এত মৃত্যুর পরে কোনো দাবি পূরণ হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম বলেছেন, ‘পিলখানা হত্যাকাণ্ডের ক্ষতচিহ্ন আমাদের কাঁধে রয়েই যাবে। এই ঘটনা আমাদেরকে জাতির কাছে ছোট করে দিয়েছে।’ আজ বুধবার বেলা ১১টার দিকে পিলখানায় দরবার হলসংলগ্ন খোলা জায়গায় বিডিআরের বিশেষ দরবার শুরু হয়। এতে বক্তব্য দেন বিডিআরের মহাপরিচালক। মেজর জেনারেল মইনুল বলেন, ‘এত মৃত্যুর পরে কোনো দাবি পূরণ হয় না। সন্ত্রাস করে কেউ কখনো দাবি আদায় করতে পারে না। সেদিন সবাই ভুল করেছিল। তারা মনে করেছিল, বোকার রাজ্যে বাস করছি। হত্যা করে, লাশ গুম করে কেউ পার পেয়ে যাবে তা অসম্ভব।’গত ২৫ ফেব্রুয়ারির বিডিআর হত্যাকাণ্ডের প্রতি ঘৃণা প্রদর্শন করে আজ দিনব্যাপী অনাড়ম্বর কর্মসূচি পালনের ঘোষণা দেন মেজর জেনারেল মইনুল। বক্তব্য দেওয়ার পরে মহাপরিচালক চোরাচালান দমনে দক্ষতার জন্য সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ে পুরস্কার বিতরণ করেন। তিনি বলেন, গত বছরের ২৫ ফেব্রুয়ারিও একইভাবে দরবার শুরু হয়। সৈনিকেরা সেখানে ‘জাগো’ বলে দরবার হল ত্যাগ করে। তারা যদি সেদিন ওভাবে চলে না যেত তাহলে এ হত্যাকাণ্ড ঘটত না।বিডিআর বিদ্রোহ গণতান্ত্রিকভাবে দমন হয়েছে বলে উল্লেখ করেন মহাপরিচালক। বিডিআর বিদ্রোহের বিচার সম্পর্কে তিনি বলেন, ‘বিচার চলাকালে অনেকেই সত্য সাক্ষ্য দিয়েছেন। আমাদের একটাই কথা—শৃঙ্খলা ছাড়া কোনো গত্যন্তর নেই। বিডিআরের ভেতরে বসে জুয়াখেলা খেলবে, তা হবে না। এমন হলে তাকে জেলে পাঠিয়ে পরে বাড়ি পাঠানো হবে।’মহাপরিচালক আরও বলেন, বিদ্রোহে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পূরণ করতে বিডিআর ঘুরে দাঁড়াচ্ছে। সীমান্তের সাম্প্রতিক ঘটনায় বিডিআরকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। বিডিআর সঠিকভাবে দায়িত্ব পালন করছে বলে তিনি জানান। বিদ্রোহের পরে এই বাহিনীর অনেক অস্ত্র জব্দ অবস্থায় পড়ে আছে। এটা লজ্জার বলে মন্তব্য করেন তিনি। এগুলো নষ্ট হতে পারে বলে উত্কণ্ঠা প্রকাশ করেন মহাপরিচালক। বিডিআরের পদোন্নতি এক বছর বন্ধ থাকলেও আবার চালু করা হবে বলে জানান তিনি।