এত সমর্থন কোনো দল পায় না!
মাঠ থেকে বের হয়ে অদ্ভুত একটা দৃশ্য দেখলাম পরশু রাতে। স্টেডিয়ামের বাইরে হাজার হাজার মানুষ। সংবাদ সম্মেলনে বলেছিলাম, বাংলাদেশের মতো এত সমর্থন আর কোনো দল পায় না। টিম বাসে বসে বাইরের দৃশ্য দেখে কথাটা নতুন করে মনে হয়েছিল।গ্যালারি থেকে রাস্তায় নেমে দর্শকেরা সব উৎসব করছিল। একেকজন একেকভাবে নাচছিল, কেউ গান গাচ্ছিল, অনেকে বাঁশি বাজাচ্ছিল। দু-একজনকে তো আলাদাভাবেই চোখে পড়ল আমাদের। একজন দেখলাম কেরোসিন মুখে নিয়ে আগুনের ফুলকি ছাড়ছে! বাস থেকে আমরাও তাদের অভিনন্দনের জবাব দিয়েছি।দর্শকদের উৎসবের কারণে মাঠ থেকে হোটেলে ফেরার রাস্তা বদলাতে হয়েছে আমাদের। বাংলাদেশের মানুষ ক্রিকেট-পাগল জানি, কিন্তু এতটা, আসলেই ভাবতে পারিনি আমরা। বাসের মধ্যে দলের সবার শুধু একটাই কথা ছিল, আয়ারল্যান্ডকে হারানোর পরই এই অবস্থা, বাংলাদেশ বিশ্বকাপ জিতলে তারা কী করবে?শুধু সাধারণ দর্শকেরা নয়, পরশুর ম্যাচের পর প্রধানমন্ত্রীও আমাদের অভিনন্দন জানিয়েছেন। খেলা শেষে বোর্ড সভাপতি এসেছিলেন ড্রেসিংরুমে। ওনার মোবাইল থেকেই কথা হলো প্রধানমন্ত্রীর সঙ্গে। আমার মাধ্যমে প্রধানমন্ত্রী দলের সবাইকে অভিনন্দন জানিয়েছেন, পরের ম্যাচগুলোর জন্য জানিয়েছেন শুভকামনা। ক্রিকেটের জন্য এসব অনুপ্রেরণা হয়ে কাজ করবে বলে আমার বিশ্বাস।২০৫ রান করার পরও আয়ারল্যান্ডের কাছে হেরে যাব মনে হয়নি কখনো। হ্যাঁ, একটা সময় আমরা ব্যাকফুটে চলে যাই। বুঝতে পারছিলাম, আমরা খুব একটা ভালো অবস্থায় নেই। তার পরও বিশ্বাস ছিল ভুল না করলে ম্যাচটা জিতব। সবার সেরাটা দিলে, সবার মধ্যে ভালো করার বিশ্বাসটা থাকলে জেতা সম্ভব।শফিউলের কথাটা আলাদা করেই বলব। ম্যাচের দুই দিন আগে কাঁধে ব্যথা পেলেও দুর্দান্ত বল করেছে সে। ভালো সুইং করাতে পেরেছে পরের স্পেলে। অবশ্য অনেকে তার সুইংকে রিভার্স সুইং ভাবছেন। আসলে তা নয়, তবে শফিউল খুব ভালো সুইং করিয়েছে।আশরাফুল ভাইয়ের বোলিংটাও খুব কাজে লাগল এদিন। ওনাকে আগেই বলে রেখেছিলাম বল করা লাগবে। যেন রেডি থাকেন। রিয়াদ ভাইকে (মাহমুদউল্লাহ) যখন ড্রপ করা হলো তখনই পরিকল্পনা ছিল রিয়াদ ভাইয়ের মতো উনিও ৬-৭ ওভার বোলিং করবেন। ওটা ধরেই দলে নেওয়া হয়েছিল আশরাফুল ভাইকে। আমাদের বিশ্বাস ছিল, তিনি ৬-৭ ওভার বল করার মতো সামর্থ্য রাখেন। বোলার হিসেবে ওনার সবচেয়ে বড় ক্ষমতা উনি ব্যাটসম্যানকে পড়তে পারেন। ওয়ানডেতে এটা খুব গুরুত্বপূর্ণ।দুই দিন বিশ্রামের পর কাল থেকে আবার অনুশীলন শুরু করব আমরা। পরের ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় ডোয়াইন ব্রাভো নেই ওয়েস্ট ইন্ডিজ দলে। তবে ব্রাভো না থাকলেও ওদের আর যারা আছে তারাও অনেক ভালো। তাদের কেউ দাঁড়িয়ে গেলেও আমাদের সমস্যা হবে। কাজেই ব্রাভো থাকলেও আমার মনে হয় না খুব বেশি পার্থক্য হবে। ও থাকলে হয়তো ওদের বোলিং শক্তিটা বাড়ত, ব্যাটিং বোধ হয় একই রকম থাকত। ওয়েস্ট ইন্ডিজ দলে ক্রিস গেইল আছে। ওর মতো ক্রিকেটার সব দলের জন্যই হুমকি, আমাদের জন্যও তাই। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ দলের অন্য অভিজ্ঞ ক্রিকেটারদের কথাও আমাদের ভাবতে হবে। ওদের দলটা একেবারে খারাপ না, যদিও দলে কিছুটা বোঝাপড়ার অভাব আছে বলে মনে হয়।ওয়েস্ট ইন্ডিজ দলটা কেমন সেটা অবশ্য আমাদের জন্য বড় বিবেচনার বিষয় নয়। আমাদের নিজেদের খেলাটাই খেলতে হবে আগে। সঙ্গে পুরো দেশের সমর্থন তো আছেই! এই দর্শকদের জন্যও বোধ হয় এবারের বিশ্বকাপের আমাদের স্মরণীয় কিছু করা দরকার।