ইমদাদুল হক মিলনকে ধন্যবাদ, তাঁর কল্যাণে লর্ডস দেখা হলো! মিলন না থাকলে অলিম্পিকে আরও এত সব মজার খেলা রেখে কি আর্চারি দেখতে যেতাম? গেলে যেতাম একটা কারণেই, লর্ডসে আর্চারি—এই অভাবনীয় ঘটনার সাক্ষী হয়ে থাকতে।অথচ মিলনের কারণে এই অলিম্পিকে সবার আগে যে খেলাটা দেখলাম, সেটি আর্চারি। অলিম্পিক উদ্বোধনের দিন সকালেই ছিল ওর র্যাঙ্কিং প্রতিযোগিতা। সেটি হয়েছিল লর্ডসের মূল মাঠের পাশে নার্সারি গ্রাউন্ডে। গত পরশু মূল পর্ব ঠিক লর্ডস প্যাভিলিয়নের সামনে। প্যাভিলিয়নের দোতলায় অলিম্পিকের জন্য বানানো বিশেষ প্রেসবক্সে বসে মনে পড়ছিল, লর্ডসে প্রথম পা রাখার সেই রোমাঞ্চের কথা।সেটি ১৯৯৯ বিশ্বকাপ। লর্ডসে ঢুকেই ক্রিকেট-তীর্থের ঘাসের স্পর্শ নিতে মাঠে ঢুকে গিয়েছিলাম। আর হা-রে-রে-রে ছুটে এসেছিল লর্ডসের সদা গোমড়ামুখো স্টুয়ার্ট। মহাকাশযান-সদৃশ লর্ডসের বিখ্যাত প্রেসবক্সের উদ্বোধন সেবারই। ইংল্যান্ড-শ্রীলঙ্কা উদ্বোধনী ম্যাচে অবশ্য সেটিতে স্থান হলো না। অগ্রাধিকার তালিকায় অনেক পেছনে থাকায় বসতে হলো উল্টো দিকে স্কয়ার লেগের কাছাকাছি পুরোনো প্রেসবক্সে। সেটিকে মনে হয়েছিল শাপেবর। বিখ্যাত সব ক্রিকেট লেখকদের ছবি বাঁধাই করে রাখা। আমি শুধু নেভিল কার্ডাসের ছবিটার দিকে তাকিয়ে ভাবছি, আমি যেখানে বসেছি, কার্ডাসও হয়তো একদিন ওখানে বসেই রচনা করেছেন অমর ক্রিকেট-কাব্য।ওই ১৯৯৯ বিশ্বকাপেই আরও কয়েকবার লর্ডসে এসেছি। এর পরও অনেকবার। তা হলে মিলনের কল্যাণে লর্ডস দেখলাম, কথাটার অর্থ কী? অর্থ হলো, লর্ডস আগেও দেখেছি। কিন্তু আবার দেখিওনি। যেটিতে না ঢুকলে লর্ডস-দর্শন সম্পূর্ণ হয় না, সেই প্যাভিলিয়নে প্রথম প্রবেশাধিকার পেলাম অলিম্পিকের সৌজন্যেই। সেটিও টি-শার্ট, জিন্স পরেই। পোশাকের কথা বলার কারণ আছে। বছর সাতেক আগে একবার এ কারণেই এখানে ঢুকতে পারিনি। লর্ডসের প্যাভিলিয়নে প্রবেশাধিকার পেতে স্যুট-টাই বাধ্যতামূলক। অলিম্পিকের মিডিয়া গাইডে আর্চারির ভেন্যু নির্দেশনায় তাই আলাদা করে উল্লেখ করা হয়েছে, লর্ডসের প্যাভিলিয়নের ড্রেস কোড এখানে প্রযোজ্য নয়।টেরাকোটা এই ভবনটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত ক্রীড়া স্থাপনা। রক্ষণশীলতার দুর্গও। ১৯৯৯ সালের আগে এখানে কোনো নারীর পা পড়েনি। কারণ, তখন পর্যন্ত নারীরা ছিলেন নিষিদ্ধ! অলিম্পিকের কল্যাণে সেই প্যাভিলিয়নে গত পরশু ইচ্ছামতো ঘুরে বেড়ালাম। ‘ইচ্ছামতো’ বলাটা অবশ্য ঠিক হলো না। ড্রেসিংরুমটা যে দেখা হলো না। সেখানে যাওয়ার ইচ্ছা ছিল অনার্স বোর্ডটা দেখতে। বিশ্বের আরও অনেক মাঠেই কীর্তিমানদের নাম লিখে রাখার এমন ব্যবস্থা আছে। তবে তার কোনোটাই লর্ডসের অনার্স বোর্ডের মতো বিখ্যাত নয়। ওই বোর্ডে নাম লেখানোর শর্ত, সেঞ্চুরি বা ইনিংসে পাঁচ উইকেট। দুই বছর আগে যা করে ওখানে স্থায়ী হয়ে গেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার তামিম ইকবাল ও শাহাদাত হোসেন।এমসিসির দুই সদস্যের সঙ্গে আলাপ হলো। ‘বাংলাদেশের সাংবাদিক’ শুনে দুজনই সমস্বরে বলে উঠলেন, তামিম ইকবাল! লর্ডসে বাংলাদেশের পরিচয় যেন এটাই। একজন ‘হি স্কোরড আ ফাস্ট সেঞ্চুরি’ বলার পর হেসে ফেললেন, ‘বাংলাদেশের ব্যাটসম্যানরা টেস্ট খেলে টি-টোয়েন্টির মতো।’এর আগে এখানে যাওয়া যাবে না-ওদিক দিয়ে যান এমন খবরদারি করেছেন। ক্রিকেটের প্রসঙ্গ আসায় দুজনই বন্ধুবৎসলতায় আক্রান্ত। অনার্স বোর্ডটা দেখতে চাওয়ার আবদারটাও অবশ্যই পূরণ করতেন বলে জানালেন। সেখানে আইওসির অ্যান্টি ডোপিং কার্যক্রম চলায় তা পারছেন না বলে বারবার দুঃখ প্রকাশ করলেন।লর্ডস প্যাভিলিয়নের সবচেয়ে বিখ্যাত রুমটি অবশ্য দেখা হলো। সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে লম্বাও—এ কারণেই কি নাম লং রুম! লম্বা সেই হলরুমের দেয়ালে ক্রিকেটারদের বড় তৈলচিত্র। নির্বাচনের মানদণ্ডটা অবশ্য বোঝা গেল না। শেন ওয়ার্ন ঠিক আছে, তাই বলে মাইকেল আথারটন-অ্যালেক স্টুয়ার্টও! বড় দু-তিনটি ছবি আছে লং রুমে বসে বিখ্যাত ক্রিকেটারদের আড্ডার। ফটোগ্রাফ নয়, সেসবও আঁকা। একটা ছবিতে ফ্রেড ট্রুম্যান, গডফ্রে ইভান্স আর অ্যালেক বেডসারকে চিনতে পারলাম।লর্ডস মানেই চারপাশে ছড়িয়ে থাকা ইতিহাস। এই লং রুমও সেই ইতিহাসের অংশ। এটি পেরিয়েই ব্যাটসম্যানরা ব্যাট করতে নামেন। ঘুরে ঘুরে দেখছি আর স্বপ্নাবিষ্ট লাগছে—জ্যাক হবস-ডন ব্র্যাডম্যানরাও তো এখান দিয়ে হেঁটে ব্যাট করতে নেমেছেন!লং রুমে ছবি তোলা নিষেধ বলে দিয়েছিলেন এমসিসির ওই দুই সদস্য। কোনো অর্থ হয়? চোর-চোর ভাব করে সঙ্গী সাংবাদিকের মুঠোফোনে একটা ছবি তুলেই ফেললাম। আবার কবে লং রুমে আসার সুযোগ হবে, কে জানে!