এত সম্পদ সালামের!
রাজধানীর গুলশানে আড়াই হাজার বর্গফুটের ফ্ল্যাট ও তোপখানা রোডে প্রায় তিন হাজার বর্গফুটের বাণিজ্যিক ফ্ল্যাট, গোড়ানে ছয়তলা বাড়ি, সিরাজগঞ্জে একটি অটো রাইস মিল, ব্যাংকে দুই কোটি ৪০ লাখ টাকার স্থায়ী আমানত (এফডিআর)—এসবের মালিক বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) হিসাবরক্ষণ কর্মকর্তা আবদুস সালাম খানের স্ত্রী-পরিবার। ব্যাংকের ওই এফডিআর স্ত্রীর নামে।এসব সম্পদের উৎস বিআইডব্লিউটিএর চার হাজার কর্মচারীর ভবিষ্য-তহবিল ও গ্রুপ বিমা তহবিল। আবদুস সালাম ওই তহবিলের টাকা আত্মসাৎ করে এসব সম্পদ করেছেন। সহকর্মীদের ভবিষ্যতের অবলম্বন আত্মসাৎ করার কথা জিজ্ঞাসাবাদে স্বীকারও করেছেন তিনি। তিনি ১০ কোটি টাকা আত্মসাতের কথা জানালেও র্যাবের কর্মকর্তারা বলেছেন, এর পরিমাণ বেশি হতে পারে।আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে গতকাল বুধবার সালাম খানকে কারাগারে পাঠানো হয়েছে।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কর্মকর্তারা জানান, গত শুক্রবার র্যাব ও দুর্নীতি দমন কমিশন (দুদক) যৌথ অভিযান চালিয়ে তোপখানা রোডে নিজ কার্যালয় থেকে আবদুস সালামকে গ্রেপ্তার করে। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তিন দিনের রিমান্ডে আনা হয়। জিজ্ঞাসাবাদে তিনি অর্থ আত্মসাতের বিষয়ে বিভিন্ন তথ্য দেন। রিমান্ড শেষে গতকাল তাঁকে ঢাকা মহানগর হাকিম ইসমাইল হোসেনের আদালতে হাজির করা হলে তিনি জবানবন্দি দেন।র্যাবের কর্মকর্তারা জানান, বিআইডব্লিউটিএর প্রাথমিক তদন্তে অর্থ আত্মসাতের বিষয়টি প্রমাণিত হলে সালামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। রমনা থানায় তাঁর বিরুদ্ধে একটি প্রতারণার মামলা করা হয়। পরে মামলাটি দুদকে স্থানান্তর করা হয়। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য একটি দল গঠন করা হয়।র্যাবের কর্মকর্তারা আরও জানান, র্যাবের জিজ্ঞাসাবাদে সালাম জানিয়েছেন, তাঁর বাড়ি সিরাজগঞ্জে, পিতা মৃত শামসুল হক। ঢাকায় দক্ষিণ গোড়ানের ২৪ নম্বর রোডের একটি বাসায় স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বসবাস করেন। তিনি এসএসসি পাস করেননি। ১৯৭৬ সালে বিআইডব্লিউটিএতে টাইপিস্ট হিসেবে যোগ দেন। পদোন্নতি পেয়ে একপর্যায়ে হিসাবরক্ষণ কর্মকর্তা হন। ২০০৭ সালে তিনি বিআইডব্লিউটিএর চার হাজার কর্মচারীর ভবিষ্য-তহবিল দেখাশোনার দায়িত্ব পান। সালাম আরও জানান, ভবিষ্য-তহবিলের অর্থ ব্যাংক ড্রাফটের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে আসত। গ্রুপ বিমা তহবিলের অর্থ ব্যাংক ড্রাফটের মাধ্যমে সরাসরি তাঁর কাছে আসত। চালানের মাধ্যমে তিনি এসব ব্যাংক হিসাবে জমা করতেন। জমার রসিদ নিজের কাছে রাখতেন। একবার ভবিষ্য-তহবিলের ড্রাফট প্রধান কার্যালয়ে না গিয়ে ভুলে সরাসরি তাঁর কাছে আসে। তিনি ইচ্ছে করে তা ফেরত না দিয়ে গ্রুপ বিমা তহবিলের হিসাবে জমা দেন। তা জমা হওয়ায় তিনি এভাবে টাকা জমা দেওয়ার পরিকল্পনা করেন। একপর্যায়ে তিনি গ্রুপ বিমা তহবিলের অর্থ তোলার জন্য ব্যাংক থেকে চেক বই তোলেন। চেকে দুজন কর্মকর্তার সই জাল করে প্রথমে চার লাখ ১০ হাজার টাকা তোলেন। প্রতিষ্ঠানের চেক হওয়ায় কেউ এ নিয়ে সন্দেহ করেননি। এরপর তিনি অফিস সহকারী আবদুল কাদেরের কাছ থেকে ভবিষ্য-তহবিলের ড্রাফট এনে গ্রুপ বিমা তহবিলের হিসাবে জমা দিতে থাকেন। জমা দেওয়া এসব টাকা তুলে নেন। এভাবে ২০০৮ সালের মাঝামাঝি থেকে গত বছরের অক্টোবর পর্যন্ত তিনি ৩০টি ব্যাংক ড্রাফটের দেড় কোটি টাকা তুলেছেন।র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে সালাম আরও জানিয়েছেন, ভবিষ্য-তহবিলের সঞ্চয়পত্রের হিসাব তাঁর কাছে এবং সঞ্চয়পত্র থাকত অন্য একজনের দায়িত্বে। গত বছরের মার্চে তিনি জানতে পারেন, ভবিষ্য-তহবিলের আড়াই কোটি টাকার সঞ্চয়পত্র মেয়াদ শেষে চার কোটি টাকা হয়েছে। ওই টাকা তিনি বিমা তহবিলের হিসাবে জমা করেন। এভাবে বিভিন্ন অঙ্কের আরও ৩৪টি সঞ্চয়পত্র তিনি সংগ্রহ করে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ভাঙান। এ জন্য ভুয়া রেজুলেশনও জমা দেন। এসব সঞ্চয়পত্র থেকে তিনি চার কোটি ৫২ লাখ টাকা সংগ্রহ করেন। এই টাকা দিয়ে তিনি কিছু সম্পদ করেছেন। তবে তাঁর ব্যবহার করা গাড়ি দুটি কিনেছেন ব্যাংক থেকে ঋণ নিয়ে।এসব বিষয়ে জানতে চাইলে র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে সালামের দেওয়া তথ্য যাচাই করে দেখা হচ্ছে।