ভারতের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পলের ডিজাইন করা পোশাক নিয়ে আগামী ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় হোটেল র্যাডিসনে অনুষ্ঠিত হবে ‘গ্যালারি অ্যাপেক্স লাইফ ইজ বিউটিফুল’ শিরোনামের ফ্যাশন শো। শো শেষে ফ্যাশন শোর পোশাকগুলো নিলামে তোলা হবে।নিলাম থেকে প্রাপ্ত অর্থ প্রথম আলো ট্রাস্টের অধীনে এসিডদগ্ধ নারীদের জন্য সহায়তা তহবিলে দান করা হবে। ফ্যাশন শোর পৃষ্ঠপোষকতা করছে অ্যাপেক্স অ্যাডেলকি ফুটওয়্যার লিমিটেড। আয়োজক হিসেবে থাকছে বেসরকারি টেলিভিশন দেশ টিভি। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।সংবাদ সম্মেলনে ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল বলেন, ‘আমি সব সময় চেষ্টা করি অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে। বাংলাদেশে এসিডদগ্ধ নারীদের সহায়তার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।’সম্মেলনে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর বলেন, ‘এটি শুধু একটি ফ্যাশন শো-ই নয়, এসিডদগ্ধ নারীদের সহায়তার জন্য একটি মহৎ উদ্যোগও।’ দেশের অবহেলিত নারীদের জন্য ভারতের ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পলের এই উদ্যোগকে তিনি স্বাগত জানান।সংবাদ সম্মেলনে জানানো হয়, ফ্যাশন শোতে ঢাকা ও কলকাতার চলচ্চিত্র ও টিভির অভিনয়শিল্পী এবং ২৫ জন র্যাম্প মডেল অংশ নেবেন। এই ফ্যাশন শোতে অংশ নিতে ঢাকায় আসবেন ঋতুপর্ণা সেনগুপ্ত, লকেট চ্যাটার্জি ও পাওলি দাম। এ ছাড়া বাংলাদেশ থেকে অংশ নেবেন নোবেল, তিশা, বিন্দু, মিম, মমসহ আরও অনেকে।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ফ্যাশন শো শেষে অনুষ্ঠানে সংগীতশিল্পী রুপঙ্কর ও পিন্টু ঘোষ সংগীত পরিবেশন করবেন। পুরো অনুষ্ঠানটি দেশ টিভি সরাসরি সম্প্রচার করবে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাপেক্স অ্যাডেলকি ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর ও দেশ টিভির উপব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান।