এতিমদের জন্য ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর নাম-পরিচয় কেউ জানে না। কেউ তাঁকে দেখেওনি কখনো। প্রায় ১৮ বছর ধরে পুরো রমজান মাসে এতিমদের ইফতারি দেন তিনি। এবারও দিচ্ছেন। নিজেকে প্রকাশ করতে অনিচ্ছুক এই ব্যক্তি ইফতারি পাঠান লোকমারফত। গতকাল বিকেল পৌনে পাঁচটায় ইফতারি নিয়ে হাজির তাঁর প্রতিনিধি। বুঝিয়ে দিয়ে চলেও গেলেন লোকটি। ১৮ বছরের পুরোনো রেওয়াজ, তাই বোধ হয় এ বিষয়ে জানার কৌতূহলও মরে গেছে ওদের।এ ঘটনা রাজধানীর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার। বাবা-মা হারানো সমাজের নিঃস্ব, বিপন্ন, অসহায় ছেলেমেয়েরা সেখানে থাকে। পড়াশোনা করে। সেই এতিম ছেলেমেয়েদের জন্য পবিত্র রমজান মাসে বিত্তবান এক সুহূদের এই দরদ।স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার হিসাব সহকারী মো. সালেহ ইসলাম বলেন, ‘প্রায় ২০ বছর ধরে এখানে চাকরি করছি আমি। চাকরির কিছুদিন পর থেকেই দেখছি অচেনা এই মানুষটি ইফতারি দিচ্ছেন। কিন্তু আমরা তাঁর নাম, পরিচয় জানি না। শুনেছি, তিনি কাউকে জানাতেও চান না।’ শতাব্দীর প্রাচীন এই এতিমখানা নিজস্ব উৎস এবং নাম জানা-অজানা সমাজহিতৈষী ব্যক্তিদের সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে। বর্তমানে সাড়ে তিন শর মতো এতিম ছেলেমেয়ে পড়াশোনা করছে এতিমখানার ফরিদউদ্দিন সিদ্দিকী উচ্চবিদ্যালয়, স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা জুনিয়র গার্লস হাইস্কুল ও গোর-ই-শহীদ মাদ্রাসায়। চলতি রমজান মাসে এখানে আছে ২৪৯ জন ছেলেমেয়ে, যাদের বয়স সাত বছর থেকে ১৮ বছরের মধ্যে। সন্ধ্যা ছয়টার মধ্যে এতিমখানার তদারক কর্মকর্তা-কর্মচারীরা ‘বয়েজ হোম’, ‘গার্লস হোম’, ‘শিশুসদন’ এবং ‘মাদ্রাসা নিবাসে’ ইফতারি পাঠিয়ে দেন আলাদা করে। সেখানে সবাই একসঙ্গে বসে ইফতার করে।পুরান ঢাকার ওই অচেনা ব্যক্তির মতো বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এতিমদের ইফতারি ও খাবার সরবরাহ করেন। যেদিন কোনো প্রতিষ্ঠান এতিখানায় ইফতারি দিতে চায়, কর্তৃপক্ষ আগেভাগে অচেনা ওই লোকটির প্রতিনিধিকে জানিয়ে দেয় সেদিনকার ইফতারি সরবরাহ বন্ধ রাখতে। যেমন—সারা সিদ্দিকী নামের এক ব্যক্তি আজ বৃহস্পতিবার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ৩১ জুলাই ও ৭ আগস্ট বাংলালিংক ইফতারি সরবরাহের কথা জানিয়েছে কর্তৃপক্ষকে। স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, প্রতিদিন ইফতারে লেবুর শরবত, খেজুর, ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি ও শসা দেওয়া হয়। মাঝে মধ্যে কলা, মাল্টা ও জিলাপি দেওয়া হয়। অচেনা লোকটি প্রতিদিন খেজুর, ছোলা, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ ও শিঙাড়া পাঠান।এতিমখানার খাদ্য বিভাগের ইনচার্জ মো. শাহজাহান আলী প্রথম আলোকে বলেন, এটি সমাজসেবা অধিদপ্তরের একটি নিবন্ধিত প্রতিষ্ঠান। অথচ সরকারের পক্ষ থেকে রমজানে এখানে কোনো অনুদান আসে না। তিনি দাবি করেন, অচেনা ব্যক্তির দেওয়া ইফতারি আড়াই শ ছেলেমেয়ের জন্য পর্যাপ্ত নয়। বাকি ঘাটতিটুকু তাঁদেরই পূরণ করতে হয়। ছয় বছরের শিশু মো. আরিফ এতিমখানায় এসেছে দুই মাস আগে সাভার থেকে। তার বাবা মারা গেছে। আরিফ প্রথম শ্রেণীতে পড়ছে। আর রাঙামাটির বরকল থানা থেকে আসা মো. নবী হোসেন পড়ছে সপ্তম শ্রেণীতে। বাবা-মা কেউ-ই নেই তার। ইফতার, খাওয়াদাওয়া কেমন লাগে জানতে চাইলে আরিফ ও নবী দুজনেই জানায়, ‘ভালো’।স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা একটি ঐতিহ্যবাহী বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। ১৯০৯ সালে ঢাকার তদানীন্তন নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুর তাঁর বাসভবনে ইসলামী এতিমখানা নামের একটি মুসলিম অনাথ আশ্রম প্রতিষ্ঠা করেন। ১৯১৪ সালে নবাব বাহাদুরের মৃত্যুর পর এতিমখানাটি স্থানান্তর করা হয় লালবাগের একটি ভাড়াবাড়িতে। ১৯১৭ সালে এতিমখানাটি বর্তমান ঠিকানা ৪৮, আজিমপুরে স্থানান্তর করা হয়। ১৯২৩ সালে নবাব হাবিবুল্লাহ এর সভাপতি হন। তখন এর নামকরণ করা হয় স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা। সমাজের অসহায়, বিপন্ন, এতিম ছেলেমেয়েদের যাবতীয় ভরণপোষণ করে পড়াশোনা শিখিয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সলিমুল্লাহ মুসলিম এতিমখানা। সমাজহিতৈষী ব্যক্তিদের সহানুভূতিনির্ভর এ প্রতিষ্ঠান। তাই পবিত্র এই রমজান মাসসহ বিভিন্ন সময়ে জাকাত, ফিতরা, সদকা, কাফফারা ও দান-অনুদানের টাকা দিয়ে সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।