বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক মজিবর রহমান সরোয়ার। বরিশাল মহানগর বিএনপির সভাপতিও তিনি। একই সঙ্গে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক দলের সহসভাপতির দায়িত্বও তিনি পালন করছেন। এখানেই শেষ নয়, বরিশাল জেলা শ্রমিক দলের সভাপতির পদও তাঁর। দলের সব পদ যদি একজনের লাগে, তাহলে অন্যরা কী করবেন? বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এভাবেই সমালোচনা করলেন দলের বিভিন্ন পদে থাকা সরোয়ারের। বরিশালে বেশ কয়েক বছর ধরে জেলা ও মহানগর বিএনপি দুই ধারায় বিভক্ত। এক পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সরোয়ার, অন্য পক্ষে রয়েছেন সাবেক পৌর মেয়র, সিটি করপোরেশনের প্রথম মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় মৎস্যবিষয়ক সম্পাদক আহসান হাবিব কামাল।সরোয়ার ও কামালের মধ্যে প্রথম বিরোধ দেখা দেয় ২০০৩ সালে বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে। কামাল ওই সময় সিটি করপোরেশনের মেয়র। কিন্তু দল প্রার্থী হিসেবে সরোয়ারকে মনোনয়ন দেয়। ক্ষিপ্ত হয়ে কামালও নির্বাচনে অংশ নেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় কামালকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে তাঁকে দলে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। ২০০৮ সালে দলীয় প্রার্থী হিসেবে সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী করার আশ্বাসও দেওয়া হয়। কিন্তু বিএনপি ওই নির্বাচনে অংশ না নেওয়ায় কামাল এবারও দলের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেন। গত বছরের ১১ এপ্রিল দল তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে। এরপর প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পড়েন সরোয়ার এবং কামাল।গত বছরের ১২ মে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে খালেদা জিয়ার জনসভা শেষে মির্জা আব্বাসের উপস্থিতিতে সরোয়ার ও কামালপন্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এ নিয়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলাও করে। দলীয় সূত্রে জানা যায়, বরিশালের কোন্দল নিরসনে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান উদ্যোগ নিলেও তা ব্যর্থ হয়। গত ১৬ আগস্ট খালেদা জিয়া বরিশাল মহানগর কমিটি গঠন করতে সরোয়ার ও কামালকে নিয়ে বৈঠক করেন। কিন্তু দুজনই মহানগর সভাপতি পদের জন্য অনড় থাকায় বৈঠক ফলপ্রসূ হয়নি। চেয়ারপারসনের নির্দেশে কেন্দ্রীয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমানউল্লাহ আমান বরিশালের দুই প্রতিদ্বন্দ্বী সরোয়ার ও কামালকে নিয়ে কয়েক দফা বৈঠক করেন। তা-ও ব্যর্থ হয়। ঢাকায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও কমিটি গঠন নিয়ে দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সর্বশেষ ৯ মে রাতে কামালপন্থী নেতা কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজনকে কুপিয়ে জখম করা হয়। ওই ঘটনায় সরোয়ারকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়।জেলা মহিলা দলের সভানেত্রী বিলকিস জাহান প্রথম আলোকে বলেন, নেতৃত্ব নিয়ে দুই নেতার মধ্যে দ্বন্দ্ব রয়েছে। সব পদে একজন থাকবেন, এমন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজন অভিযোগ করেন, বরিশাল বিএনপি সরোয়ার ভাইয়ের হাতে জিম্মি। ফলে সরোয়ার শিবির ও কামাল শিবির সৃষ্টি হয়েছে। দলের বিভিন্ন সূত্র জানায়, নগরের সদর রোডে জেলা ও মহানগর বিএনপির নিজস্ব দ্বিতল কার্যালয় আছে। কিন্তু সেখানে তেমন কোনো দলীয় কার্যক্রম চোখে পড়ে না। নেতা-কর্মীরা সরোয়ার ও কামালনির্ভর হয়ে কর্মসূচিতে অংশ নেন। দলীয় কর্মসূচি ছাড়া ওই কার্যালয় খোলাও হয় না।জানতে চাইলে কামাল অভিযোগ করেন, ‘সরোয়ার স্বৈরাচারী কায়দায় দল পরিচালনা করছেন। তিনি দলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। সরোয়ার একাধিক পদে থাকায় দলের কার্যক্রম ব্যাহত হচ্ছে।’ জবাবে সরোয়ার প্রথম আলোকে বলেন, ‘আমি দলে পুরোনো লোক। আমার তো অনেক পদ থাকতেই পারে। কামাল দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন, তিনি থাকলে তিনিও অনেক পদ পেতেন।’ সরোয়ার দাবি করেন, বরিশাল বিএনপিতে বিভক্তি নেই। কামাল দলের মধ্যে বিভক্তি আনার চেষ্টা করছেন।