ডিএমপি কমিশনারের সংবাদ ব্রিফিং: অভিযানে মৃতের সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে
এত লোক মারা গেলে স্বজনেরা কোথায়?

শাপলা চত্বরে রোববার গভীর রাতের অভিযানে দুই-তিন হাজার লোক মারা গেলে তাদের মা-বাবা ও আত্মীয়রা কোথায়? এত লোক মারা গেলে তো লাখ লাখ স্বজন জমায়েত হওয়ার কথা। সাভারে ভবনধসের পর হাজার হাজার লোক সেখানে স্বজনদের খুঁজতে এসেছেন। তাহলে এ ঘটনায় এমন দাবি কেউ করল না কেন?শাপলা চত্বরে হতাহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তির জবাব দিতে গিয়ে এ প্রশ্ন ছুড়ে দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ। তিনি বলেন, হেফাজতের দুই-তিন হাজার লোক মারা গেছে বলে গুজব ছড়ানো হচ্ছে, তার কোনো ভিত্তি নেই।গতকাল বুধবার রাজধানীর মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করে ডিএমপি। র্যাব ও বিজিবির পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। শুরুতেই সেদিনের হেফাজতের ধ্বংসযজ্ঞ ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ভিডিওচিত্র দেখানো হয়।পুলিশ কমিশনার বলেন, হেফাজতের পরিকল্পনা ছিল কেন্দ্রীয় ব্যাংক লুট ও সচিবালয়ে আক্রমণ করা। রাতে যদি তাদের শাপলা চত্বর থেকে সরানো না হতো, তাহলে তারা তা-ই করত। তিনি বলেন, সংঘর্ষ ও অভিযানের ঘটনায় আর্মড পুলিশের ব্যাটালিয়নের এসআইসহ আটজন মারা গেছেন। অভিযানের পরে শাপলা চত্বরে হেফাজতের মঞ্চের পাশ থেকে কাফনের কাপড় ও পলিথিনে মোড়ানো অবস্থায় চারটি মৃতদেহ পাওয়া যায়। এ ছাড়া অভিযানের সময় আহত আরও তিনজন পরে মারা যান। আর হেফাজত একজন এসআইকে কুপিয়ে হত্যা করে তাঁর অস্ত্রটি কেড়ে নিয়ে যায়। তারা কর্তব্যরত পুলিশের সার্জেন্টকে ও বক চত্বর এলাকায় দুজন কনস্টেবলকে পিটিয়ে মারাত্মভাবে আহত করে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণের অভিযোগে ৬৫ জনকে আটক করা হয়।পুলিশ কমিশনার বলেন, ৫ মে হেফাজতে ইসলাম ঢাকায় অররোধ কর্মসূচি ঘোষণা করে। এর আগের দিন তারা শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি চায়। তারা একের পর এক অনুরোধে করে বলে, অবরোধ কর্মসূচি সংক্ষিপ্ত করে শান্তিপূর্ণভাবে সমাবেশ করা হবে। সেখানে আল্লামা শাহ আহমদ শফী মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ করবেন।বেনজীর আহমেদ বলেন, পুলিশের কাছে গোয়েন্দা তথ্য ছিল, তারা সমস্যা তৈরি করতে পারে। কিন্তু তারা শান্তিপূর্ণভাবে সমাবেশের অঙ্গীকার করায় অনুমতি দেওয়া হয়। অনুমতি পাওয়ার পর তারা রাজধানী শহরে ঢুকে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালাতে শুরু করে। পাথর, ইটের টুকরা, লাঠির সঙ্গে পেরেক যুক্ত করে, বোমা ও বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরকে ধ্বংসস্তূপে পরিণত করে। রাস্তার গাছ কেটে সড়ক বিভাজক ভেঙে ফেলে এগুলো দিয়ে সড়কে প্রতিবন্ধতা সৃষ্টি করা হয়। বাস, ব্যাংক, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দলের কার্যালয়, সরকারি পরিবহন পুল ও হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের গাড়ি, বায়তুল মোকাররম মসজিদের একাংশ এবং স্বর্ণের মার্কেটে আগুন ধরিয়ে দেয়। সোনার দোকান লুট করার চেষ্টা করে। ফুটপাতের অসহায় ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান জ্বালিয়ে উৎসব করে। রাস্তা, বৈদ্যুতিক লাইন ধ্বংস করে এবং ঢাকা স্টেডিয়ামেরও মারাত্মক ক্ষতি সাধন করে।
কমিশনার বলেন, হেফাজতের লোকজন পুলিশের উপকমিশনারের (ট্রাফিক-পূর্ব) কার্যালয়ে পরপর চারবার অগ্নিসংযোগ করে। তারা ওই কার্যালয়ের বাইরে থেকে তালা মেরে ভেতরে কর্তব্যরত পুলিশ সদস্যদের পুড়িয়ে মারার চেষ্টা করে। মতিঝিল, পল্টন থানায় হামলা ও একাধিক পুলিশ বক্স পুড়িয়ে দেয়।
কমিশনার আরও বলেন, লালবাগ মাদ্রাসায় অবস্থানরত আল্লামা আহমদ শফীর সঙ্গে সারা দিন যোগাযোগের চেষ্টা করা হয়। হেফাজতের অন্য নেতাদের মাধ্যমে শফীকে এসে সমাবেশ সমাপ্ত করার অনুরোধ করা হয়। তিনি ‘যাব-যাচ্ছি’ বলে কালক্ষেপণ করেন। সন্ধ্যার দিকে লালবাগের উপকমিশনারের গাড়িতে করে তাঁকে সমাবেশস্থলে নেওয়া হচ্ছিল। পলাশি পর্যন্ত এসে তিনি ফিরে যান। এরপর শাপলা চত্বর থেকে ঘোষণা দেওয়া হয়, হেফাজতের লোকজন রাতে সেখানেই অবস্থান করবেন।
বেনজীর বলেন, তাদের সরিয়ে দিতে ‘অপারেশন সিকিউর শাপলা’ নামে অভিযান চালানো হয়। এ অভিযানে ঢাকা মহানগর পুলিশ, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সম্মিলিতভাবে অংশ নেয়। এ অভিযানের লক্ষ্য ছিল, কোনো রকম প্রাণহানি ছাড়া হেফজাতকে শাপলা চত্বর থেকে সরিয়ে দেওয়া। এ জন্য সমাবেশের পূর্ব-উত্তরাংশে নিরাপত্তা বেষ্ঠনি গড়ে তোলা হয়। আর দক্ষিণ-পূর্ব অংশ খোলা (যাত্রাবাড়ী) রাখা হয়, যাতে তারা সহজে বেরিয়ে যেতে পারে। এ অভিযানে প্রাণঘাতি অস্ত্র ব্যবহার করা হয়নি। সাউন্ড গ্রেনেড, গ্যাস গ্রেনেড, স্মোক গ্রেনেড এবং রাবার বুলেট ব্যবহার করা হয়েছে। এতে কোনো প্রাণহানি হয় না। সারা দুনিয়ায় পুলিশ এসব ব্যবহার করে।
বেনজীর আহমেদ বলেন, রাত দুইটার পর অভিযান শুরু করে মাত্র ১০ মিনিটের মধ্যে শাপলা চত্বর খালি হয়ে যায়। গণমাধ্যমের উপস্থিতিতে অভিযান চালানো হয়েছে। দুটি টেলিভিশন চ্যানেল তা সরাসরি সম্প্রচার করেছে। এতে লুকোচুরির কিছু নেই। অভিযান দেখেছেন আশপাশের বাসা-বাড়ির লোকজনও। তাঁরা মোবাইল সেট দিয়ে ‘স্টিল’ ও ‘লাইভ’ ছবি তুলেছেন।
নাকশতা হতে পারে, এমন গোয়েন্দা তথ্য থাকার পরও কেন হেফাজতকে সমাবেশের অনুমতি দিলেন? অনুমতি দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল কি না। এ প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘হেফাজতে ইসলাম প্রতিশ্রুতি দিয়েছিল, তারা দোয়া করে চলে যাবে। তা ছাড়া গোয়েন্দা প্রতিবেদনে সুনির্দিষ্ট তথ্য ছিল না।
গোয়েন্দা তথ্য থাকলেও হেফাজতের অলিখিত-মৌখিক প্রতিশ্রুতি কেন বিশ্বাস করলেন? জবাবে পুলিশ কমিশনার বলেন, ‘আমাদের সংস্কৃতি হলো, ধর্মীয় নেতার কথাকে আমরা গুরুত্ব দেই ও বিশ্বাস করি। আমরা ধরে নিয়েছিলাম, তাঁরা ধ্বংসাত্মক কাজ করবেন না।’ হেফাজতের আমির আহমদ শফীকে কেন আসামি করা হয়নি। কমিশনারের জবাব, মামলা হয়েছে, তদন্ত চলছে।
সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার আবদুল জলিল, বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল ইয়াহিয়া আজম খান ও র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান।