এডিসির জন্য ট্রেনের অপেক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন এডিসি আসবেন। তাই অপেক্ষা করছিল ট্রেনটি। ট্রেনে অপেক্ষা করছিলেন যাত্রীরাও। অবশেষে নির্ধারিত সময়ের ২৫ মিনিট পরে ছাড়ল ট্রেনটি। কারণ ওই এডিসি আসতে দেরি করলেন ২৫ মিনিট।গতকাল বৃহস্পতিবার জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে খুলনাগামী আন্তনগর সীমান্ত এক্সপ্রেস (ডাউন—৭৪৮) ট্রেনটিকে এভাবেই এডিসির জন্য আটকে রাখা হয় বলে যাত্রীরা অভিযোগ করেছেন। ওই কর্মকর্তা জয়পুরহাট থেকে সড়কপথে গিয়ে ট্রেনে ওঠেন। তাঁর ওঠার পর ট্রেনটি স্টেশন ছাড়ে। কর্মকর্তার জন্যই স্টেশনে ট্রেনটি ২৫ মিনিট দাঁড়িয়েছিল। এ ঘটনায় ক্ষোভ জানিয়ে সীমান্ত ট্রেনের যাত্রী সোহেল রানা বলেন, ‘আগে জানতাম ট্রেনে ওঠার জন্য মানুষ অপেক্ষা করে, এখন দেখছি মানুষের জন্য ট্রেন অপেক্ষা করছে।’আক্কেলপুর রেলস্টেশনের রেজিস্টার খাতায় উল্লেখ আছে, গতকাল রাত ১০টা পাঁচ (১০:০৫) মিনিটে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি এই স্টেশনে এসে পৌঁছায়। আবার রাত সাড়ে ১০টায় ট্রেনটি সান্তাহার স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। আক্কেলপুর স্টেশন সূত্র জানায়, জয়পুরহাট জেলা প্রশাসনের একজন কর্মকর্তা সপরিবারে খুলনা যাওয়ার উদ্দেশে জয়পুরহাট রেলস্টেশনে যান। ওই কর্মকর্তা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি আক্কেলপুর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। পরে ওই কর্মকর্তা সড়কপথে আক্কেলপুর স্টেশনে গিয়ে ওই ট্রেনে ওঠেন। এরপর ট্রেনটি ছাড়ে। আক্কেলপুর স্টেশনমাস্টার আবদুর রাজ্জাক প্রথম আলো ডটকমকে বলেন, ‘একজন এডিসি জয়পুরহাট স্টেশনে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি অল্পের জন্য ধরতে পারেননি। পাকশী নিয়ন্ত্রণকক্ষ (কন্ট্রোল) থেকে এডিসি সাহেবের জন্য ট্রেনটি আক্কেলপুর স্টেশনে অপেক্ষা করাতে বলা হয়। এডিসি জয়পুরহাট থেকে সড়কপথে গিয়ে ট্রেনে ওঠেন। এ কারণে পৌঁছানোর ২৫ মিনিট পর ট্রেনটি ছাড়তে হয়েছে।’এ প্রসঙ্গে রেলওয়ের পশ্চিমাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) সুজিত কুমার বিশ্বাস আজ শুক্রবার মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, ‘কারও জন্য ট্রেন অপেক্ষায় থাকবে এমন নিয়ম রেলে নেই। একজন ব্যক্তির জন্য সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর স্টেশনে আটকে রাখার কথা জেনেছি। এ ব্যাপারে নিয়ন্ত্রণকক্ষের (কন্ট্রোল) সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে তিনি জানান।’