর্কিত গেজেট প্রকাশিত হয়েছে এবং শিগগিরই প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে এর কার্যালয় স্থাপন করা হবে।শেখ হাসিনা ১৯৭৩ সালে এডিবির সদস্যপদ লাভের পর থেকে বাংলাদেশের দায়িত্বশীল উন্নয়ন সহযোগীতে পরিণত হওয়ার জন্য এডিবিকে ধন্যবাদ জানান। তিনি জিডিপির উচ্চপ্রবৃদ্ধি অর্জনে অবকাঠামো, বিদ্যুৎ, পরিবহন, বন্দর, নদীখনন ও নগর উন্নয়নে এডিবির সহায়তার অনুরোধ জানান।অন্যদের মধ্যে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।