এত কষ্ট, জীবনটাই যেন নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহানারা বেগম। নগরের গুয়াইপাড়া এলাকার বাসিন্দা। গত ৩০ জানুয়ারি তিনি নিজ বাসার সামনে সামান্য একটু পানি দিয়ে হাঁড়ি-পাতিল পরিষ্কার করছিলেন। এ সময় সিটি করপোরেশনের পানি সরবরাহে কোনো সমস্যা আছে কি না জানতে চাইলে তিনি ক্ষেপে ওঠেন। রাগত সুরে তিনি বলেন, ‘সমস্যা নাই মানে? সিটি করপোরেশনের পানি একেবারে পাই না বললেই চলে। দিনে-রাতে একবার আসে। তাও আবার ঝিরঝির করে পড়ে। এ পানি দিয়ে না পারি ঘরের কাজ করতে, না পারি গোসল করতে। বহুদিন ধরে এ অবস্থা থাকলেও তা সমাধানের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।’শুধু শাহানারা নন, তাঁর মতো নগরের বিভিন্ন এলাকার অধিকাংশ গৃহিণী অভিযোগ করেন, নিয়মিত সিটি করপোরেশনের পানি না পাওয়ায় তাঁরা ভীষণ দুর্ভোগ পোহাচ্ছেন। পানির অভাবে রান্নার কাজ, হাঁড়ি-পাতিল ও কাপড় পরিষ্কার, গোসল কিংবা নিত্যদিনকার কাজ করা সম্ভব হচ্ছে না। যতটুকু না লাগলেই নয়, ততটুকু পানি যোগাড়েও হিমশিম খেতে হচ্ছে গৃহিণীদের।ভুক্তভোগী গৃহিণীরা জানান, সিটি করপোরেশন কর্তৃপক্ষ প্রতিদিন সকাল, বিকেল কিংবা রাতে যেকোনো এক সময়ে ঘণ্টা দুয়েকের জন্য পানি সরবরাহ করে থাকে। এ সময়ের মধ্যে পানি সংগ্রহ করে রাখতে হয়। তবে অধিকাংশ সময় পানি ধীরে ধীরে পড়ায় সর্বোচ্চ ১০ থেকে ১২ বালতির মতো পানি তাঁরা ধরে রাখতে পারেন। আর এ পানি দিয়েই চালাতে হয় সারা দিনের গৃহস্থালীর কাজ।রায় হোসেন এলাকার তানজুমা আহমেদ বলেন, ‘পানির অভাবে প্রতিদিন গোসল করতে পারি না। ঠিকমতো থালাবাসনও পরিষ্কার করা সম্ভব হয় না। বাধ্য হয়ে বাইরে থেকে পানি কিনে আনি। মাস শেষে এই পানির বিল হাজার দুয়েক টাকায় গিয়ে দাঁড়াচ্ছে।’কলবাখানি এলাকার এক রিকশাচালকের স্ত্রী আনোয়ারা বেগম বলেন, ‘ধনী মানুষ পানি না পাইলে কিনে আনতে পারে, আমরা তো ইডাও পারি না। আমগো কী দশা।’কোণাপাড়া এলাকার শিক্ষিকা অনিতা পাল বলেন, ‘পানিসংকট তীব্র থাকায় প্রয়োজনমতো পানি ব্যবহার করতে পারছি না। অনেক সময় ছেলেমেয়েরা সামান্য একটু বেশি পানি খরচ করলে গালি-গালাজ করি। এতে পারিবারিক অশান্তিও দিন দিন বাড়ছে। পানির অভাবে বড় কষ্টে দিনকাল কাটছে। একমাত্র ভগবানই বলতে পারেন, এ অবস্থা থেকে কবে মুক্তি পাব।’