এতিমের সম্পদ আত্মসাৎকারীর বিচার হবেই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যত ষড়যন্ত্রই হোক না কেন, এতিমের সম্পদ আত্মসাৎকারী, দুর্নীতিবাজ, বিদেশে অর্থ পাচারকারী ও যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশে হবেই। কোনো ষড়যন্ত্রই বিচারের হাত থেকে এদের রক্ষা করতে পারবে না।আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত্বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর আওয়ামী লীগ এ স্মরণসভার আয়োজন করে।শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে, সংবিধান থেকে অবৈধ পঞ্চম সংশোধনী বাতিল করে আদালত মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করেছেন। এ জন্যই বিরোধীদলীয় নেতার আদালতের প্রতি এত ক্ষোভ। তিনি বলেন, ‘বিরোধী দলের নেতা সংসদ মানেন না, সংবিধান মানেন না, উচ্চ আদালতের রায় মানেন না। তাহলে তিনি মানেনটা কী, আর চানই বা কী?’ তিনি বলেন, একটি দেশে কাউকে স্বেচ্ছাচারিতা চালাতে দেওয়া যায় না।প্রধানমন্ত্রী সম্প্রতি বিএনপির সমর্থক আইনজীবীদের উচ্চ আদালতে বিশৃঙ্খলার ঘটনার কথা উল্লেখ করে বলেন, আদালতের বিরুদ্ধে ক্ষোভ নতুন কিছু নয়। সংসদকে তারা অপমানিত করেছে, স্পিকারের ওপর হামলা করেছে, টেলিভিশন-ক্যামেরা ভেঙেছে।গ্যাস, বিদ্যুৎ, পানি, যানজট সমস্যার সমাধানে সরকারের সফলতার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, সরকারের সাফল্যকে নস্যাৎ করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। ইচ্ছাকৃতভাবে ইফতার ও সেহরির সময় লোডশেডিং এবং জেনারেটর চালিয়ে পানি সরবরাহের চাবি বন্ধ রেখে পানি সংকট সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। এর বিরুদ্ধে অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।বিদ্যুৎসমস্যা সমাধানে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘মাত্র আড়াই বছরে আমরা প্রায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযোগ করেছি। অথচ বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এবং তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে এক মেগাওয়াটও বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। বরং জোট সরকারের আমলে ৪৩০০ মেগাওয়াট থেকে বিদ্যুৎ উৎপাদন নেমে এসেছিল ৩১০০ মেগাওয়াটে। তিনি বলেন, এখন দেশে পাঁচ হাজার মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ। বাসস।